
মেঘলা বা বৃষ্টির দিন হলেও অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। কারণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, মেঘলা দিনে প্রায় ৮০ শতাংশ ইউভি রশ্মি হালকা মেঘের আস্তরণ ভেদ করে ত্বকে পৌঁছাতে পারে। বিকেল ৫টার পর সানবার্ন হওয়ার ঝুঁকি কম থাকে। এ সময় ইউভিবি রশ্মি তেমন সক্রিয় থাকে না।
সানবার্নের জন্য দায়ী মূলত ইউভিবি রশ্মি। তবু এ সময় সানস্ক্রিন ব্যবহার করা উচিত, এর প্রধান কারণ হচ্ছে সূর্য অস্ত যাওয়ার আগপর্যন্ত ইউভি রশ্মির উপস্থিতি থাকে, যা ত্বকের বয়স বৃদ্ধির পাশাপাশি ক্যানসারের ঝুঁকিও বাড়ায়।

এমনকি সকালেও সানস্ক্রিন ব্যবহার করা উচিত। যদিও সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সূর্যের আলোয় ইউভিবি রশ্মির উপস্থিতি সবচেয়ে বেশি থাকে। পক্ষান্তরে সকাল ও বিকেলে সূর্যের আলোয় ইউভিএ রশ্মির উপস্থিতি বেশি থাকে।
ইউভিবির তুলনায় ইউভিএ ত্বকের ক্ষতি কিছুটা কম করলেও এই দুই সময়ও সানস্ক্রিন ব্যবহার করতে হবে। বিশেষত গ্রীষ্মকালে দিনের বেলা বাইরে গেলে সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করা উচিত।
এমনকি জানালা বা কাচের দেয়ালে ঘেরা ঘরে দীর্ঘক্ষণ থাকলে সানস্ক্রিন ব্যবহার করা উচিত। কারণ, ইউভিএ রশ্মি কাচ ভেদ করে ত্বকে পৌঁছাতে পারে।
গাড়িতে থাকার সময়ও এর প্রয়োজনীয়তা রয়েছে। যদিও গাড়ির উইন্ডশিল্ড প্রায় সব ইউভিবি রশ্মি এবং ৯৮ শতাংশ ইউভিএ রশ্মি আটকায়, তবু গাড়ির পাশের জানালা ও পেছনের জানালার কাচের মধ্য দিয়ে প্রায় ৭৯ শতাংশ ক্ষতিকর ইউভিএ রশ্মি ঢুকতে পারে।

সানস্ক্রিন ছাড়াও সূর্যের রশ্মি থেকে নিরাপদ থাকতে আরও কিছু পদ্ধতি আছে। ইউভি প্রতিরোধক পোশাক, প্রশস্ত-প্রান্তের টুপি ও সানগ্লাস পরিধানও আপনাকে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করতে পারে।
প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার ত্বককে সুরক্ষিত রাখতে সাহায্য করে, এমনকি অল্প সময়ের জন্যও বাইরে গেলেও তা প্রয়োজন। বেশির ভাগ মানুষ যে দীর্ঘক্ষণ সূর্যের নিচে বসে সানস্ক্রিন ছাড়াই ত্বকের ক্ষতি করে তা নয়; বরং তাঁরা বাড়ি থেকে বের হয়ে ছোট ছোট কাজ করতে গিয়ে সানস্ক্রিনের প্রয়োজনীয়তা বুঝতে পারেন না।

তাই প্রতিদিন সকালে সানস্ক্রিন লাগানোর অভ্যাস করা উচিত যেন সেটা দৈনন্দিন রুটিনের অংশ হয়ে যায়, ঠিক দাঁত মাজার মতো। তাহলে তখন আর আবহাওয়া কিংবা দৈনন্দিন কর্মকাণ্ডের ওপর নির্ভরশীল হতে হবে না।
মনে রাখতে হবে, সূর্যের তাপ আমাদের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় হলেও এর ক্ষতিকর ইউভি রশ্মি ত্বকের জন্য মারাত্মক হতে পারে। সানস্ক্রিনের নিয়মিত ব্যবহার এবং অন্যান্য সুরক্ষা পদ্ধতি গ্রহণ করে আমরা সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে সুরক্ষিত রাখতে পারি। তাই বাইরে যাওয়ার সময় শুধু আবহাওয়ার দিকে না তাকিয়ে, সুরক্ষার জন্য সানস্ক্রিন ব্যবহার করার অভ্যাস গড়ে তুলতে হবে।
ছবি: পেকজেলসডটকম