
সৌন্দর্য মানেই নিখুঁত চেহারা—তারকাদের ক্ষেত্রে এমন প্রত্যাশা যেন আরও বেশি। কিন্তু সময়ের সঙ্গে মানুষের শরীর ও ত্বকে পরিবর্তন আসা স্বাভাবিক। মা হওয়ার পর সেই পরিবর্তনই নিজের সৌন্দর্যভাবনাকে নতুন করে দেখার সুযোগ দিয়েছে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে। এখন শুধু দেখতে কেমন লাগছে, তার চেয়ে নিজের মধ্যে কেমন অনুভব করছেন, সেটিকেই বেশি গুরুত্ব দেন তিনি।
সম্প্রতি ‘দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে সন্তান জন্মের পর ত্বকের পরিবর্তন, সৌন্দর্য নিয়ে নিজের ভাবনা ও সুস্থ থাকার অভ্যাস নিয়ে কথা বলেছেন ক্যাটরিনা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর চেহারা নিয়ে নানা মন্তব্যের মধ্যেই তাঁর এই বক্তব্য সামনে এসেছে।
এখানে ৬টি পয়েন্টে তিনি যে আত্মবিশ্বাসী জবাব ও সোজাসাপ্টা বক্তব্য দিয়েন, তার চুম্বক অংশ তুলে ধরা হলো:
সন্তান জন্মের পর আরও সংবেদনশীল হয়ে ওঠে ত্বক
২০২৫ সালের নভেম্বরে ছেলে ভিহানের জন্মের পর ক্যাটরিনার ত্বক আগের তুলনায় আরও সংবেদনশীল হয়ে উঠেছে বলে তিনি জানান। ফলে ত্বকের যত্নের রুটিনেও পরিবর্তন আনতে হয়েছে তাঁকে।

এখন ত্বককে সুস্থ রাখে ও পুনরুদ্ধারে সহায়তা করে, এমন পণ্যের ওপর বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। তিনি বলেন, সন্তান জন্মের পর শরীরে নানা ধরনের পরিবর্তন আসতে পারে। ত্বকের ক্ষেত্রেও তার প্রভাব পড়া অস্বাভাবিক নয়। ক্যাটরিনার অভিজ্ঞতাও সেই স্বাভাবিক পরিবর্তনেরই অংশ।
বদলেছে সৌন্দর্যের সংজ্ঞা
ক্যারিয়ারের শুরুর দিকে মডেলিং ও অভিনয়ের সময়কার চেহারার সঙ্গে বর্তমান নিজেকে তুলনা করতে চান না ক্যাটরিনা। তাঁর কাছে এখন সুন্দর দেখানোর অর্থ নিজের সবচেয়ে ভালো অবস্থায় থাকা।

বয়স, মাতৃত্ব কিংবা সময়ের সঙ্গে শরীরে যে পরিবর্তন আসে, তা মেনে নিয়েই নিজের যত্ন নেওয়াকে গুরুত্ব দিচ্ছেন তিনি। অর্থাৎ সৌন্দর্য ধরে রাখার জন্য আগের চেহারায় ফিরে যাওয়ার চেষ্টা নয়, বরং বর্তমান শরীর ও মনকে ভালো রাখাই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ।
সৌন্দর্যচর্চায় সুস্থতার ওপর জোর
ক্যাটরিনার সৌন্দর্যচর্চার ধারণা শুধু প্রসাধনী বা ত্বকের পণ্যে সীমাবদ্ধ নয়। স্বাস্থ্যকর খাবার খাওয়া, শরীর সক্রিয় রাখা, ধ্যান করা, সকালে প্রাকৃতিক আলোয় কিছুটা সময় কাটানো এবং ডিজিটাল ডিভাইস থেকে দূরে থাকার মতো অভ্যাসকে গুরুত্ব দেন তিনি।

তাঁর এই দৃষ্টিভঙ্গিতে সৌন্দর্য ও সুস্থতা একে অপরের সঙ্গে যুক্ত। অর্থাৎ বাইরে থেকে সুন্দর দেখানোর পাশাপাশি ভেতর থেকে ভালো থাকাও তাঁর কাছে সমান গুরুত্বপূর্ণ।
শরীর নিয়ে কটাক্ষের মুখে কী ভাবছেন তিনি
ক্যাটরিনার এই বক্তব্যের সময়টিও তাৎপর্যপূর্ণ। স্বামী ভিকি কৌশলের সঙ্গে আম্বানিদের গণেশ পূজার অনুষ্ঠানের আয়োজনে হাজির হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর চেহারা ও শরীর নিয়ে নানা মন্তব্য দেখা যায়।

কিছু মন্তব্য ছিল সরাসরি শরীর নিয়ে কটাক্ষ। এ ঘটনায় ক্যাটরিনার পাশে দাঁড়িয়েছেন অন্য তারকারা। অনেকেই প্রকাশ্যে তাঁর সমর্থনে কথা বলেছেন ও সমালোচকদেরই কড়া সমালোচনা করেছেন। তারকাদের চেহারা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য করা কতটা সহজ হয়ে গেছে, এই ঘটনাটি সেটিও আবার সামনে এনেছে।
ক্যারিয়ার নিয়ে ভাবনা
মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন ক্যাটরিনা। পরে বলিউডে নিজের জায়গা তৈরি করেন। দীর্ঘ ক্যারিয়ারে তাঁর সৌন্দর্য ও ফ্যাশন নিয়ে বরাবরই আলোচনা হয়েছে। ফলে চেহারায় সামান্য পরিবর্তনও সহজেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয় হয়ে ওঠে।

কিন্তু ক্যাটরিনার সাম্প্রতিক বক্তব্যে উঠে এসেছে অন্য এক বার্তা; তিনি জোর দিয়ে বলছেন, সময় ও মাতৃত্বের সঙ্গে নিজের শরীরে যে পরিবর্তন আসে, তা অস্বাভাবিক কিছু নয়। আর সেটি তাঁর ক্যারিয়ারের জন্য মোটেও ক্ষতিকর ভাবছেন না তিনি। কারণ এই পুরো ব্যাপারটিই তাঁর নিজের চয়েস।
প্রসাধনীর ব্যবসায় বাজিমাত
অভিনয়ের পাশাপাশি প্রসাধনীর ব্যবসাতেও সক্রিয় ক্যাটরিনা। তাঁর ব্র্যান্ড ‘কে বিউটি’ সম্প্রতি স্কিনকেয়ার পণ্য নিয়ে খুব ভালো কাজ করছে ও তুমুল ব্যবসা করছে। ২০২৬ অর্থবছরে ব্র্যান্ডটির বিক্রয় বা মোট পণ্য বিক্রয়মূল্য প্রায় ৩৫০ থেকে ৩৮০ কোটি রুপিতে পৌঁছেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাই সেই কে বিউটিরই কর্ণধারের বিউটি স্ট্যান্ডার্ড নিয়ে নানা জনের আলগা মন্তব্যে তিনি বিচলিত হন না।

সব মিলিয়ে ক্যাটরিনার সৌন্দর্যভাবনায় এখন বড় জায়গা করে নিয়েছে স্বস্তি ও সুস্থতা। মা হওয়ার পর শরীর ও ত্বকের পরিবর্তনকে লুকিয়ে রাখার বদলে তা বুঝে নিজের যত্ন নেওয়ার কথাই বলছেন তিনি। সৌন্দর্যের প্রচলিত ধারণার বাইরে গিয়ে নিজের বর্তমান সত্তাকে গ্রহণ করার এই বার্তাই তাঁর সাম্প্রতিক বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক।
সূত্র: মানি কন্ট্রোল, ইন্সটাগ্রাম
ছবি: ইন্সটাগ্রাম