

এ সানস্ক্রিনগুলো হিউমেনরেস টিমের প্রায় দুই বছরের গবেষণার ফল। এ নিয়ে ফ্যারেল উইলিয়ামস বলেন, ‘আমি জীবনের বেশির ভাগ সময় ত্বকের যত্নে শুধু ক্লিনজার, এক্সফোলিয়েটর, ময়েশ্চারাইজার ব্যবহারের প্রতি মনোযোগ দিয়েছি। কিন্তু যখন থেকে আমার ব্র্যান্ড নতুন সানকেয়ার প্রোডাক্ট নিয়ে গবেষণা শুরু করল, তখন থেকে নিজেকে সানস্ক্রিন ব্যবহার করতে বাধ্য করলাম।’ তিনি আরও বলেন, ‘দিন দিন ত্বকের ক্যানসারে আক্রান্তের হার বৃদ্ধি পাচ্ছে। তাই আমাদের প্রতিদিনই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। এটি সবার দৈনন্দিন রুটিনের অংশ হওয়া উচিত।’
হিউমেনরেসের নতুন ফিজিক্যাল সানস্ক্রিনগুলো ১০০ শতাংশ খনিজ জিংক অক্সাইড থেকে তৈরি। এ ছাড়া এগুলো প্রবালবান্ধব, নিষ্ঠুরতামুক্ত এবং পাওয়া যাচ্ছে রিফিলেবল বোতলে। অন্যান্য ফিজিক্যাল সানস্ক্রিনের মতো এই সানস্ক্রিনগুলো কোনো প্রকারের হোয়াইট কাস্ট দেয় না। জিংক অক্সাইড ছাড়াও এগুলোতে প্রধান উপাদান হিসেবে রয়েছে, স্নো মাশরুমের নির্যাস, অ্যালোভেরা ও স্কুয়ালেন। অর্থাৎ সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে ত্বক বাঁচানোর পাশাপাশি সানস্ক্রিন দুটি ত্বকের আর্দ্রতা বজায় রাখতে বেশ সহায়ক।