
বর্তমানে সারা বিশ্বে মেকআপ ব্র্যান্ডের মধ্যে অন্যতম শীর্ষ অবস্থানে আছে রেয়ার বিউটি। বিখ্যাত সংগীতশিল্পী সেলিনা গোমেজের এই মেকআপ ব্র্যান্ডটির বয়স মাত্র দুই বছর। এরই মধ্যে অসংখ্য মেকআপপ্রিয় মানুষের মন জয় করে ফেলেছে এই লেবেলের অসাধারণ সব প্রোডাক্ট। বিখ্যাত অনেক তারকা ও বিউটি ইনফ্লুয়েন্সারদের প্রায়ই এই ১০০ শতাংশ ভিগান ও অ্যানিমেল ক্রুয়েলটি বিবর্জিত ব্র্যান্ডটির প্রচারণা চালাতে দেখা যায়। সম্প্রতি একটি নতুন টিকটক ভিডিওতে সেলিনা গোমেজ ঘোষণা করেছেন, নতুন লিপ প্রোডাক্ট আনতে চলেছে রেয়ার বিউটি। লাইনটির নাম রাখা হয়েছে কাইন্ড ওয়ার্ডস। এতে থাকছে ১০টি শেডের ম্যাট লিপস্টিক ও লিপলাইনার।

সেলিনা গোমেজ হারপারস বাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি সব সময় ক্ল্যাসিক লিপস্টিক তৈরি করতে চেয়েছিলাম, যা ব্যবহার করা সুবিধাজনক। এর প্রতিটি শেডই বেশ মানিয়ে যায় প্রতিদিনকার সাজপোশাকের সঙ্গে। নতুন এই লিপস্টিকগুলোর পিগমেন্ট অনেক বেশি গাঢ় এবং নন-ড্রাই ফর্মুলা মেনে তৈরি। ঠোঁটে লাগানোর পরে ঠোঁট খুব নরম ও কোমল থাকে।

এক সোয়াচেই খুব সহজে লাগিয়ে নেওয়া যায়। প্রায় এক বছর ধরে সেলিনা গোমেজ নিজেই এই লিপস্টিক ও লিপ লাইনারগুলো ব্যবহার করে এর গুণগত মান নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন। আসছে ৭ জুলাই থেকে নতুন লিপ প্রোডাক্টগুলো রেয়ার বিউটির ওয়েবসাইটে পাওয়া যাবে।