
ভোগ ইউএসের মে সংখ্যার প্রচ্ছদে দেখা যাবে সংগীতশিল্পী, উদ্যোক্তা ও বিলিয়নিয়ার রিয়ানাকে। ইন্টারনেট এখন সেই হাই ফ্যাশন ম্যাটারনিটি ফটোশুটের ছবিতে সয়লাব। অ্যানি লিবোভিৎজের ফটোশুটে পারিসিয়ান হোটেলের একটি স্যুটে তাঁকে নানা স্টাইলিশ লুকে পোজ দিতে দেখা যায়। ছবিগুলো প্যারিস ফ্যাশন উইকের সময়ে তোলা।

এ বছরের শুরুতেই রিয়ানার অন্তঃসত্ত্বা হওয়ার খবর আসে। এর পর থেকে তাঁকে নিয়ে তাঁর ফ্যাশনসচেতন ভক্তদের মধ্যে আগ্রহের পারদ বাড়তে থাকে। রিয়ানা অবশ্য তাঁদের নিরাশ করেননি। সেই ধারাবাহিকতায় ফ্যাশন আইকন রিয়ানা ম্যাটারনিটি ফ্যাশনকে এক অন্য মাত্রায় নিয়ে গেছেন।
ভোগের কভার ফটোতে রিয়ানাকে আলাইয়ার লাল লেইসের একটি অসাধারণ ক্যাটস্যুট ও গ্লাভস, লাল রঙের পাম্প ও শোফারড ইয়াররিঙ্গে দেখা যায়। এই ফটোশুটের জন্য তিনি আরও পরেন জ্যঁ পল গতিয়ের হট কতুর বাই গ্লেন মারটেন্স ড্রেস, রিক ওয়েনসের জ্যাকেট ও স্কার্ট, মার্ক জ্যাকবের লং কোট, মানহোলো ব্লানিক হিল এবং অবশ্যই তাঁর ব্র্যান্ড শ্যাভেজ এক্স ফেন্টির অন্তর্বাস। ভোগের এই ছবিগুলো ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে।

অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও রিয়ানার আপসহীন স্টাইলিং বেশ অনুপ্রেরণাদায়ক। ভোগের কভার স্টোরির সাক্ষাৎকারে এই ফ্যাশন কুইন বলেন, ‘যখন আমি জানতে পারলাম যে আমি গর্ভবতী, তখন আমি মনে মনে ভাবলাম আমি কোনোভাবেই ম্যাটারনিটি আইল থেকে কিছু কিনছি না। পোশাক পরা আমার কাছে খুবই আনন্দদায়ক। আমার শরীরে পরিবর্তন হচ্ছে দেখে সেই আনন্দ থেকে আমি বঞ্চিত হতে পারি না।’
ভোগের কভারে এবারই প্রথম রিয়ানাকে দেখা যাচ্ছে না। তিনি প্রথম ভোগ সাময়িকীর প্রচ্ছদকন্যা হন ২০১১ সালে। ম্যাডোনার পর রিয়ানাই দ্বিতীয় সংগীতশিল্পী যিনি ‘দ্য বিগ ফোর’-এর মর্যাদা পেয়েছেন। এই টার্ম তখনই ব্যবহার করা হয়, যখন কোনো মডেল ভোগ ইউএস, ব্রিটিশ ভোগ, ভোগ প্যারিস ও ভোগ ইতালিয়ার কভার গার্ল হন।

একে ফ্যাশনশিল্পের সবচেয়ে বড় অর্জনগুলোর মধ্যে একটি বিবেচনা করা হয়। চারটি ভোগ ছাড়াও রিয়ানাকে ভোগ ব্রাজিল, ভোগ অ্যারাবিয়া, ভোগ হংকংয়ের প্রচ্ছদে দেখা গেছে।
ছবি: রিয়ানার ইন্টাগ্রাম হ্যন্ডল