
খাবি লামেকে চেনে না এমন মানুষ মনে হয় খুব একটা নেই। সবাক যুগের এই নির্বাক তারকার টিকটকে ১৪১ মিলিয়ন ও ইনস্টাগ্রামে ৭৮ মিলিয়নের বেশি অনুসারী। এমনকি ফুটবল আইকন লিওনেল মেসিও তাঁর অনুসারী ও বিশাল ভক্ত। সেই খাবি লামে এবার পা রেখেছেন ফ্যাশনের দুনিয়ায়।

সম্প্রতি টিকটকের এই রাজকুমার জার্মান লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড হুগো বসের সঙ্গে নিয়ে এসেছেন তাঁর প্রথম ক্যাপসুল কালেকশন। নাম দ্য বস X খাবি। ১৭ জুন মিলানে সান বাবিলাতে বিশাল পার্টির মধ্য দিয়ে ক্যাপসুল কালেকশনটি লঞ্চ করা হবে। এই প্রচারণাকে বলা হচ্ছে #BeYourOwnBOSS
খাবি লামের এই নতুন সংগ্রহে রয়েছে ভার্সিটি জ্যাকেট ও হুডি। তবে এই কালেকশনের সবচেয়ে বড় আকর্ষণ হলো—খাবি লামের আদলে তৈরি ছোট পুতুল বা অ্যাকশন ফিগার। এই পুতুল যাতে পোশাকের অনুষঙ্গ হিসেবে ব্যবহার করা যায়, সেভাবেই ডিজাইন করা হয়েছে। এ নিয়ে খাবি লামে বলেন, ‘যখন ছোট ছিলাম, তখন আমার কাছে ড্রাগন বল জির বিখ্যাত চরিত্র ভেজিটার অ্যাকশন ফিগার ছিল, এবং আমি বছরের পর বছর বিভিন্ন ধরনের অ্যাকশন ফিগার সংগ্রহ করেছি।
অ্যাকশন ফিগার আর অ্যানিমে চরিত্রগুলোর প্রতি আমি সব সময় খুব আকর্ষণ অনুভব করি। আর এখন আমার নিজের একটি অ্যাকশন ফিগার হবে এবং এটি লঞ্চ করার জন্য একটা আলাদা ইভেন্টও হবে। আমি ওই মুহূর্তটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ আজ থেকে খাবি লামের এই বিশেষ ক্যাপসুল কালেকশনটি সারা বিশ্বের হুগো বসের স্টোরগুলোতে পাওয়া যাবে।
ছবি: হুগো বসের ওয়েবসাইট