
বিভিন্ন উৎসব উপলক্ষে বরাবরই নারী উদ্যোক্তাদের নিয়ে পণ্য প্রদর্শনীর আয়োজন করে আসছে নারী সহায়তা সংস্থা ‘শান্তিবাড়ি’। নারী সহায়তা সংস্থা শান্তিবাড়ি নারীদের জন্য আয়োজন করছে ‘ভালো থাকার উৎসব’। ২৭ ও ২৮ জুলাই সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা গ্যালারিতে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে এই উৎসব।

এই উদ্যোগ পুরোটাই নারীদের ঘিরে। ভালো থাকার এই উৎসবে থাকবে নারী চিত্রশিল্পী ও আলোকচিত্রীদের বিশেষ প্রদর্শনী। আরও থাকবে নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী। বেশির ভাগ উদ্যোক্তাই অংশ নিচ্ছেন দেশীয় পণ্য নিয়ে। পাশাপাশি থাকবে মানসিক স্বাস্থ্যসেবা বুথ ও আইনি পরামর্শ বুথ।

শান্তিবাড়ির প্রোগ্রাম কোঅর্ডিনেটর সুমাইয়া তাবাসসুম জানান, ‘দুদিনের এই বর্ণিল আয়োজনে আমরা নারীর সৃষ্টিশীলতা, দক্ষতা এবং একই সঙ্গে নারীর মানসিক স্বাস্থ্য ও আইনি অধিকার রক্ষার গুরুত্ব তুলে ধরতে চাই, যা শেষ পর্যন্ত নারীর সার্বিক ভালো থাকাকেই নিশ্চিত করে।’
২৮ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বিকেল পাঁচটার সমাপনী আয়োজনে ‘নারীর জীবন ও লড়াইয়ের’ গল্প সেশনে নিজের জীবনের গল্প শোনাবেন অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন। সেই সঙ্গে নারীর মানসিক স্বাস্থ্যের গুরুত্ব নিয়ে কথা বলবেন ও দর্শকদের প্রশ্নের উত্তর দেবেন মনোচিকিৎসক ডা. হেলাল উদ্দিন আহমেদ।

‘মধ্যম আয়ের বাংলাদেশে নারী ভালো থাকবে কীভাবে’ শান্তিবাড়ির এই প্যানেল আলোচনায় থাকবেন ডা. সায়েমা হক বিদিশা, ব্যারিস্টার মিতি সানজানা ও ড. স্নিগ্ধা রেজওয়ানা। বিশেষ সাংস্কৃতিক আয়োজনে থাকবে নির্ঝর চৌধুরীর গান ও জান্নাতুল ফেরদৌসী লিজার আবৃত্তি।