বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড ২০২৬: সেরা হোটেল হানসা–এ প্রিমিয়াম রেসিডেন্স
শেয়ার করুন
ফলো করুন

দেশের পর্যটন ও আতিথেয়তা খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রথমবারের মতো আয়োজিত বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড ২০২৬-এ সেরা হোটেল ক্যাটাগরিতে জাতীয় পুরস্কার অর্জন করেছে হানসা–এ প্রিমিয়াম রেসিডেন্স। ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির আওতাধীন এই প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আয়োজিত এ উদ্যোগ দেশের পর্যটনশিল্পে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে স্বীকৃতি দেওয়ার একটি নতুন পদক্ষেপ।

পুরস্কার গ্রহণ করছেন হানসা–এ প্রিমিয়াম রেসিডেন্সের মহাব্যবস্থাপক এমএ কালাম তালুকদার
পুরস্কার গ্রহণ করছেন হানসা–এ প্রিমিয়াম রেসিডেন্সের মহাব্যবস্থাপক এমএ কালাম তালুকদার

বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উদযাপনের অংশ হিসেবে ৩ অক্টোবর ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হানসা–এ প্রিমিয়াম রেসিডেন্সের মহাব্যবস্থাপক এমএ কালাম তালুকদার টিম হানসার পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি। উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, এনডিসি; বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী; বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামীমুজ্জামানসহ সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ এবং পর্যটন ও আতিথেয়তা খাতের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

জাতীয় এই স্বীকৃতিকে প্রতিষ্ঠানের অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করে এমএ কালাম তালুকদার বলেন, “এই জাতীয় পুরস্কার আমাদের জন্য অত্যন্ত গর্বের, একই সঙ্গে এটি আমাদের দায়িত্বও বাড়িয়েছে। এই স্বীকৃতি টিম হানসার প্রতিটি সদস্যকে আরও ভালো করতে এবং অতিথিসেবার মান আরও উন্নত করতে অনুপ্রাণিত করবে। বাংলাদেশের একটি স্বতন্ত্র স্থানীয় হসপিটালিটি ব্র্যান্ড হিসেবে হানসাকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করার পথেও এটি গুরুত্বপূর্ণ মাইলফলক।”

তিনি আরও বলেন, “আমাদের সম্মানিত অতিথিদের আস্থা, ব্যবসায়িক অংশীদার ও সংশ্লিষ্ট অংশীজনদের সহযোগিতা, পরিচালনা পর্ষদের দিকনির্দেশনা এবং টিম হানসার সদস্যদের নিষ্ঠা ও পরিশ্রমের ফল এই অর্জন। ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির জন্যও এটি গর্বের মুহূর্ত। ভবিষ্যতেও বাংলাদেশের আতিথেয়তা ও পর্যটনশিল্পের উন্নয়নে ইতিবাচক অবদান রাখতে চাই।”

ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির আওতাধীন প্রতিষ্ঠান হানসা–এ প্রিমিয়াম রেসিডেন্স। একই গ্রুপের অধীনে রয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক হসপিটালিটি ব্র্যান্ড দ্য ওয়েস্টিন ঢাকা ও শেরাটন ঢাকা। উন্নতমানের আতিথেয়তা সেবায় গ্রুপটির দীর্ঘদিনের অভিজ্ঞতার পাশাপাশি হানসা নিজস্ব পরিচয়ে একটি স্থানীয় আতিথেয়তা ব্র্যান্ড হিসেবে এগিয়ে চলেছে।

বিজ্ঞাপন

ঢাকার উত্তরায় অবস্থিত হানসা–এ প্রিমিয়াম রেসিডেন্স ব্যবসায়িক ও অবকাশযাপনে আসা দেশি-বিদেশি অতিথিদের জন্য আবাসন, রেস্তোরাঁ ও ডাইনিং সুবিধা, সুইমিং পুল, জিম, স্পা এবং বিভিন্ন প্রিমিয়াম অতিথিসেবা দিয়ে থাকে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি অবস্থান এবং ব্যক্তিকেন্দ্রিক সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি উত্তরার আতিথেয়তা খাতে নিজস্ব অবস্থান তৈরি করেছে।

প্রতিষ্ঠানটির মতে, এই পুরস্কার কেবল একটি অর্জন নয়; বরং সেবার মান বজায় রাখা, ধারাবাহিক উন্নয়ন এবং স্থানীয় আতিথেয়তা ব্র্যান্ড হিসেবে এগিয়ে যাওয়ার প্রচেষ্টার স্বীকৃতি। এ অর্জনে অতিথি, ব্যবসায়িক অংশীজন, পরিচালনা পর্ষদ এবং টিম হানসার প্রতিটি সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি দেশের পর্যটন ও আতিথেয়তা খাতের অবদানকে জাতীয় পর্যায়ে তুলে ধরার উদ্যোগ নেওয়ায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিও ধন্যবাদ জানিয়েছে তারা।

হানসা–এ প্রিমিয়াম রেসিডেন্সের প্রত্যাশা, এই স্বীকৃতি অতিথিসেবায় উৎকর্ষ অর্জনের পাশাপাশি বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা শিল্পের বিকাশে তাদের ভবিষ্যৎ উদ্যোগকে আরও উৎসাহিত করবে।

ছবি: ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৯: ৩০
বিজ্ঞাপন