যেভাবে পরীমনি হয়ে গেলেন ‘রঙিলা কিতাব’–এর সুপ্তি
শেয়ার করুন
ফলো করুন

যাপনের বৃত্তে অবস্থান করে সবাই। গ্যাংস্টার থেকে সাধারণ মানুষ। তাদের জীবনাচরণ আলাদা হলেও ক্যানভাস বর্ণময়। নানা চরিত্রের উপস্থিতিকে ঠিকমতো সাজাতে পারলে টান টান হয়ে ওঠে এর চিত্রায়িত সংস্করণ। সেই আকর্ষণেই হাজির হন দর্শক। ঠাসবুনোটের গল্প উপভোগে ছুটে যায়। নবীন পুরোনোকে দেখে আর প্রবীণেরা হয় স্মৃতিমেদুর।

রঙিলা কিতাব–এর পোস্টার
রঙিলা কিতাব–এর পোস্টার

নব্বই দশকের প্রেক্ষাপটে রচিত উপন্যাস ‘রঙিলা কিতাব’ এমনই স্বাদ পরিবেশন করছে। অন্তত ট্রেলারে সেটা অনুভব করতে সমস্যা হয়নি। তবে সিরিজ শুরু হলে, গল্প এগোলে আরও স্পষ্ট হবে চরিত্র ও তাদের যাপনচিত্র।

বিজ্ঞাপন

লেখক কিঙ্কর আহসান ৯০ দশকে বেড়ে ওঠা কিশোর। সেই সময়ের গ্যাংস্টার সংস্কৃতিই তাঁকে প্রাণিত করেছে এই উপন্যাস লেখার জন্য। অবশ্য সেটা তিনি লেখেন প্রায় এক দশক আগে, ২০১৫ সালে। সে সময় উপন্যাসটি যথেষ্ট পাঠক সমাদৃতও হয়।
২০২১ সালে বিশিষ্ট চিত্র নির্মাতা অনম বিশ্বাস উপন্যাসটিকে চলচ্চিত্রায়নের জন্য লেখকের সঙ্গে যোগাযোগ করেন। পরে ওটিটি প্লাটফর্ম হইচইয়ের প্রযোজনায় শুরু হয় ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’–এর কাজ।

মঞ্চে কুশিলবরা
মঞ্চে কুশিলবরা

আজ বিকেলে আগারগাঁওয়ের বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সাত পর্বের ওয়েব সিরিজের ট্রেলার আনুষ্ঠানিকভাবে প্রদর্শন করা হয়েছে। এই সিরিজে মূল চরিত্র সুপ্তির ভূমিকায় অভিনয় করেছেন পরীমনি। তাঁর বিপরীতে আছেন মোস্তাফিজুর নুর ইমরান। তিনি অভিনয় করেছেন ‘প্রদীপ’ চরিত্রে। কিঙ্কর আহ্সানের উপন্যাস ‘রঙিলা কিতাব’–এর চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন অনম বিশ্বাস ও আশরাফুল আলম শাওন।

বিজ্ঞাপন

সাত পর্বের এই সিরিজের গল্প বরিশালের এক গ্যাংস্টারকে নিয়ে। বাবা হতে যাচ্ছে জানার পর সেই গ্যাংস্টার অপরাধ জগৎ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এর পরপরই সে জড়িয়ে পড়েন এলাকার এমপি হত্যাকাণ্ডের ঘটনায়। শুরু হয় অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে তার পলাতক জীবন। গ্যাংস্টার প্রদীপের স্ত্রী সুপ্তি।

সু্প্তি চরিত্রে পরিচালকের প্রথম পছন্দ ছিল পরীমনি
সু্প্তি চরিত্রে পরিচালকের প্রথম পছন্দ ছিল পরীমনি

পরিচালক অনম বিশ্বাস বলেন, সুপ্তি চরিত্রের জন্য এমন একজনকে দরকার ছিল, যিনি মাতৃত্বের স্বাদ অনুভব করেছেন। দারুণভাবে চরিত্রটি ফুটিয়ে তোলার ক্ষেত্রে পরীমনিই এ জন্য ছিল প্রথম ও একমাত্র পছন্দ। লেখক কিঙ্কর আহসান জানান, সুপ্তি চরিত্রে দ্বিতীয় আর কারও কথা চিন্তা করেননি তাঁরা। তিনি জানান, লেখক যখন গল্প লেখেন, তাঁর কল্পনার জগতে চরিত্রগুলো থাকে এক রকম, আর পাঠকের কল্পনায় থাকে আরেক রকম। তাই যখন একে বাস্তবে চিত্রায়ন করা হয়, একধরনের দ্বিধায় থাকেন সবাই।

তবে সব দ্বিধা কাটিয়ে বিকেলের ট্রেলার রিলিজে উপস্থিত সবার উচ্ছ্বাস দেখে বোঝা যায়, সবাই বেশ ভালোভাবে গ্রহণ করবেন সিরিজটি।

পরীমনি জানান, তাঁর সন্তান রাজ্যর জন্মের পর, দীর্ঘ বিরতি নিয়েছেন একটি ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের জন্য। ‘সুপ্তি’ চরিত্রটি ঠিক তেমনই। ট্রেলারে একজন অন্তঃসত্ত্বা নারী চরিত্রে খুব সাধারণ শাড়ি, ম্যাক্সি, সালোয়ার কামিজে দেখা যায় তাঁকে।

মেকআপেও রাখা হয়েছে ন্যাচারাল টোন। মোস্তাফিজুর নুর ইমরান, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিকসহ অন্যান্য চরিত্রকেও দেখা যায় মফস্‌সলের চিরাচরিত গেটআপে। মেকআপের ক্ষেত্রেও ছিল রাফ টোনের ব্যবহার। বাকি কিছু জানতে হলে দেখতে হবে ওয়েব সিরিজটি; যা মুক্তি পাবে আগামী ৮ নভেম্বর। ওয়েব সিরিজে অনম বিশ্বাসের কথায় ইমরানুল মাহমুদের সুরে ও কণ্ঠে ‘টোনাটুনির সংসার’ উপভোগ্য হয়েছে। আবহ সংগীতের কাজ করেছেন রুসলান আহমেদ।

ছবি: হাল ফ্যাশন

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ১৭: ২২
বিজ্ঞাপন