৫০ বাংলাদেশি নারী পোশাককর্মীর শিক্ষাসংস্থান করছে ইনডিটেক্স
শেয়ার করুন
ফলো করুন

ইনডিটেক্স ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের যৌথ উদ্যোগে করা হচ্ছে বাংলাদেশি নারী পোশাককর্মীদের জন্য উচ্চশিক্ষার ব্যবস্থা। ইনডিটেক্স তাঁদের সাপ্লায়ার কারখানার নারী কর্মীদের জন্য দিচ্ছে শিক্ষাবৃত্তির ব্যবস্থা। মোট ৫০ জন নারীকর্মী তাঁদের যোগ্যতা ও যাচাই-বাছাইয়ের ভিত্তিতে পেয়ে যাচ্ছেন এ সুযোগ।
পোশাকশিল্পে বাংলাদেশ বিশ্বের অনেক দেশের চেয়ে বেশ এগিয়ে। বিজিএমইর দেওয়া তথ্য অনুসারে, বর্তমানে দেশের বিভিন্ন স্থানে প্রায় চার হাজারের বেশি গার্মেন্টস ফ্যাক্টরি আছে। এসব ফ্যাক্টরিতে প্রতিদিন পোশাকশিল্পের উন্নয়নে কাজ করছেন লক্ষাধিক কর্মী। তাঁদের বড় অংশই নারী। দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে আছেন দেশের পোশাককর্মীরা। তবে এই নারী পোশাককর্মীরা তাঁদের শ্রম দিচ্ছেন স্বল্প বেতনে। তাঁদের ক্ষমতায়ন, শিক্ষার সুযোগ, চিকিৎসার সুযোগ সৃস্টিতে নেওয়া হচ্ছে না উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা।
 
তবে বিদেশের বড় কোম্পানিগুলো এই কর্মীদের ক্ষমতায়নে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। সম্প্রতি এমনই একটি জনপ্রিয় স্প্যানিশ বহুজাতিক কোম্পানি ইনডিটেক্সের নাম উঠে এসেছে আলোচনায়। ইনডিটেক্সের আওতায় থাকা সবচেয়ে বড় ও পরিচিত ব্র্যান্ড হচ্ছে জারা। এ ছাড়া মাসিমো দুতি, ওইশো ও জারা হোমের মালিকানাও আছে ইনডিটেক্সের।
   

ইনডিটেক্সের প্রধান নির্বাহী অস্কার গার্সিয়া মেসেইরাস ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য চুক্তি হস্তান্তর করছেন।
ইনডিটেক্সের প্রধান নির্বাহী অস্কার গার্সিয়া মেসেইরাস ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য চুক্তি হস্তান্তর করছেন।

ইনডিটেক্স তাঁদের জন্য কাজ করা নারী কর্মীদের উচ্চশিক্ষার সুযোগে শিক্ষাবৃত্তি দিচ্ছে। এ উদ্যোগের আওতায় আগামী পাঁচ বছর সময়ে ৫০ জন নারী কর্মী পেয়ে যাচ্ছেন এই সুযোগ। এর মধ্যে আছেন বাংলাদেশের নারী পোশাককর্মীরাও। কারণ, ইনডিটেক্সের বৈশ্বিক চেইনে বাংলাদেশের কর্মীদের অবদান উল্লেখযোগ্য।
 
প্রায় ৩ দশমিক ৭৫ মিলিয়ন ইউরো বিনিয়োগের মাধ্যমে শুরু হয়েছে এ উদ্যোগ। এই শিক্ষাবৃত্তিতে নারীরা বিনা অর্থায়নে শিক্ষার সুযোগের পাশাপাশি পেয়ে যাচ্ছেন আবাসন ও অন্যান্য খরচ। এই বৃত্তিতে প্রি-ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ থাকছে। পুরো খরচ বহন করছে ইনডিটেক্স। মূল কার্যক্রম পরিচালনার দায়িত্বে আছে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন। তারা নির্দিষ্ট সময়ে প্রার্থী নির্বাচনের জন্য একটি সাক্ষাৎকারের আয়োজন করবে বলে জানা গেছে।
 
এইউডব্লিউর রেক্টর শেরি ব্লেয়ার বলেন, তাঁর পরিবারে তিনিই প্রথম ব্যক্তি, যিনি শিক্ষার সুযোগ পেয়েছেন। তাই তিনি বেশ ভালো করে জানেন, কীভাবে শিক্ষার সুযোগ প্রান্তিক পর্যায়ে থাকা নারীদের জন্য অকল্পনীয় সম্ভাবনার দরজা খুলে দিতে পারে।

বিজ্ঞাপন

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার আরও অনেক দেশের পোশাকশিল্পে অনেক দিন ধরেই নারীরা নীরব ভূমিকা পালন করে আসছেন। বাংলাদেশের পোশাককর্মীদের প্রায় ৮০ শতাংশই নারী। পোশাকশিল্পে জোরালো ভূমিকা পালনের পরও নারীরা তাঁদের যোগ্য বেতন, সম্মান ও স্বীকৃতি এখনো পাননি। ইনডিটেক্স ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এই শিক্ষাবৃত্তির ব্যবস্থা করছে। এ উদ্যোগকে সংশ্লিষ্টরা বেশ ইতিবাচকভাবে গ্রহণ করেছেন, যা শুধু ব্যক্তিগতভাবে নারীর ক্ষমতায়ন ও শিক্ষার সুযোগ সৃষ্টি নয়, বরং বৃহত্তর উন্নয়নে ভূমিকা রাখবে।
 
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে অনুষ্ঠিত কনফারেন্সে ইনডিটেক্সের প্রধান নির্বাহী অস্কার গার্সিয়া মেসেইরাস বলেন, ‘আমরা বিশ্বাস করি, নারীদের জন্য কিছু করার ক্ষেত্রে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে তাঁদের জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি করা। সেটাই আমরা করার চেষ্টা করছি।’
এই শিক্ষাবৃত্তি নারীদের শিক্ষিত করে তোলার পাশাপাশি পোশাকশিল্পের টেকসই উন্নয়নেও সহায়তা করবে বলে মনে করেন ইনডিটেক্সের প্রধানসহ সংশ্লিষ্টরা।

ছবি: ইনডিটেক্স ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন

বিজ্ঞাপন
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ০৭: ০০
বিজ্ঞাপন