শুরু হয়েছে তারা উদ্যোক্তা মেলা
শেয়ার করুন
ফলো করুন

তেজগাঁও গুলশান লিংক রোডে আলোকি কনভেনশন সেন্টার এখন খুবই পরিচিত নাম। বিশেষ করে নানা ধরনের উদ্যোগ ও শিল্পমেলার জন্য এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। শুক্রবার সকাল ১০টার দিকে আমি আর বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের কোষাধ্যক্ষ প্রমি নাহিদ যখন পৌঁছাই, তখন মেলার আবেশ মাত্র শুরু হয়েছে। বেশির ভাগ নারী উদ্যোক্তাই নিজ নিজ স্টল সাজাতে ব্যস্ত। সেখানে শুরু হয়েছে তিন দিনব্যাপী দেশের নারী উদ্যোক্তাদের অন্যতম বৃহৎ আয়োজন তারা উদ্যোক্তা মেলা। ব্র্যাক ব্যাংকের উদ্যোগে এবার মেলার চতুর্থ আসর। সারা দেশ থেকেই নারী উদ্যোক্তারা অংশ নিচ্ছেন। তাঁদের অনেকেই প্রথমবারের মতো এই মেলায় এসেছেন।

বিজ্ঞাপন

মূল হলে ঢোকার পর দেখা হলো প্রিয়ভাষিণী–র উদ্যোক্তা মুসলিমা মৌ-এর সঙ্গে। জানালেন, ভোর সাড়ে ৬টায় যশোর থেকে রওনা দিয়ে সরাসরি মেলায় উপস্থিত হয়েছেন। তাঁর স্টলে রয়েছে ঐতিহ্যবাহী যশোর স্টিচের শাড়ি, টু-পিস ও থ্রি-পিস। পাশাপাশি টাই-ডাইয়ের কিছু স্কার্ফও এনেছেন। বললেন, বাটিকের কাজও শুরু করেছেন। যশোরে নিজের কারখানা ও ফেসবুক পেজের মাধ্যমে পণ্য বিক্রি করেন তিনি। এই মেলায় প্রথমবার অংশ নিয়ে মুসলিমা আশা করছেন বিক্রির পাশাপাশি তাঁর নেটওয়ার্কও সমৃদ্ধ হবে।

আলোকিতে চলছে তারা উদ্যোক্তা মেলার
আলোকিতে চলছে তারা উদ্যোক্তা মেলার


মুসলিমার সঙ্গে কথা বলতে বলতে দেখা হয়ে গেল ভিন্ন ঘরানার ডিজাইনার মাসুমা আখতার মিথিলার সঙ্গে। পেশায় আইনজীবী এই উদ্যোক্তা ইতিমধ্যে নিজস্ব ডিজাইনের শাড়ি, ব্লাউজ ও কুর্তির জন্য পরিচিতি পেয়েছেন। কাজ করেন খাদি, মসলিন ও অ্যান্ডি কাপড়ের ওপর। মিতার গল্প নামের তাঁর স্টলটি সাজানো প্রায় শেষ। প্রথমবারের মতো তারার মেলায় অংশ নিয়ে মাছুমা আশা করছেন অভিজ্ঞতাটি সার্থক হবে।

বিজ্ঞাপন

ঢাকার মহাখালী থেকে রিকশা আর্টের হোম ডেকোর ও লাইফস্টাইল পণ্য নিয়ে এসেছেন প্রতিভার উদ্যোক্তা মায়িশা রুবাবা। ভিন্নধর্মী তাঁর কাজ অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। তাঁর স্টলে আরও পাওয়া যাচ্ছে নোটবুক ও টোট ব্যাগ। জানালেন, স্টলের কুরশির কাজের পণ্যগুলো সৈয়দপুরের কারিগরদের দিয়ে তৈরি করান।

তারা উদ্যোক্তা মেলার
তারা উদ্যোক্তা মেলার

তানজিনা, নাহিদ ও নাসরিন শিকদারের যৌথ উদ্যোগ পোশাক বাই তাননাস। হাতের কাজ, হ্যান্ডপেইন্ট ও ব্লকের শাড়ি, সালোয়ার-কামিজ, থ্রি-পিস ও টু-পিস নিয়ে এসেছেন তাঁরা। প্রথমবারের মতো নিজেদের ডিজাইনের কিছু জুয়েলারিও তৈরি করেছেন এবং সেগুলো এনেছেন মেলায়।

একেবারে ব্যতিক্রমী পণ্য নিয়ে মেলায় এসেছেন উদ্যোক্তা আসফা খান। পারিবারিক চশমার ব্যবসার দায়িত্ব নিয়েছেন এই তড়িৎ প্রকৌশলী। ওয়াদুদ অপটিকস–এর শোরুম রয়েছে ধানমন্ডি ও ফার্মগেটে। জানালেন, দেশে প্রথমবারের মতো কৃত্রিম চোখের মণি সংযোজনের কাজ শুরু করেছে তাঁর প্রতিষ্ঠান।

যারা অংশ নিচ্ছেন
যারা অংশ নিচ্ছেন

জামালপুর থেকে ঐতিহ্যবাহী কাঁথা নিয়ে এসেছেন উদ্যোক্তা শিলা আহমেদ। তাঁর নকশা হস্তশিল্প স্টলে কাঁথা ছাড়াও রয়েছে শাড়ি ও পোশাক। সকালেই রওনা দিয়ে মেলায় হাজির হয়েছেন এই উদ্যমী নারী উদ্যোক্তা।

মূল হলের দোতলায় রয়েছে খাবারের স্টল। সেখানে দেখা হলো আচারিয়ানা-র উদ্যোক্তা আফসানা তরির সঙ্গে। আচারিয়ানায় প্রায় ত্রিশ রকমের আচার এনেছেন আফসানা। মৌসুমি ফলের নিয়মিত আচারের পাশাপাশি অয়েল-ফ্রি আচার, লো-ক্যালরি আচার ও ভ্রমণপিপাসুদের জন্য ট্রাভেল-ফ্রেন্ডলি আচারও রয়েছে। নতুন আচারের মধ্যে আছে তেঁতুল মিঠাই, আমড়ানন্দ, ঢাকাই চুক্কা, টপ্পাই ইত্যাদি। মেলা উপলক্ষে নানা ধরনের গিফট কম্বো সাজানো হয়েছে, যার মূল্য তিন শ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত। এ ছাড়া ক্রেতারা নিজের পছন্দমতো আচারের কম্বো সাজিয়ে নিতে পারবেন। ইচ্ছা করলে টেস্টার চেখেও আচার কেনা যাবে বলে জানান আফসানা।

শারমিন’স হোম ক্যাফে-র উদ্যোক্তা শারমিন হোসেনকে স্টলে মালামাল আনা-নেওয়ায় সহায়তা করছেন তাঁর স্বামী। ব্যস্ততার মধ্যেই শারমিন জানালেন, তাঁর স্টলে থাকবে সিগনেচার আইটেম স্পেশাল মোমো, ডাবের পুডিং ও শাশলিক। ইফতারি ও অন্যান্য নিয়মিত আইটেমও রয়েছে।

মেলায় সাতরং
মেলায় সাতরং

অনেক দিন পর দেখা হলো ডাইনিং উইথ শাহাজাদী-র উদ্যোক্তা শাহাজাদী হোসনে জাহানের সঙ্গে। প্রিজারভেটিভ ছাড়া খাবার তৈরি করে ইতিমধ্যে নিজস্ব একটি স্টাইল প্রতিষ্ঠা করেছেন এই রন্ধনশিল্পী। আচার থেকে বাটার, ইফতারি আইটেম ছাড়াও কিছু কিচেন অ্যাকসেসরিজ রয়েছে তাঁর স্টলে।

এ সময় মাইকে ঘোষণা হলো মেলার আনুষ্ঠানিক উদ্বোধনের। আগত অতিথি ও উদ্যোক্তারা মিলে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। পরে একটি সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখেন ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান মেহেরিয়ার হাসান, পরিচালক লীলা রশিদ ও অনিতা গাজী রহমান, ব্যবস্থাপনা পরিচালক তারেক রেফাত উল্লাহ খান এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবদুল মোমেন। সৈয়দ আবদুল মোমেন জানান, গত বছর এই মেলায় প্রায় সাত হাজার দর্শনার্থী সোয়া কোটিরও বেশি টাকার কেনাকাটা করেছিলেন। গতবার মেলা ছিল দুই দিনের। এবারের মেলা তিন দিনের। তিনি আশা প্রকাশ করেন, এবারের মেলা আগের চেয়েও বেশি সফল হবে। আয়োজকেরা আশা করেন, এই আয়োজন নারী উদ্যোক্তাদের এগিয়ে যেতে সাহায্য করবে।  

মূল ভবনের বাইরে গ্রীন হাউস নামে পরিচিত কাচের ঘরে পাওয়া গেল নারায়ণগঞ্জের উদ্যোক্তা ফারহানা ইয়াসমীন মুক্তাকে। জানালেন, চার বছর পর কোনো মেলায় অংশ নিচ্ছেন তাঁর সাত রঙ নিয়ে। ব্লক-বাটিকই এই নারী উদ্যোক্তার সিগনেচার কাজ। মেলায় এনেছেন স্কার্ট, শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি ও বেবিওয়্যার। আমরা কথা বলতে বলতেই এক ক্রেতা দুটি স্কার্ট কিনে নিলেন!

মেলায় আচারিয়ানার স্টল
মেলায় আচারিয়ানার স্টল

মুক্তার পাশেই ভিন্নধর্মী পণ্য নিয়ে রয়েছেন উদ্যোক্তা জাবিন জিন্নুরাইন। বাসায় বসেই হাতে বানানো সাবান তৈরি করেন তিনি। তাঁর উদ্যোগের নাম আয়তক্ষেত্র শপ আইল্যান্ড। এনেছেন চারকোনা, তুলসী ও অ্যালোভেরার সাবান। সাবান তৈরিতে কোনো রাসায়নিক ব্যবহার করেন না এই উদ্যোক্তা।

৮৮ জন নারী উদ্যোক্তার এই আয়োজনে অংশগ্রহণকারী উদ্যোগগুলো হলো—শানিলস, গার্লস গ্যালারি জামদানী শপ, খুঁত, সিক্স ইয়ার্ড স্টোরি, ওয়াদুদ অপটিকস, ফুটলুজ বিডি, বক্র বাই ঝিল, দেশি হিটস, কিজুনা, গেট সেট ট্রেন্ডি, আমলকী হারবাল, গ্ল্যামারাস বুটিক বাই তাহমিনা, ক্র্যাফট পান্ডা, রসুন-হস্তশিল্প, লিলাবতী বুটিক বাই টাবেন্দা, এফ অ্যান্ড সি বিডি, বিমূর্ত, চিত্রাঙ্গদা, স্টাইল বাই আলিশা, পোশাক বাই তাননাস, প্রতিভা, মারলোটেক্স, ইনিভির, নো টিপিক্যাল, প্রিয়ভাষিণী, দয়িতা কথন বাই মারশিয়াত, কল্পতরু, বেগম বাই ইশরাত, আয়াত কথা ঘর, প্রথা, পূর্ণাঙ্গিনী, ফিউশন বাই চৈতি, মিতার গল্প, জয়নাব কালেকশনস, ফ্রেয়া, নকশা হস্তশিল্প, জার্মিনেশন, টিউলিপ থ্রেডস, মনি’স কালেকশন, এমব্লেম বাই ফারাহ দিবা, ডিআইওয়াইয়ার স্টুডিও, জুটোফ্যাববিডি, শিল্পাহলিক, ব্লু-ইউর ট্রাস্টওয়ার্দি ব্র্যান্ড, বাগানওয়ালা, গ্যালারি, গ তে গয়না, দেশজ, হারমিজন, ভেইলা, আয়েশি, সুগাচ্ছি, শারমিন’স হোম ক্যাফে, নিত্য চাহিদা, সেভরি বাইটস, টুয়েন্টি ফোর কিচেন, জেডএসকে টেস্টি কিচেন, ফিশো, স্টারিনা’স কিচেন অ্যান্ড সি ফরেস্ট বিডি, মুন্ডি হাউস, শাওয়ারমা দামাস্কো, ওরেন্ডা অ্যান্ড বিনস, টিঙ্কার’স টি, ডাইনিং উইথ শাহাজাদী, আচারিয়ানা, আশালতা, নুসাইবা’স কুইজিন, তৌয়া’স কিচেন, চাওয়ালি, রসুই ঘর, হেবাং, বাহস্টোর, গুড ভাইবস লাইফস্টাইল, সৃষ্টি, সাত রঙ বুটিকস, কিন্নরি, আয়তক্ষেত্র শপ আইল্যান্ড, মিন্নাত, নেচার ফর হিউম্যান, প্রিন্ধন, পালক ক্র্যাফট, পূর্ণতা শিল্পশালা, রঙিমা, লাবণ্য, অরুণিমা, রেডপেন্সিল ইনোভেশন লিমিটেড ও স্ব্যাঙ্কি গার্লস।

অধিকাংশ স্টলে ১০ শতাংশ এবং কোনো কোনো স্টলে এর চেয়ে বেশি ছাড় রয়েছে। এ ছাড়া ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে ব্র্যাক ব্যাংকের কিউআর কোডে কেনাকাটা করলে ২০ শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে। মেলা চলবে আজ রাত ১১টা পর্যন্ত এবং কাল ও পরশু সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত।

ছবি: হাল ফ্যাশন

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১: ১৪
বিজ্ঞাপন