
ঈদের ফ্যাশন মানেই শুধু নতুন পোশাক নয়— এবার তার সঙ্গে যোগ হচ্ছে সচেতনতা, রিওয়্যার আর তারকাদের ব্যক্তিগত স্টাইল স্টেটমেন্ট। কোরবানির ঈদকে সামনে রেখে অনুষ্ঠিতব্য ‘সেলিব্রেটি আর্কাইভ ঈদ ফেস্টিভাল ২০২৬’ হতে যাচ্ছে এমন এক আয়োজন, যেখানে একই ছাদের নিচে মিলবে প্রি-লাভড সেলিব্রিটি কালেকশন, নতুন ঈদ ফ্যাশন, ঐতিহ্যবাহী তাঁতশিল্প আর উৎসবের আমেজ। এই আয়োজনে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে আছে হাল ফ্যাশন।
টেকসই ফ্যাশন, পুনর্ব্যবহার ও রিওয়্যার ধারণাকে কেন্দ্র করে সাজানো হয়েছে এবারের উৎসব। আয়োজকদের ভাষ্য, ফ্যাশন, সংস্কৃতি ও ঐতিহ্যের সমন্বয়ে এটি শুধু কেনাকাটার আয়োজন নয়, বরং সচেতন জীবনধারার একটি উদযাপন।
ফেস্টিভ্যালে অংশ নিচ্ছেন দেশের জনপ্রিয় তারকারা। তাদের মধ্যে আছেন বিদ্যা সিনহা মিম, সাফা কবির, নাজিফা তুষি, শবনম ফারিয়া, পিয়া জান্নাতুল, পারসা ইভানা, তউসিফ মাহবুব, ইমরান মাহমুদুল ও রাফাসহ আরও অনেকে। নিজেদের ব্যবহৃত পোশাক ও এক্সেসরিজের মাধ্যমে তারা যুক্ত হয়েছেন এই ডিক্লাটার ও সচেতন ফ্যাশন উদ্যোগে।

এই আয়োজনের নেপথ্যে আছেন টিভি উপস্থাপক নীল হুরেজাহান, সোনিয়া রিফাত, অর্চি রহমান ও মৌসুমী মৌ। আয়োজকদের মতে, ফ্যাশন ও মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে প্রায়ই নতুন পোশাক ও অ্যাক্সেসরিজ ব্যবহার করতে হয়। তবে সঠিক সংরক্ষণ, পুনর্ব্যবহার ও রিওয়্যারের মাধ্যমে একটি পোশাক দীর্ঘ সময় ব্যবহারযোগ্য রাখা সম্ভব— সেই ভাবনা থেকেই ‘সেলিব্রেটি আর্কাইভ’-এর যাত্রা।
তবে এই আয়োজন শুধু তারকাদের প্রি-লাভড কালেকশনেই সীমাবদ্ধ থাকছে না। কোরবানির ঈদের এক সপ্তাহ আগে অনুষ্ঠিত হতে যাওয়া এই ফেস্টিভ্যালে অংশ নিচ্ছেন প্রায় ৮০ জন উদ্যোক্তা। তাঁরা নিয়ে আসছেন নতুন ঈদ কালেকশন। পাশাপাশি দেশের বিভিন্ন পরিচিত ব্র্যান্ডও অংশ নিচ্ছে তাদের এক্সক্লুসিভ সংগ্রহ নিয়ে।
ফেস্টিভালের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ‘হেরিটেজ কর্নার’। এখানে দুইজন স্থানীয় বয়নশিল্পী সরাসরি বয়ন প্রদর্শনী করবেন। দর্শনার্থীরা কাছ থেকে দেখতে পারবেন বাংলাদেশের ঐতিহ্যবাহী বয়নশিল্পের সৌন্দর্য ও এর গল্প।
এ ছাড়া থাকছে ফুড জোন, বিভিন্ন এক্সপেরিয়েন্স জোন এবং ঈদ উপলক্ষে বিশেষ মেহেদি কর্নার। আয়োজকদের আশা, ফ্যাশন, সংস্কৃতি, ঐতিহ্য ও সচেতনতার মিশেলে এই দুই দিনের আয়োজন দর্শনার্থীদের জন্য তৈরি করবে ভিন্নধর্মী এক ঈদ উৎসবের অভিজ্ঞতা।
ছবি: আয়োজক