বিশ্বরঙের বনশ্রী আউটলেটে উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ‘শরৎ হাওয়া’
শেয়ার করুন
ফলো করুন

প্রতিকূল এই সময়ে উদ্যোক্তাদের সাহস জোগাতে বিশ্বরঙের উদ্যোগ ও উদ্যোক্তা ভূমির আয়োজনে অনুষ্ঠিত হবে দুই দিনের পণ্য প্রদর্শনী ‘শরৎ হাওয়া’। ২৯ ও ৩০ সেপ্টেম্বর বিশ্বরঙের বনশ্রী আউটলেটের সিংহভাগজুড়ে ১৬ জন উদ্যোক্তা তাঁদের পণ্যের পসরা সাজিয়ে বসবেন। প্রদর্শনী চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।

শরৎ হাওয়া প্রদর্শনীতে অংশ নিচ্ছেন এই উদ্যোক্তারা
শরৎ হাওয়া প্রদর্শনীতে অংশ নিচ্ছেন এই উদ্যোক্তারা

এই আয়োজনে নবীন অনলাইনভিত্তিক উদ্যোক্তারা সুযোগ পাবেন নিজেদের পণ্য সরাসরি ক্রেতাদের কাছে তুলে ধরার। প্রদর্শনীতে উদ্যোক্তারা থাকবেন হ্যান্ডলুম, ন্যাচারাল ডাই, ব্লক, স্ক্রিন ও ডিজিটাল প্রিন্ট, হাতের কাজের পোশাক এবং ঐতিহ্যবাহী জামদানি ও অন্যান্য তাঁতের শাড়ি নিয়ে। সঙ্গে থাকবে গয়না ও ঘর সাজানোর পণ্যও।
‘শরৎ হাওয়া’ শিরোনামের এই প্রদর্শনীতে ৩০ সেপ্টেম্বর উপস্থিত থাকবেন দেশের প্রখ্যাত অভিনেত্রী–নৃত্যশিল্পী অপি করিম। এই আয়োজনে প্রচারণা সহযোগী হিসেবে থাকছে ফ্যাশন ও লাইফস্টাইল পোর্টাল হাল ফ্যাশন।

বিজ্ঞাপন

প্রায় তিন দশকের পথচলায় বিশ্বরঙ ও এর কর্ণধার বিপ্লব সাহা বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে নানা গঠনমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অবদান রেখে চলেছেন। উদ্যোক্তাদের অনুপ্রেরণা জোগাতে নবীন উদ্যোক্তাদের নিয়ে তিনি শুরু করেছেন ‘উদ্যোক্তা ভূমি’।

প্রতি মাসেই ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীসহ অন্যান্য জেলায় আয়োজিত হচ্ছে উদ্যোক্তা ভূমির আড্ডা। উদ্যোক্তাদের পণ্য দেখে খুঁটিনাটি বিশ্লেষণ করেন তিনি। ঢাকা পর্বের এক আড্ডায় শরৎ উৎসব আয়োজনের কথা ভাবেন বিপ্লব সাহা। তাঁর এই ভাবনার বাস্তবায়নে বনশ্রী আউটলেটে পণ্য প্রদর্শনীর সুযোগ করে দিচ্ছেন। কোনো সন্দেহ নেই যে এই উদ্যোগ সবিশেষ প্রশংসার। কারণ, কোনো ব্র্যান্ডকে নবীন উদ্যোক্তাদের জন্য এখনো সেভাবে এগিয়ে আসতে দেখা যায়নি।

বিজ্ঞাপন

দুদিনের এই আয়োজনে অংশগ্রহণ করচ্ছে রোদশী, পরিণীতা ফ্যাশন, আমি আমরা, যোহরা’স ভ্যানিটি, মিতার গল্প, আরুসহ ১৬টি অনলাইনভিত্তিক লাইফস্টাইল ও ফ্যাশন উদ্যোগ।

‘শরৎ হাওয়া’ প্রদর্শনীতে শরৎ ও পূজার সংগ্রহ নিয়ে থাকছেন মাসুমা মিথিলা, তাঁর অনলাইনভিত্তিক ফ্যাশন উদ্যোগ মিতার গল্প নিয়ে। তিনি জানান, ‘বিপ্লব সাহাকে আমি যেকোনো উদ্যোগেই পাশে পেয়েছি। তিনি শুরু থেকেই উদ্যোক্তা হিসেবে আমাকে সহযোগিতা করেছেন, সাহস জুগিয়েছন। বিশ্বরঙের আউটলেটে নিজেদের পণ্য প্রদর্শন অবশ্যই আমাদের জন্য গর্বের বিষয়।’

মণিপুরী শাড়ি, ওড়না আর নিজস্ব নকশার ব্যাগ ও অলংকার নিয়ে কাজ করেন নান্দনিক ক্রিয়েশনের স্বত্বাধিকারী মিনা ভৌমিক। তিনি বলেন, ‘উদ্যোক্তা ভূমির মতো নবীনদের নিয়ে এমন আয়োজন কেউ কখনো করেনি। এই প্ল্যাটফর্ম আমাদের মতো নবীন উদ্যোক্তাদের পথ দেখাবে। এ ছাড়া বিপ্লব সাহা আমাদের প্রতিটি পণ্য হাতে ধরে দেখছেন, গুণমান যাচাই করছেন, পরামর্শ দিয়েছেন। এ ধরনের পরামর্শ এত দিন কোথাও পাচ্ছিলাম না। দেশের শীর্ষ সারির ব্র্যান্ড বিশ্বরঙের শোরুমে নিজেদের পণ্য প্রদর্শনীর এই সুযোগ নিঃসন্দেহে আমাদের জন্য আশীর্বাদ।’

ফ্যাশনশিল্পের উদ্যোক্তাদের জন্য শুধু মঞ্চে দাঁড়িয়ে সেমিনার ও বক্তব্য নয়, উদ্যোক্তাদের নকশা থেকে শুরু করে উৎপাদন, বিপণন পর্যন্ত বিভিন্ন সমস্যা সমাধানের মাধ্যমে অনুপ্রেরণা দিতেই বিশ্বরঙ নতুন উদ্যোক্তাদের নিয়ে তৈরি করেছে ‘উদ্যোক্তা ভূমি’।

নবীন উদ্যোক্তাদের সঙ্গে আড্ডা ও আলোচনার সূত্র ধরেই ‘শরৎ হাওয়া’র পরিকল্পনা, বলেন বিপ্লব সাহা। দুই দিনের এই প্রদর্শনীতে গ্রাহকদের সঙ্গে যোগসূত্র তৈরি হবে উদ্যোক্তাদের, যা পণ্যের নকশা ও গুণগত মান ধরে রাখার পূর্বশর্ত। এই অভিজ্ঞতার পাশাপাশি তাঁরা আর্থিকভাবেও উপকৃত হবেন; সেই আশা নিয়েই এই আয়োজন।
উল্লেখ্য, ১৯৯৪ সাল থেকে দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে ফ্যাশনের অনুষঙ্গ করে কাজ করছে দেশের অন্যতম শীর্ষ ফ্যাশন ব্র্যান্ড বিশ্বরঙ। দেশের ঐতিহ্যবাহী কারুশিল্পী, বয়নশিল্পী, অলংকারশিল্পীদের শিল্পনৈপুণ্যকে কাজে লাগিয়ে তারা দেশীয় ফ্যাশনকে নিয়ে যেতে চায় আন্তর্জাতিক গণ্ডিতে।
ছবি: উদ্যোক্তা ভূমি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬: ০০
বিজ্ঞাপন