তিন দিনের হেয়ার অ্যান্ড বিউটি এক্সপো অক্টোবরে
শেয়ার করুন
ফলো করুন

সৌন্দর্যসেবা বর্তমানে বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের একটি অমিত সম্ভাবনাময় খাত। এই শিল্প বড় শহর ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে। বাংলাদেশের ৬৪ জেলাতেই আছে ছোট–বড় বিউটি পারলার, স্যালন ও স্পা। বর্তমানে নিবন্ধিত পারলারের সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ। এ ছাড়া পুরুষদের পারলার ও স্যালন আছে আনুমানিক পাঁচ লাখ। নারীদের পারলার, স্যালন ও স্পার পরিচালনায় উদ্যোক্তা থেকে সেবা প্রদায়ক মিলিয়ে রয়েছেন অন্তত ১০ লাখ নারী।

সংবাদ সম্মেলনে কথা বলছেন এশিয়ান এক্সপো অ্যান্ড কনফারেন্সের প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা সৈয়দ মাহাবুবুল আলম; তাঁর ডানে উপস্থিত বিউটি সার্ভিসেস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি কানিজ আলমাস খান
সংবাদ সম্মেলনে কথা বলছেন এশিয়ান এক্সপো অ্যান্ড কনফারেন্সের প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা সৈয়দ মাহাবুবুল আলম; তাঁর ডানে উপস্থিত বিউটি সার্ভিসেস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি কানিজ আলমাস খান

বাংলাদেশের নারী কর্মজীবীদের মোট সংখ্যার ১৮ শতাংশ এই শিল্পের বিভিন্ন পর্যায়ে কাজ করছেন। এই খাতের টার্নওভার বর্তমানে প্রায় ৫০০ কোটি টাকা। ফলে এই খাত থেকে সরকার উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব পাচ্ছে। ২০২০ সালের ৭ জুন এই শিল্প পেয়েছে শিল্প খাতের মর্যাদা। কিন্তু এখনো নেই তেমন কোনো উল্লেখ করার মতো বার্ষিক আয়োজন। তবে অচিরেই এর অবসান হতে চলেছে।

বিজ্ঞাপন

এশিয়ান এক্সপো অ্যান্ড কনফারেন্সের সার্বিক উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ বিউটি সার্ভিস ওনার্স অ্যাসোসিয়েশনের (বিওএসএবি) সহযোগিতায় ২০, ২১, ২২ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম হেয়ার অ্যান্ড বিউটি এক্সপো।
আর এই আয়োজন সম্পর্কে বিস্তারিত জানাতে ৩০ জুলাই অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। এ এক্সপো অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি)। এখানে হেয়ার ও বিউটিবিষয়ক সব ধরনের সেবা ও পরামর্শ পাওয়া যাবে। নানা ধরনের হেয়ার ও স্যালনপণ্য, প্রসাধনী ও সেবার বিভিন্ন সরঞ্জাম, বিশেষজ্ঞ পরামর্শ ছাড়াও থাকবে হাতে–কলমে শেখার সুযোগসহ নানা কিছু।

এখানে অংশ নেবে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞ। তিন দিনই থাকবে ঢাকা ও ঢাকার বাইরের সৌন্দর্যশিল্পীদের অংশগ্রহণে হেয়ার ও বিউটি শো।
সৌন্দর্যশিল্প খাতকে এগিয়ে নিতে এ আয়োজন ভূমিকা রাখবে বলে আশা করেন এশিয়ান এক্সপো অ্যান্ড কনফারেন্সের প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা সৈয়দ মাহাবুবুল আলম।

বিজ্ঞাপন

অন্যদিকে বিউটি সার্ভিসেস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি কানিজ আলমাস খান বলেন, এ প্রদর্শনীর মাধ্যমে প্রসাধনসামগ্রী উৎপাদনকারীদের সঙ্গে সৌন্দর্যসেবাসংশ্লিষ্টদের একত্র হওয়ার বিশাল সম্ভাবনার সৃষ্টি হবে।

এ সাংবাদিক সম্মেলনে বিওএসএবির অন্যান্য কর্মকর্তাও উপস্থিত ছিলেন। বাংলাদেশ হেয়ার অ্যান্ড বিউটি এক্সপো ২০২২ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করা যেতে পারে এ ওয়েবসাইটে: www.hairbeautyexpo.com

ছবি: এশিয়ান এক্সপো অ্যান্ড কনফারেন্স

প্রকাশ: ৩০ জুলাই ২০২২, ১৫: ১৮
বিজ্ঞাপন