
২০১৯ সালের অক্টোবরে যাত্রা করে জংশন। সেই সময় থেকে তারা তাদের আয়োজনগুলো সাজিয়ে আসছে নতুন নতুন শিল্পীকে সঙ্গে নিয়ে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, স্টুডিও জেন, স্টুডিও সিক্স বাই সিক্সে অনুষ্ঠিত হয় তাদের পূর্ববর্তী আয়োজনগুলো। এ ছাড়া আমেরিকান দূতাবাসের অধীন ইএমকে সেন্টারের সঙ্গে যৌথ উদ্যোগে অ্যাকুইস্টিক লাইভ সেশনের আয়োজন করে তারা।

তিনটি সফল আয়োজনের পর প্রায় দেড় বছরের বিরতি শেষে সৃষ্টিশীল উদ্যোক্তা, শিল্পী ও গায়কদের নিয়ে জংশন আয়োজন করতে যাচ্ছে নতুন একটি সিজনের, যার নামকরণ করা হয়েছে ‘অ্যাকুইস্টিকা ৪.১ অ্যান্ড নন্দন ৩.১ পাওয়ারড বাই গ্রাউন্ড জিরো’। এতে সংগীত পরিবেশন করবেন অঙ্কন কুমার ও গোধূলি। প্রিয় দুই শিল্পী তাঁদের মৌলিক এবং শ্রোতাদের পছন্দের গান নিয়ে হাজির হবেন আগামীকাল।
আর নতুন সব চিত্রকর্ম নিয়ে থাকবেন অনিন্দ্য নাহার হাবিব ও মাইশা লাবিবা তানভির। তেজগাঁও-গুলশান লিংক রোডে অবস্থিত ‘গ্রাউন্ড জিরো বাংলাদেশ’–এ আয়োজন শুরু হবে সন্ধ্যা ৬টায়। অনুষ্ঠান চলবে রাত ৯টা পর্যন্ত। আয়োজন সম্পর্কে জংশনের প্রতিষ্ঠাতা পূজন বিপ্রতীপ জানান, ‘আমরা বেশ বড় একটা বিরতির পর আবার ফিরে আসছি পরিপূর্ণ উদ্দীপনা নিয়ে। শহুরে যান্ত্রিক জীবনের বাইরে কিছুটা সময় যাতে সবাই একটু শান্তিতে কাটাতে পারেন, সেই প্রয়াসে আমাদের এই আয়োজন।

আশা করি, দর্শকেরাও প্রতিবারের মতোই আমাদের সঙ্গে থেকে একটা দারুণ সন্ধ্যা উপভোগ করবেন।’ এবারের আয়োজনের প্রবেশমূল্য রাখা হয়েছে ৭০০ টাকা। আগে এলে আগে পাবেন ভিত্তিতে অনলাইন রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন শ্রোতা–দর্শকেরা। আসন থাকা সাপেক্ষে ভেন্যুতে এসেও রেজিস্ট্রেশন করার সুযোগ রয়েছে। সে ক্ষেত্রে টিকিটের মূল্য হবে ৮০০ টাকা। কারণ, মাত্র ৭০ শ্রোতা এ আয়োজন উপভোগ করার সুযোগ পাবেন। জংশন হলো শিল্প আর নতুন উদ্যোগের সংযোগের একটি জায়গা, যা স্থানীয় শিল্পী ও উদ্যোক্তাদের সার্বিক উন্নয়নে কাজ করে। এখন পর্যন্ত ঢাকার বিভিন্ন স্থানে তিনটি অনুষ্ঠানের আয়োজন করেছে জংশন। গান, দৃশ্যকলা আর ক্ষুদ্র উদ্যোক্তাদের মজার সব পণ্য নিয়ে একেকটি মিলনমেলার আয়োজন করে থাকে জংশন।