ডিএমপির তত্ত্বাবধানে ফুলবাড়িয়া-যাত্রাবাড়ীতে নিরাময়ের স্বাস্থ্যসেবা
শেয়ার করুন
ফলো করুন

ঢাকার সড়কে প্রতিদিন দায়িত্ব পালন করা পরিবহনকর্মীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফুলবাড়িয়া ও যাত্রাবাড়ীতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করেছে নিরাময় ডিজিটাল সার্ভিসেস লিমিটেড। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের তত্ত্বাবধানে ১৯ সেপ্টেম্বর আয়োজিত এ কর্মসূচিতে চালক, সহকারী ও পরিবহন খাতের সংশ্লিষ্ট কর্মীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিষয়ক দিকনির্দেশনা দেওয়া হয়।

‘সড়কে শৃঙ্খলা ও সুস্বাস্থ্য’ উদ্যোগের অংশ হিসেবে দিনব্যাপী দুই স্থানে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে মোট ১০৫ জনের বেশি নিবন্ধন করেন এবং ১২০ জনের বেশি চিকিৎসকের পরামর্শ নেন। পাশাপাশি ৫৫ জনের বেশি অংশগ্রহণকারী নিরাময় অ্যাপ ইনস্টল করেন। ফুলবাড়িয়ায় ৪৫ জনের বেশি নিবন্ধন করেন, ৫০ জনের বেশি চিকিৎসকের পরামর্শ নেন এবং ২৫ জনের বেশি অ্যাপ ইনস্টল করেন। অন্যদিকে, যাত্রাবাড়ীতে ৬০ জনের বেশি নিবন্ধন, ৭০ জনের বেশি চিকিৎসা পরামর্শ এবং ৩০ জনের বেশি অ্যাপ ইনস্টলের তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞাপন

ফুলবাড়িয়ার কর্মসূচিতে ডিএমপি ট্রাফিক লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আহসানুল কামরান তানভীর এবং ট্রাফিক ফুলবাড়িয়া জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন। যাত্রাবাড়ীর কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবু তাহার এবং সহকারী পুলিশ কমিশনার আব্দুল হান্নান খান।

নিরাময়ের পক্ষ থেকে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালন কর্মকর্তা শাকিল জোয়াদ রহিম, মহাব্যবস্থাপক ও বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান হাসান হায়দার শুভসহ চিকিৎসক ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

নিরাময় জানিয়েছে, প্রতিদিন সড়কে দায়িত্ব পালন করা পরিবহনকর্মীদের সুস্বাস্থ্য নিরাপদ, সুশৃঙ্খল ও দায়িত্বশীল সড়ক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। এ উপলব্ধি থেকেই ডিএমপি ট্রাফিক বিভাগের সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

ছবি: নিরাময়

বিজ্ঞাপন
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭: ৪৮
বিজ্ঞাপন