আমিনা–মিরনের আয়োজন সময়ের ফোঁড়ে বাংলার গল্প
শেয়ার করুন
ফলো করুন

ঈদুল ফিতর ও বৈশাখ সামনে রেখে বাংলার ঐতিহ্য, লোকজ শিল্প ও ফ্যাশনের মেলবন্ধনে সাজানো সংগ্রহ নিয়ে অনুষ্ঠিত হয়েছে আমিনা রহমান ও মিরন হোসেনের প্রদর্শনী ‘সময়ের ফোঁড়ে বাংলার গল্প’।

বিজ্ঞাপন

ধানমন্ডির সফিউদ্দিন শিল্পালয়ে আজ শেষ হচ্ছে ঈদ উৎসবকে ঘিরে প্রদর্শনী ‘সময়ের ফোঁড়ে বাংলার গল্প’। আমিনা রহমান ও মিরন হোসেনের যৌথ সংগ্রহের এই আয়োজন শুরু হয়েছে ১২ মার্চ। উদ্বোধন করেন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, মানবাধিকার নেত্রী খুশী কবির ও রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনের চেয়ারম্যান গুলশান নাসরীন চৌধুরী।

ঈদুল ফিতর ও বৈশাখ সামনে রেখে বাংলার ঐতিহ্য, লোকজ শিল্প ও ফ্যাশনের মেলবন্ধনে সাজানো হয়েছে এই সংগ্রহ। দুই ফ্যাশন ডিজাইনার আমিনা রহমান এবং মিরন হোসেনের নিজেদের ব্র্যান্ড আরিয়ন ফ্যাশন ও মিরন’স। উভয়েই তুলে ধরেছেন বৈচিত্র্যময় ডিজাইন ও রঙের পোশাক। পাঁচ শতাধিক পোশাক ও পণ্যে সাজানো এই প্রদর্শনীতে রয়েছে জামদানি, সুতি, খাদি ও সিল্কের মতো বিভিন্ন ধরনের দেশীয় শাড়ি। এ ছাড়া আছে পাঞ্জাবি, উত্তরীয়, শার্ট, ব্যাগ, হাতে তৈরি গয়না এবং নানা ধরনের হস্তশিল্প।

বিজ্ঞাপন

আয়োজকেরা জানান, বাংলার ইতিহাস, ঐতিহ্য, হেরিটেজ আর লোকজ শিল্পের পরিচয়কে নতুনভাবে তুলে ধরাই এই প্রদর্শনীর মূল লক্ষ্য।

দুই ডিজাইনারের তাঁদের সৃষ্টিতে ধরা পড়েছে লোকজ নকশার মাধুর্য মোগল মোটিফ, গামছার ব্যবহার, ব্লক প্রিন্ট, ন্যাচারাল ডাই, স্ক্রিন প্রিন্ট ও রিকশাচিত্রের মতো বিভিন্ন অলংকরণ ও মাধ্যম। আবার কোথাও আধুনিক কাট, জিরো-ওয়েস্ট ধারণা এবং রঙের সাহসী ব্যবহারও দেখা যায়।

শুধু কেনাকাটার মধ্যেই সীমাবদ্ধ নয় এই আয়োজন। বরং বাংলার শিল্প–ঐতিহ্যের গল্পকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ারও একটি আন্তরিক প্রচেষ্টা বলেই অভিমত ডিজাইনার আমিনা রহমানের। তাই ‘সময়ের ফোঁড়ে বাংলার গল্প’ কেবল একটি ফ্যাশন প্রদর্শনী নয়, বরং ঐতিহ্য, শিল্প ও উৎসবের রঙে রাঙানো এক আয়োজন।

ছবি: হাল ফ্যাশন

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১৩: ১৮
বিজ্ঞাপন