
বাংলা নববর্ষ উদ্যাপনে আর্কা কালেকটিভস আয়োজন করছে ‘আর্কা বৈশাখ ১৪৩৩’। মেলা, বিভিন্ন অ্যাকটিভিটি, বায়োস্কোপ, পুতুলনাচ, নাগরদোলা, সংগীত, নৃত্য, লাইভ শো, খাবার—সবকিছুতে থাকবে বাঙালি ঐতিহ্য ও আধুনিক সৃজনশীলতার সমন্বয়।
‘আর্কা বৈশাখ ১৪৩৩’ শিরোনামে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদ্যাপন করছে আর্কা কালেকটিভস। ১৩ ও ১৪ এপ্রিল গুলশান–তেজগাঁও লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে এই উৎসব। প্রথম দিন বেলা ২টায় শুরু হবে; আর দ্বিতীয় দিন সকাল ১০টা থেকে রাত পর্যন্ত নানা আয়োজনে মুখর থাকবে এই উৎসব প্রাঙ্গণ।

মেলা, খেলাঘর, ভোজনালয়, কালেকটিভ মঞ্চ—এই চারটি জোনে আয়োজিত হবে আর্কা বৈশাখ। আলোকির মূল হলের নিচতলায় বসবে মেলা, অর্থাৎ মার্কেটপ্লেস। দোতলায় ভোজনালয়। কাচের ঘরে খেলাঘর। বাইরের খোলা অংশে কালেকটিভ মঞ্চ। এখানে থাকবে নাগরদোলাও। আয়োজকদের মতে, ‘আর্কা বৈশাখ ১৪৩৩’ শুধু একটি উৎসব নয়, বরং বাংলাদেশের সংস্কৃতি, সৃজনশীলতা ও তরুণ প্রজন্মের শক্তিকে একত্র করার একটি প্ল্যাটফর্ম।
দেশীয় ব্র্যান্ডস, ডিজাইনার, বিভিন্ন কারুশিল্পী ও ইনডিপেনডেন্ট ক্রিয়েটরস একত্র হবেন এখানে। পোশাক, হ্যান্ডক্রাফটেড অ্যাকসেসরিজ, লাইফস্টাইল, বিউটি, পারসোনাল কেয়ার প্রোডাক্টসও থাকবে এখানে। বাংলাদেশি নকশার ঐতিহ্য ও সমকালীন রূপকে একসঙ্গে তুলে ধরা হচ্ছে এই নির্বাচিত মেলায়।

কেনাকাটা ছাড়াও বৈশাখী মেলার অন্যতম আকর্ষণ থাকে বিভিন্ন অ্যাকটিভিটি। ‘খেলাঘর’ এমন একটি ইন্টারঅ্যাকটিভ স্পেস, যা ঐতিহ্যবাহী গ্রামীণ বৈশাখী মেলার আবহে সাজানো হবে। দেশীয় বোর্ড গেম, বায়োস্কোপ, ফেস পেইন্টিং, পুতুলনাচ, বেণি করাসহ নানা বিনোদনমূলক আয়োজন থাকছে। সব বয়সের দর্শনার্থীরা অংশ নিতে পারবেন এখানে।
খাবার ছাড়া কি মেলা হয়? ভোজনরসিকদের জন্য ‘ভোজনালয়’ জোনে থাকবে পান্তা-ইলিশসহ বিভিন্ন স্ট্রিটফুড ও অন্যান্য খাবার।

আর্কা বৈশাখ ১৪৩৩ উৎসবের কেন্দ্রবিন্দু কালেকটিভ মঞ্চ। ঢাকঢোলের তালে উদ্বোধন থেকে শুরু করে দুই দিনই ধারাবাহিকভাবে চলবে বাউলগান, রবীন্দ্রসংগীত, ক্ল্যাসিক্যাল সংগীত ও নৃত্য; পাশাপাশি বিভিন্ন লাইভ পারফরম্যান্স তো থাকছেই। কার্নিভ্যাল, শিবু, ফিরোজ জংসহ বিভিন্ন শিল্পীর লাইভ পারফরম্যান্স মাতিয়ে রাখবে এই মেলা।
আয়োজনে অংশীদার হিসেবে রয়েছে প্রাইম নাউ, সার্কেল, আমি ঢাকা ও আর্কা স্টুডিও। সব মিলিয়ে ঐতিহ্য ও আধুনিকতার মিলনে আর্কা বৈশাখ ১৪৩৩ ঢাকাবাসীর জন্য এক ভিন্নধর্মী ও বহুমাত্রিক নববর্ষ উদ্যাপনের আবহ তৈরি করছে।
ছবি: আর্কা কালেক্টিভস