অনুষ্ঠিত হয়েছে ‘উদ্যোক্তা ভূমি’র রাজশাহী পর্ব
শেয়ার করুন
ফলো করুন

ঢাকার পরে রাজশাহীতে এবার নতুন উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত হলো দিনব্যাপী আড্ডা। এর নাম দেওয়া হয়েছে ‘উদ্যোক্তা ভূমি’। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়েছে উদ্যোক্তা ভূমির ঢাকা পর্ব। এরই ধারাবাহিকতায় ৩০ আগস্ট ২০২৪-এ রাজশাহীর ভিক্টোরিয়া কনভেনশন হলে ৬০ জনের বেশি নতুন ও পুরোনো উদ্যোক্তাকে নিয়ে আয়োজিত হয় উদ্যোক্তা ভূমির রাজশাহী পর্ব।

দেশের শীর্ষ সারির ফ্যাশন ব্র্যান্ড বিশ্বরঙ এই আড্ডার আয়োজন করে। উদ্যোগী ভূমিকায় ছিলেন ব্র্যান্ডটির প্রধান ও ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা। আড্ডার শুরুতেই তাঁকে স্বাগত জানান উদ্যোক্তারা। বিপ্লব সাহা জানান, শুধু মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য নয়, উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যার সমাধানের উদ্দেশ্যে বিশ্বরঙের এই আয়োজন।

বিজ্ঞাপন

রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা–উপজেলা থেকে আসা নারী ও পুরুষ উদ্যোক্তাদের পরিচিতি দিয়ে শুরু হয় দিনব্যাপী এই আড্ডার প্রথম পর্ব। নানা সৃজনশীল ভাবনা ও পরিকল্পনা নিয়ে আলোচনা হয় এ আড্ডায়। উদ্যোক্তারা নিজেদের জীবনের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। মূলধন সমস্যা থেকে শুরু করে পারিবারিক ও সামাজিক বাধার সম্মুখীন হওয়ার মতো বিষয়ও উঠে আসে।

অনুষ্ঠানে উপস্থিত উদ্যোক্তারা
অনুষ্ঠানে উপস্থিত উদ্যোক্তারা

উদ্যোক্তাদের সমস্যা সমধানে নানা পরামর্শ দেন বিপ্লব সাহা। ডিজাইন ভাবনা থেকে শুরু করে কাঁচামাল কেনা ও তৈরি এবং পণ্যের মূল্য নির্ধারণে নানা দিকনির্দেশনাও প্রদান করেন। ক্রয়ে সাশ্রয়ী হতে বলেন।

বিজ্ঞাপন

দুপুরের বিরতির পর উদ্যোক্তা ভূমির দ্বিতীয় পর্ব শুরু হয়। এই অংশে উদ্যোক্তাদের তৈরি পণ্য দেখে প্রয়োজনীয় পরামর্শ দেন বিপ্লব সাহা। বিভিন্ন পেশা ও বয়সের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন উদ্যোক্তা ভূমির রাজশাহীর পর্বে। এত গোছানো আয়োজনে দিকনির্দেশনামূলক আয়োজনে সন্তুষ্ট উদ্যোক্তারা আগামীতেও এমন আয়োজনের প্রত্যাশা করেন।

নিজের অভিজ্ঞতার কথা জানাচ্ছেন এক উদ্যোক্তা
নিজের অভিজ্ঞতার কথা জানাচ্ছেন এক উদ্যোক্তা

উদ্যোক্তা ভূমির রাজশাহী পর্ব আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন মাহি বুটিক হাউসের স্বত্বাধিকারী মুন্নি আক্তার। বিশ্বরঙের স্বত্বাধিকারী বিপ্লব সাহা ছাড়াও অন্যদের সঙ্গে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় খাদ্য পরিবহন ঠিকাদার সমিতির সভাপতি ও এফডব্লিউসিএর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ওয়াহিদা খানম লিপি, পার্লার ওনার্স অ্যাসোসিয়েশন অব রাজশাহীর প্রেসিডেন্ট তথা মৌ বউটি পার্লার ও স্কিন কেয়ার সেন্টারের স্বত্বাধিকারী রুকসানা হুদা, আমার শিল্প ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও রং রেজিনির স্বত্বাধিকারী আফরোজা আজিজ মুন্নি এবং শি ফ্যাশনের স্বত্বাধিকারী উরোশি ফাতিহা।

ছবি: বিশ্বরঙ

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ১৩: ০০
বিজ্ঞাপন