জলাধার পরিচ্ছন্নতা অভিযানে সংযোগ
শেয়ার করুন
ফলো করুন

হাল ফ্যাশন ডেস্ক রিপোর্ট

‘এই শহর আমার, পরিচ্ছন্নতাই হোক অঙ্গীকার’–এ প্রতিপাদ্যে বিশ্বাসী দেশের অন্যতম সুপরিচিত সেবামূলক সংস্থা সংযোগ কানেকটিং পিপল ফাউন্ডেশন। ফাউন্ডেশনটি ঢাকা শহরের সব লেক বা জলাধারে এই বছর থেকে প্লাস্টিক ও পলিথিন বর্জ্য সংগ্রহ, বর্জ্য ব্যবস্থাপনা ও সচেতনতা তৈরির উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে আজ শনিবার ধানমন্ডি লেকে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ, বর্জ্য ব্যবস্থাপনা ও জনসাধারণের মধ্যে যত্রতত্র ময়লা না ফেলার ব্যাপারে সচেতনতা তৈরি কার্যক্রম নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সকাল ৯টা থেকে ধানমন্ডি লেকের রবীন্দ্রসরোবর মুক্তমঞ্চে অংশগ্রহণকারী সবার উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। ১০০ জন স্বেচ্ছাসেবকের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হয়েছে। তবে উৎসাহী অনেককেই যোগ দিতে দেখা গেছে। লেকের পাড় ও লেকের পানি থেকে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়েছে। প্লাস্টিক সংগ্রহে সংযোগের এই উদ্যোগ বছরব্যাপী চলবে এবং পর্যায়ক্রমে ঢাকার প্রতিটি লেকসহ যেকোনো জায়গায় প্লাস্টিক কালেকশন ও রিসাইকেলের যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এই স্বেচ্ছাশ্রমভিত্তিক উদ্যোগে সংযোগের সঙ্গে অংশ নিয়েছেন এইটিথ্রি ক্যানভাস (এসএসসি ৮৩ ব্যাচের বন্ধুদের সামাজিক সংগঠন), বাজার থ্রি সিক্সটি ফাইভ নামে অর্গানাইজেশন, পথ শিশুদের নিয়ে কাজ করে ‘শিহরণ’ নামের সামাজিক সংগঠনের ৩০ শিশু, ধানমন্ডির স্কুল অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (সোডা) শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। এইটিথ্রি ক্যানভাসের পক্ষ থেকে স্থপতি সামিনা রেজা বলেন, ‘ধানমন্ডি লেক আমাদের নগর সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। আমাদের এই প্রাণের সংগঠনটির পক্ষ থেকে এমন একটি সুন্দর উদ্যোগের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমরা খুবই আনন্দিত।’

বিজ্ঞাপন

সংযোগ কানেকটিং পিপল ফাউন্ডেশন এই সংগৃহীত প্লাস্টিক দিয়ে পরিবেশবান্ধব ফার্নেস অয়েল ও প্লাস্টিক টাইলস উৎপাদনের টেকসই উদ্যোগ নিয়েছে, যা বাংলাদেশের প্রেক্ষাপটে এক অভিনব ব্যাপার। এ প্রসঙ্গে সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী আহমেদ জাভেদ জামাল বলেন, ‘প্লাস্টিক বর্জ্য শুধু সংগ্রহ করাই শেষ কথা নয়। ল্যান্ডফিলে প্লাস্টিক বর্জ্য না বাড়িয়ে একে রিসাইকেল করার টেকসই উদ্যোগ নিতে চাই আমরা।’

সংযোগ কানেকটিং পিপল ফাউন্ডেশন একটি সেবামূলক সংস্থা, যা ২০২০ সালে করোনা মহামারির সময় প্রতিষ্ঠিত হয়। সারা দেশে ৫৪ জেলায় অক্সিজেন ব্যাংক স্থাপনসহ ১০টি সরকারি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম তৈরি করা হয় সংযোগের উদ্যোগে। বছরজুড়ে বিভিন্ন সেবামূলক কাজের অংশ হিসেবে আজকের এই ধানমন্ডি লেকে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও পরিচ্ছন্নতা অভিযানটি অত্যন্ত সময়োপযোগী হয়েছে নিঃসন্দেহে।

প্রকাশ: ১৮ মার্চ ২০২৩, ১৪: ৪০
বিজ্ঞাপন