
আর্কা ফ্যাশন উইক প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় ২০২৩ সালের ২৬ থেকে ২৮ অক্টোবর। এবং আয়োজনটির দ্বিতীয় আসর অনুষ্ঠিত হবে ১৩ থেকে ১৬ জুন, আলোকি কনভেনশন সেন্টারে। চার দিনের এই ফ্যাশন উইক নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্কা ফ্যাশন উইকের প্রতিষ্ঠাতা আসাদ সাত্তারসহ মূল আয়োজক কমেটির সদস্য শেখ সাইফুর রহমান, তাহসিন এন চৌধুরী, অমিয়া খন্দকার ও শিফা মামুন। অনুষ্ঠানের শুরুতে শেখ সাইফুর রহমান আর্কা ফ্যাশন উইকের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, আর্কা ফ্যাশন উইকের সূচনা আয়োজনই মাতিয়ে দেয় গোটা শহরকে। গেল আসরে উপস্থিত হয়েছিলেন সাত হাজার দর্শনার্থী। এই সংখ্যাই তুলে ধরে আর্কা ফ্যাশন উইকের জনপ্রিয়তার বিষয়টি। আর এটা সবচেয়ে বেশি আকৃষ্ট করে তরুণদের। গতবার একটি বিশেষ উদ্যোগ ছিল ‘আর্কা স্টুডিও’। এবারও আর্কা স্টুডিও ডিজাইনার ও ব্র্যান্ডদের সমান সুযোগ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

আর্কা ফ্যাশন উইকের প্রতিষ্ঠাতা আসাদ সাত্তার আয়োজনটির মূল উদ্দেশ্য নিয়ে বলেন, ‘আর্কা ফ্যাশন উইকের মাধ্যমে আমরা চাই পোশাক রপ্তানিকারক থেকে ফ্যাশন রপ্তানিকারক দেশে বাংলাদেশের উন্নীত হওয়ার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে। পাশাপাশি আমাদের সংস্কৃতিকে বিশ্বময় ছড়িয়ে দিতে বাংলাদেশি ব্র্যান্ড ও রিটেইল লেবেলগুলোর সাফল্যে অবদান রাখা। আর্কা বিশ্বাস করে যে আমাদের ফ্যাশন এবং টেক্সটাইল শিল্পের এই বিবর্তন আমাদের দেশের মর্যাদা বৃদ্ধির পাশাপাশি আমাদের অর্থনীতিকে আরও উন্নত করতে সাহায্য করবে।’
তা ছাড়া আর্কা ফ্যাশন উইক বাংলাদেশের প্রত্যেকের জন্য ফ্যাশন ইন্ডাস্ট্রিতে নিজেকে তুলে ধরার উপযুক্ত সুযোগ। এবার ইভেন্টে থাকছে বিশেষভাবে কিউরেট করা শীর্ষ ব্র্যান্ড আর ডিজাইনারদের রানওয়ে শো এবং পোশাক ও আনুষঙ্গ সংগ্রহের প্রদর্শনী। এ ছাড়া এই ইভেন্ট আরও একটি কারণে গুরুত্বপূর্ণ। বস্তুত এটা এমন একটা ইভেন্ট, যেখানে ফ্যাশনসচেতনরা অনায়াসে তাঁদের নিজস্ব স্টাইলে উপস্থাপন করতে পারবেন। গেল আসরের মতো এবারও যথারীতি আর্কা ফ্যাশন উইকে ফুড জোন ছাড়াও থাকবে প্রতি রাতে বিভিন্ন মিউজিক্যাল পারফরম্যান্স। এ ছাড়া আরও থাকছে মার্কেটপ্লেস, ডিজাইন ল্যাব, দ্য রানওয়ে, প্রদর্শনী ও সেমিনার।
একনজরে দেখে নেওয়া যাক আর্কা ফ্যাশন উইক সামার ২০২৪–এর সব আয়োজন

মার্কেটপ্লেস
আর্কা ফ্যাশন উইকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো এই মার্কেটপ্লেস। এখানে সমাগম ঘটে বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ড ও ফ্যাশন উদ্যোক্তাদের, যাঁরা বাংলাদেশে তৈরি ফ্যাশন পণ্য নিয়ে কাজ করে থাকেন। মার্কেটপ্লেসে অংশ নেওয়া ব্র্যান্ডগুলো যেন টেকসই বিষয়কে গুরুত্ব দেয়, এটাই তাদের কাছে আমাদের প্রত্যাশা। আর্কা ফ্যাশন উইকের মার্কেটপ্লেসে যাঁরা অংশ নিয়ে থাকেন, তাঁদের বেশির ভাগই মূলত ক্ষুদ্র উদ্যোক্তা বা ই–কমার্স ও এফ–কমার্স ব্র্যান্ড। কিন্তু এসব ব্র্যান্ডের মূল সমস্যা হলো নিজেদের প্রকাশের সুযোগ সীমিত। এই ব্যবধান দূর করে বাংলাদেশের অনন্য সব স্থানীয় ব্র্যান্ডগুলোকে একটি প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করছে আর্কা ফ্যাশন উইক।
ডিজাইন ল্যাব
এটি একটি ইন্টার্যাক্টিভ স্পেস। এখানে যে কেউ নিজস্ব ডিজাইনে পোশাক বা অনুষঙ্গ তৈরি করতে পারে। ধারণাটি হলো, এখানে যে কেউ আসবে একটি ‘ক্যানভাস’ কেনার মতো করে। আর এই ক্যানভাস হলো একটি প্লেইন টি-শার্ট, টুপি, টোট ব্যাগ বা স্কার্ফের মতো পণ্য। সেখানে থাকবে সাতটা স্টেশন। এর যেকোনোটা থেকে তারা ব্লক প্রিন্টিং, স্ক্রিন প্রিন্টিং, হ্যান্ডপেইন্ট, অ্যাপলিকে আর প্যাচওয়ার্কের মতো কোনো না কোনো মাধ্যমে ভ্যালু অ্যাড করে নিতে পারবে নিজের মতো করে। এখানে যেকোনো বয়সীই অংশ নিতে পারবেন। উপভোগ করবেন নিজের সৃজনশীলতার সৌন্দর্য। এটি একটি ডিজাইন ল্যাব; কোনো কর্মশালা নয়। ফলে যে কেউ যেকোনো সময়ে আসতে পারেন। এখানে যে কেউ একটি পণ্য কিনে নিজের পছন্দমতো যেকোনো স্টেশনে গিয়ে নিজের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটাতে পারেন।
দ্য রানওয়ে
এটি একটি এক্সক্লুসিভ সেগমেন্ট। এখানে প্রবেশাধিকার থাকবে কেবল আমন্ত্রিতদের। প্রতিদিন ৪ ভাগে ফ্যাশন শো অনুষ্ঠিত হবে। এখানে বলে রাখা ভালো, প্রথম দিন কোনো শো থাকবে না। দ্বিতীয় দিন থেকে তিন দিন ফ্যাশন শো অনুষ্ঠিত হবে। এই শোতে পোশাক সংগ্রহ উপস্থাপন করবে দেশের শীর্ষস্থানীয় ডিজাইনারদের পাশাপাশি এক্সক্লুসিভ ডিজাইনার ব্র্যান্ড। আজরা মাহমুদ, মেহরুজ মুনীর, নওশিন খায়ের ও জারিন রশিদ এবারের রানওয়ে কিউরেট করেছেন। রানওয়েতে অংশগ্রহণকারীদের প্রত্যেককে সতর্কতার সঙ্গে নির্বাচন করা হয়েছে। সম্ভবত এই ইভেন্টের সবচেয়ে প্রত্যাশিত অংশগুলোর একটি এই রানওয়ে। এখানে কেবল শীর্ষ সারির ডিজাইনারদের সৃজনশীলতাই প্রদর্শিত হবে না, পাশাপাশি রানওয়েতে আত্মপ্রকাশ ঘটবে নতুন মডেলদেরও। তাঁরা অংশ নেবেন মডেলহান্টের চূড়ান্ত প্রতিযোগিতায়। আরও থাকবে আফসানা ফেরদৌসীর তত্ত্বাবধানে ফ্যাশন ডিজাইন শিক্ষার্থীদের অংশগ্রহণ।

প্রদর্শনী ও সেমিনার
আর্কা ফ্যাশন উইকের এবারের আসরে যোগ হচ্ছে কর্মশালা ও সেমিনারের মতো নতুন কয়েকটি বিষয়। আর্কা ফ্যাশন উইক ফ্যাশনের সব দিকে নজর দিতে চায়; বিশেষত যেখানে রয়েছে এই শিল্পের নানা সমস্যা ও চ্যালেঞ্জ। বস্তুত আমাদের দেশের ফ্যাশনশিল্পের বিদ্যমান সমস্যা সমাধানের জন্য সেমিনার আয়োজন অপরিহার্য বলে মনে হয়েছে। তদুপরি, ইভেন্টে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী বয়নশিল্প সংরক্ষণের বিষয়কে গুরুত্ব দিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। তাহসিন এন চৌধুরীর নেতৃত্বে, নওশীন খায়ের, শেখ সাইফুর রহমান ও জুয়েল এ রব আছেন এই কর্মযজ্ঞের সঙ্গে। এটি কিউরেট করছেন জুয়েল এ রব।
আর্কা ফ্যাশন উইক সামার ২০২৪–এর স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে থাকছে আলোকি কনভেনশন সেন্টারে, ভাই ভাই প্রডাকশানস, ব্লিৎজ, আইসটুডে, হাল ফ্যাশন।