১৬ দেশের অংশগ্রহণে ৩ সেপ্টেম্বর শুরু কসমেটিকা ঢাকা ২০২৬
শেয়ার করুন
ফলো করুন

দেশের দ্রুত বর্ধনশীল কসমেটিকস, পার্সোনাল কেয়ার ও হাইজিন পণ্যের বাজারে দেশি-বিদেশি বিনিয়োগ ও ব্যবসার সম্ভাবনা তুলে ধরতে আগামী ৩ সেপ্টেম্বর থেকে রাজধানীতে শুরু হচ্ছে ‘কসমেটিকা ঢাকা ২০২৬’। রাজধানীর ৩০০ ফিটের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) দ্বিতীয়বারের মতো আয়োজিত হচ্ছে তিন দিনের প্রদর্শনী।

বাংলাদেশের পাশাপাশি কোরিয়া, থাইল্যান্ড, ভারতসহ ১৬টি দেশের প্রসাধনী ব্র্যান্ড, প্রস্তুতকারক, সরবরাহকারী, খুচরা বিক্রেতা ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা প্রদর্শনীতে অংশ নেবেন। এতে শতাধিক পণ্যের স্টল, লাইভ ডেমো, বিউটি কনসালটেশন, স্কিনকেয়ার বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা এবং উদ্যোক্তাদের জন্য নেটওয়ার্কিংয়ের সুযোগ থাকবে।

বিজ্ঞাপন

আয়োজকেরা বলছেন, দেশে কসমেটিকস, টয়লেট্রিজ ও পার্সোনাল কেয়ার পণ্যের বাজার বর্তমানে ৩৫ হাজার কোটি টাকার বেশি। স্থানীয় ব্র্যান্ডের উপস্থিতি বাড়ার পাশাপাশি পণ্যের বৈচিত্র্য, গুণগত মান, প্যাকেজিং এবং প্রযুক্তিনির্ভর উৎপাদনে বিনিয়োগও বাড়ছে। মূল্যসাশ্রয়ী পণ্যের চাহিদা বৃদ্ধির কারণে স্থানীয় উদ্যোক্তাদের বাজার সম্প্রসারণের সুযোগও তৈরি হয়েছে।

শিল্পসংশ্লিষ্টদের মতে, এই খাতে স্থানীয় কাঁচামাল উৎপাদন, আধুনিক উৎপাদন প্রযুক্তি, মান নিয়ন্ত্রণ, গবেষণা ও উন্নয়ন, পরিবেশবান্ধব প্যাকেজিং এবং রপ্তানিমুখী উৎপাদনে বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে। স্থানীয়ভাবে কাঁচামাল ও উপকরণ উৎপাদনের সক্ষমতা বাড়ানো গেলে আমদানিনির্ভরতা কমানোর পাশাপাশি উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। একই সঙ্গে মানসম্মত পণ্য উৎপাদনের মাধ্যমে দক্ষিণ এশিয়া ও অন্যান্য আঞ্চলিক বাজারে রপ্তানির সম্ভাবনাও রয়েছে।

বিজ্ঞাপন

এর আগে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) এক গবেষণায় দেশের কসমেটিকস ও হাইজিন পণ্যের বাজারের আকার ৩৪ হাজার কোটি টাকার বেশি বলে উল্লেখ করা হয়েছিল। স্কিনকেয়ার, হেয়ার কেয়ার, কালার কসমেটিকস, ফ্র্যাগরেন্স, গ্রুমিং ও হাইজিন পণ্যের ব্যবহার বাড়ায় বাজারটির পরিধিও ক্রমশ বিস্তৃত হচ্ছে বলে জানিয়েছে আয়োজকরা।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) বিনিয়োগ কাঠামোয় কসমেটিকস ও টয়লেট্রিজও অগ্রাধিকারপ্রাপ্ত শিল্পখাতগুলোর একটি। ফলে স্থানীয় উৎপাদন, আধুনিক প্রযুক্তি, গবেষণা ও উন্নয়ন, মান নিয়ন্ত্রণ, প্যাকেজিং এবং রপ্তানিমুখী উৎপাদনে নতুন বিনিয়োগের সুযোগ রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ফাইল ছবি: আয়োজক

আয়োজক প্রতিষ্ঠান স্কোয়াডমাইন্ড গ্লোবাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানজিন সুলতানা প্রিয়াংকা বলেন, “বাংলাদেশের কসমেটিকস, স্কিনকেয়ার, ফ্র্যাগরেন্স ও পার্সোনাল কেয়ার খাত এখন একটি সম্ভাবনাময় শিল্পে পরিণত হয়েছে। এবারের আয়োজনে কসমেটিকস, স্কিনকেয়ার, ফ্র্যাগরেন্স, পার্সোনাল কেয়ার ও হাইজিন পণ্য, প্রযুক্তি ও সেবা প্রদর্শনের পাশাপাশি ব্যবসায়িক নেটওয়ার্কিং ও বিনিয়োগের সুযোগ থাকবে।”

তিনি বলেন, “বাংলাদেশের এই সম্ভাবনাকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরাই আমাদের অন্যতম লক্ষ্য।”

আয়োজকদের আশা, প্রদর্শনীটি দেশের সম্ভাবনাময় কসমেটিকস ও পার্সোনাল কেয়ার শিল্পে নতুন বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব তৈরিতে ভূমিকা রাখবে।

প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫: ০০
বিজ্ঞাপন