ইনমার থার্টি আন্ডার থার্টিতে এবার প্রথম আলোর তাহমিদ জারিফের
শেয়ার করুন
ফলো করুন

বিশ্বের সংবাদমাধ্যম খাতের তরুণ নেতৃত্বকে সম্মান জানাতে প্রতিবছর এই পুরস্কার দেয় ইনমা। চলতি বছর ১৮০টি আবেদন থেকে বিশ্বের ৩০ জন তরুণ পেশাজীবীকে এই সম্মাননার জন্য নির্বাচিত করা হয়েছে।

ইনমার প্রকাশিত তথ্যে বলা হয়, বিপণন বিষয়ে বিবিএ শেষ করে তাহমিদ জারিফ প্রথমে বসুন্ধরা গ্রুপে শিক্ষানবিশ হিসেবে কাজ শুরু করেন। এরপর ২০২৪ সালে প্রথম আলোতে কনিষ্ঠ নির্বাহী হিসেবে যোগ দিয়ে মাত্র ১৮ মাসের মধ্যে বিজ্ঞাপন ও ব্যবসা উন্নয়ন বিভাগে নির্বাহী পদে উন্নীত হন।

তাঁর নেতৃত্বে প্রথম আলোর বেশ কয়েকটি নতুন বাণিজ্যিক উদ্যোগ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এর মধ্যে রয়েছে বিলাসবহুল ভ্রমণবিষয়ক সাময়িকী বর্ণিল বেড়ানো, যা পাঁচতারকা হোটেল ও বিমান সংস্থাগুলোর জন্য নতুন বিজ্ঞাপনের ক্ষেত্র তৈরি করে ১১ লাখ টাকা আয় করে। এছাড়া দেশের বিমান চলাচল খাত নিয়ে বিশেষ প্রকাশনা এবং পর্যটন ও আতিথেয়তা খাতকেন্দ্রিক চেক ইন প্রকাশনার উদ্যোগও নেন তিনি।

বিজ্ঞাপন

তাঁর সবচেয়ে আলোচিত উদ্যোগ উন্নয়ন সঙ্গী, যা বাংলাদেশের প্রথম বেসরকারি উন্নয়ন সংস্থাকেন্দ্রিক গণমাধ্যম প্রকাশনা হিসেবে আত্মপ্রকাশ করে। এই উদ্যোগে ব্র্যাক ও শক্তি ফাউন্ডেশনের মতো প্রতিষ্ঠানের অংশীদারত্বের মাধ্যমে ২০২৫ সালে এনজিও খাত থেকে এক কোটি ৭১ লাখ ৬০ হাজার টাকার বিজ্ঞাপন আয় আসে।
আইএনএমএ জানায়, তথ্যনির্ভর বিশ্লেষণকে খাতভিত্তিক পণ্য উদ্ভাবনের সঙ্গে যুক্ত করার সক্ষমতা তাহমিদ জারিফকে বাংলাদেশের সংবাদমাধ্যম শিল্পের সম্ভাবনাময় ভবিষ্যৎ নেতা হিসেবে আলাদা পরিচিতি দিয়েছে।

পুরস্কারের জন্য নির্বাচিতদের ক্ষেত্রে ৩০ বছরের কম বয়সী হওয়া, সংবাদমাধ্যম প্রতিষ্ঠানে কর্মরত থাকা, শিল্পে পরিবর্তন আনার সক্ষমতা, উল্লেখযোগ্য অর্জন এবং নেতৃত্বের গুণাবলিকে গুরুত্ব দিয়েছেন বিচারকেরা।

ইনমার নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আর্ল জে. উইলকিনসন বলেন, “এবারের ‘থার্টি আন্ডার থার্টি’ সম্মাননাপ্রাপ্তরা দেখিয়ে দিচ্ছেন সংবাদমাধ্যমের ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে। তারা অনুমতির অপেক্ষা করছেন না, বরং নিজেরাই সংবাদমাধ্যমের ব্যবসায়িক ভবিষ্যৎ নতুনভাবে গড়ে তুলছেন।”

বিজ্ঞাপন
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১: ৩১
বিজ্ঞাপন