শেরাটন ঢাকা ও ওয়েস্টিনে বর্ষবরণে থাকছে দারুণ সব আয়োজন
শেয়ার করুন
ফলো করুন

পহেলা বৈশাখ উপলক্ষে শেরাটন ঢাকা আয়োজন করছে “বর্ষবরণ মেলা ২০২৬”। ১৪ এপ্রিল হোটেলটির আইকনিক গ্র্যান্ড বলরুমে দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে দিনব্যাপী এই উৎসব। গত বছরের সফলতার ধারাবাহিকতায় এবারের আয়োজন আরও বড় পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রবেশমূল্য রাখা হয়েছে জনপ্রতি ২৫০০ টাকা, যেখানে ফুড কুপন অন্তর্ভুক্ত থাকছে। ৫ বছরের নিচের শিশুদের জন্য প্রবেশ ফ্রি। খাবারের তালিকায় থাকছে চটপটি, ঝালমুড়ি, ফালুদা, গুড়ের চা, ক্যান্ডিফ্লস, আইসড গোলা এবং লাইভ পিঠা স্টেশন যেখানে চিতই, ভাপা ও তেলের পিঠা পরিবেশন করা হবে। এছাড়া পান্তা-ইলিশ, বীফ খিচুড়ি এবং ফ্রাইড রাইস উইথ চিকেন ফ্রাইও থাকবে।

মেলায় অতিথিদের বিনোদনের জন্য রাখা হয়েছে ট্রেন রাইড, বাবল হাউস, টি-কাপ রাইড, সার্কাস ও পাপেট শো, বায়োস্কোপ, মেরি-গো-রাউন্ডসহ নানা আয়োজন। পাশাপাশি শিশু ও বড়দের জন্য বিভিন্ন প্রতিযোগিতা। শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কিডস ফ্যাশন শো, বিস্কুট দৌড়, বেলুন ফাটানো এবং নারীদের জন্য মিউজিক্যাল চেয়ার। এর উদ্দেশ্য উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলা। এছাড়াও পোশাক, গয়না, হস্তশিল্প ও লাইফস্টাইল পণ্যের স্টল থাকছে, যা মেলাটিকে একটি পূর্ণাঙ্গ উৎসবের রূপ দেবে।

বিজ্ঞাপন

অন্যদিকে দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করতে যাচ্ছে “বৈশাখী আয়োজন ২০২৬”, যা অনুষ্ঠিত হবে ১৪ এপ্রিল সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্র্যান্ড বলরুমে। এই আয়োজনে থাকছে লাইভ ফোক মিউজিক, বায়োস্কোপ, টিয়া পাখির ভাগ্য গণনা, ম্যাজিক শো, বেলুন শুটিং, ট্রেন রাইড, জাম্পিং ক্যাসেলসহ নানা বিনোদনমূলক কার্যক্রম। শিশুদের জন্য বিশেষভাবে সাজানো হয়েছে ইন্টার্যাক্টিভ গেমস ও অ্যাক্টিভিটি জোন। খাবারের তালিকায় থাকছে পান্তা-ইলিশ, ফুচকা, চটপটি, পিঠা, ঝালমুড়ি, লাইভ জিলাপি স্টেশন, বাতাসা, মিষ্টান্ন, আইসক্রিম, জুস বার এবং চায়ের স্টলসহ বৈচিত্র্যময় বৈশাখী পদ। এই আয়োজনে প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ২০০০ টাকা (ফুড কুপনসহ), এবং ০–৫ বছর বয়সী শিশুরা প্রবেশ করতে পারবে বিনামূল্যে।

আয়োজকদের প্রত্যাশা, নগরবাসী যেন সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে নতুন বছরের প্রথম দিনটি স্বাচ্ছন্দ্যে কাটাতে পারেন সেই লক্ষ্যেই এই আয়োজন। দুই হোটেলের এই উদ্যোগ শুধু বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির এক প্রাণবন্ত প্রতিফলন। নিরাপদ ও প্রিমিয়াম পরিবেশে পরিবার ও বন্ধুদের সঙ্গে পহেলা বৈশাখ উদযাপনের জন্য এটি হতে পারে এক অনন্য গন্তব্য। রাজধানীবাসীর জন্য তাই এবারের বাংলা নববর্ষ হোক আরও রঙিন, আনন্দময় ও স্মরণীয় এমনটাই প্রত্যাশা।

বিজ্ঞাপন
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১১: ০০
বিজ্ঞাপন