
অনন্ত আম্বানির নেতৃত্বে পরিচালিত বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন উদ্যোগ ‘ভান্তারা’ এবার চমক দেখাল ভিন্ন এক অঙ্গনে। এই উদ্যোগ সম্প্রতি চালু করেছে ‘ভান্তারা ক্রিমারি’—ভারতীয় স্বাদ, নস্টালজিয়া ও কারিগরি দক্ষতার সমন্বয়ে তৈরি একটি আর্টিজানাল আইসক্রিম ব্র্যান্ড। আর উদ্বোধনের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এর মূল্য। এক স্কুপ আইসক্রিমের দাম শুরু হচ্ছে ৭৫০ রুপি থেকে, যা বাংলাদেশি টাকায় প্রায় এক হাজার টাকা।

মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড ড্রাইভে বিশেষভাবে সাজানো একটি আইসক্রিম ট্রাকের মাধ্যমে ব্র্যান্ডটির আত্মপ্রকাশ ঘটে। উদ্বোধনী আয়োজনে দর্শনার্থীরা ভান্তারা ক্রিমারির বিভিন্ন স্বাদের আইসক্রিম চেখে দেখার সুযোগ পান। ভান্তারা ক্রিমারির মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণ কার্যক্রমের গণ্ডি পেরিয়ে লাইফস্টাইল ও খাদ্য ব্যবসায়ও প্রবেশ করল ভান্তারা।
ভান্তারা ক্রিমারির মেন্যুতে রয়েছে ১৭টি স্বতন্ত্র স্বাদ। ডার্ক চকলেট উইদ সি সল্ট, কুকিজ অ্যান্ড ক্রিম, বাটার সল্টেড ক্যারামেল ও স্ট্রবেরি রিপল জ্যামের মতো পরিচিত স্বাদের আইসক্রিম যেমন আছে, পাশাপাশি ভারতীয় ঐতিহ্য ও নস্টালজিয়া থেকে অনুপ্রাণিত মালাই কুলফি, কেশর পেড়া, জিলাপি ক্রাঞ্চ, চিকু, জামুন সরবত, ফিল্টার কফি ও গুয়াভা চিলির মতো ফ্লেভারও রাখা হয়েছে।
এক স্কুপ আইসক্রিমের দাম ৭৫০ রুপি থেকে শুরু হলেও কিছু বিশেষ ফ্লেভার ও ডেজার্ট সংযোজনে সেই মূল্য প্রায় ১ হাজার রুপিতেও পৌঁছাতে পারে। তবে কী কারণে এত দাম?
ভান্তারা ক্রিমারির দাবি, তাদের আইসক্রিম তৈরিতে ব্যবহার করা হয় উচ্চমানের এ–টু গির গাভীর দুধ। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এই দুধ সংগ্রহ করা হয় জামনগরে ভান্তারার তত্ত্বাবধানে থাকা উদ্ধার করা দেশীয় গবাদিপশু থেকে। এছাড়া প্রতিটি আইসক্রিম হ্যান্ড ক্রাফটেড।

প্রাকৃতিক ও প্রিমিয়াম উপাদান ব্যবহারের পাশাপাশি এতে কোনো প্রিজারভ্যাটিভ ও অতিরিক্ত খাদ্যচর্বি যোগ করা হয় না। অর্থাৎ সীমিত পরিসরে উৎপাদন ও স্বতন্ত্র প্রস্তুত প্রক্রিয়ার সমন্বয়েই ভান্তারা ক্রিমারি নিজেদের বিলাসবহুল ডেজার্টের জগতে আলাদা অবস্থান তৈরি করতে চায়।