
দেশের ১০টি শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ঢাকা ফ্লো পরিচালিত একটি জরিপ অনুযায়ী প্রায় ৬৫ শতাংশ তরুণ মানসিক অবসাদে ভোগেন। ১৯ থেকে ২৪ বছর বয়সী তরুণদের মধ্যে ৩৫ শতাংশ তরুণ প্রায় প্রতিদিনই এবং ৩০ শতাংশ অধিকাংশ দিনই বিভিন্ন কারণে মানসিক চাপে থাকেন।
প্রায় ১৯ শতাংশ তরুণ একাকিত্বে ভোগেন, ২৯ শতাংশ সৃজনশীলতা বহিঃপ্রকাশের জায়গা পান না, আর ৩৮ শতাংশ থাকেন ঘুমের ঘাটতিতে। অথচ এই মানসিক স্বাস্থ্য সমস্যা ও সমাধানগুলো এখনো যথেষ্ট জোরালোভাবে আলোচিত নয় আমাদের দেশে। তরুণেরা ক্লান্ত, বিচ্ছিন্ন ও এমনভাবে মানসিক চাপ বহন করছেন, যা সামলাতে তাঁদের কখনো শেখানো হয়নি। বাইরে থেকে তাঁরা স্বাভাবিকভাবে কাজ করছেন মনে হলেও ভেতরে অনেকেই নীরবে ভেঙে পড়ছেন।
সেই উদ্দেশ্যে দ্য ফ্লো ফেস্ট ও প্রাইম নাও–এর যৌথ উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে দুই দিনের ‘ন্যাশনাল ইয়ুথ ওয়েলনেস ফেস্টিভ্যাল’। ‘ইউ বি ইউ: ফাইন্ড ইয়োর ফ্লো’ ট্যাগলাইনে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে ২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে এই আয়োজন। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত চলবে এই আয়োজন।
দেশের ১০টি শীর্ষ বিশ্ববিদ্যালয় থেকে প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেবেন এ উৎসবে। আয়োজকদের মতে, এটি শুধু একটি ইভেন্ট নয়; বরং শারীরিক, মানসিক ও সৃজনশীল সুস্থতাকে কেন্দ্র করে তৈরি একটি জাতীয় সংলাপ।

এই আয়োজন সম্পর্কে জানাতে ১২ এপ্রিল বনানীর টু ডু রেস্তোরাঁয় একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে ‘দ্য ফ্লো ফেস্ট’। এর প্রতিষ্ঠাতা ও যোগব্যায়াম প্রশিক্ষক শাজিয়া ওমর বলেন, ‘আমরা এই ফেস্টিভ্যাল আয়োজন করেছি। কারণ, তরুণদের এমন একটি জায়গা দরকার, যেখানে তাঁরা থামতে পারেন, নিজেদের অনুভূতি বুঝতে পারেন এবং একে অপরের সঙ্গে সংযুক্ত হতে পারেন। আমরা সবকিছু ঠিক করে দেওয়ার দাবি করি না; বরং এমন একটি স্পেস তৈরি করতে চাই, যেখানে নিজেকে ফিরে পাওয়া যায়।’
দুই দিনের এই আয়োজনে থাকছে যোগব্যায়াম, মেডিটেশন, আর্ট থেরাপি, মিউজিক ও গাইডেড ওয়েলনেস ওয়ার্কশপ। কোনো পূর্বাভিজ্ঞতা ছাড়াই এখানে অংশ নিতে পারবেন শিক্ষার্থীরা।

আয়োজকদের মতে, দ্য ফ্লো ফেস্ট ইতিমধ্যে বাংলাদেশের ওয়েলনেস ইকোসিস্টেমে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। মানসিক স্বাস্থ্য সচেতনতা থেকে শুরু করে করপোরেট ওয়েলনেস ও রিট্রিট প্রোগ্রামসহ সব ক্ষেত্রেই তারা কাজ করে যাচ্ছে।
এ ছাড়া উৎসবের অংশ হিসেবে আরও আছে ‘ন্যাশনাল ইয়ুথ ফটোগ্রাফি কনটেস্ট–স্টপ হাইডিং ইয়োর ফিলিংস’ শীর্ষক একটি প্রতিযোগিতা। শিক্ষার্থীরা এখানে তাঁদের মানসিক সুস্থতা ও আবেগকে কেন্দ্র করে ছবি জমা দিতে পারবেন। প্রতিযোগিতায় অংশ নেওয়ার শেষ সময় ২০ এপ্রিল। ফটোগ্রাফি কনটেস্টে অংশ নিতে bit.ly/youthwellnessphoto –এ ঠিকানায় ভিজিট করুন।
‘ন্যাশনাল ইয়ুথ ওয়েলনেস ফেস্টিভ্যাল’–এর রেজিস্ট্রেশন করা যাবে theflowfest.com/youth ওয়েবসাইটে।