
ভারতের কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে প্রাণনাশের আরেকটি হুমকি পেয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। আর তার পরেই তিনি নিজের সুরক্ষাব্যবস্থা জোরদার করতে নিয়েছেন চোখ কপালে তোলা সব পদক্ষেপ। আসলে নিজের জীবনের চেয়ে মূল্যবান আর কীই–বা হতে পারে! সেই ১৯৯৮ সালে হরিণবধ–কাণ্ডের পর থেকে বিষ্ণোই সম্প্রদায়ের রোষানলে আছেন সালমান।

আর সম্প্রতি তাঁর বন্ধুস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব বাবা সিদ্দিককে হত্যা করে দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। আর এর পরে নতুন হুমকি পেয়ে সালমান খান জোরদার করেছেন নিজের নিরাপত্তাব্যবস্থা। আর এরই অংশ হিসেবে এই তারকা বুলেটপ্রুফ নিসান পেট্রোল এসইউভি কিনেছেন। ভারতে এই উচ্চমূল্যের গাড়িটি পাওয়া যায় না বলে দুবাই থেকে আনানো হচ্ছে এটি। প্রায় চার কোটি টাকার মতো দাম এই গাড়ির, জানা যাচ্ছে।
এই গাড়িতে অত্যাধুনিক নিরাপত্তাব্যবস্থার জন্য নানা ফিচার আছে। যেমন বিস্ফোরক অ্যালার্ট ইন্ডিকেটর রয়েছে এখানে। পুরু শিল্ডের কাচ ব্যবহার করা হয়েছে গাড়িতে। এতে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জের গুলি থেকে বাঁচবেন সালমান। এ ছাড়া কাচে কালো শেড তো আছেই।

এর আগেও তিনি তাঁর বাবা সেলিম খান ও নিজের জন্য বুলেটপ্রুফ গাড়ি কিনেছেন দুবাই থেকে। এদিকে সালমান খানকে দেওয়া এক হোয়াটসঅ্যাপ হুমকিতে বলা হয়েছে, পাঁচ কোটি রুপি না দিলে বাবা সিদ্দিকের চেয়েও ভয়ংকর পরিণতি বরণ করতে হবে তাঁকে।