
হাল ফ্যাশন ডেস্ক
স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে অবকাশ যাপনের মধ্যেই ৮ সেপ্টেম্বর হঠাৎই মহাকালের অতিথি হয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। রানিকে হারিয়ে গোটা যুক্তরাজ্য এখন শোকাচ্ছন্ন। এ জন্য পূর্বনির্ধারিত অনুষ্ঠানগুলো পড়েছে অনিশ্চয়তার মুখে। এর মধ্যে রয়েছে ফ্যাশন দুনিয়ার অন্যতম প্রধান আসর লন্ডন ফ্যাশন উইকও।
কারণ, ১৬ সেপ্টেম্বর শুরু হয়ে ২২ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা এই ফ্যাশন উইকের। যদিও ১৯ সেপ্টেম্বর রানির অন্ত্যেষ্টিক্রিয়ার পর আরও এক সপ্তাহ চলবে শোক। এর মধ্যে আবার আছে নতুন রাজা চার্লসের অভিষেক অনুষ্ঠানের কার্যক্রম। ফলে এবারের লন্ডন ফ্যাশন উইকের আয়োজন নিয়ে অনেকেই সন্দিহান।
যদিও ব্রিটিশ ফ্যাশন কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, লন্ডন ফ্যাশন উইক বাতিল করার কোনোই পরিকল্পনা তাদের নেই। বরং এবারের আসর আয়োজিত হবে কিছুটা সীমিত পরিসরে। বিশেষ করে রানির অন্ত্যেষ্টিক্রিয়ার দিনের অনুষ্ঠানগুলো পিছিয়ে দেওয়া হবে। এ জন্য রকসান্দা, সুপ্রিয়া লেলে, চপোভা লোয়েনা, সিনিদ ও’দুয়ের আর শেট লোয়ের শোগুলো সেদিন হচ্ছে না। ব্রিটিশ ফ্যাশন কাউন্সিলের গাইডলাইন মেনে একেবারে প্রধান আয়োজনের বাইরে প্রতিবছর যে পার্টি, লঞ্চিং অনুষ্ঠান বা উদ্বোধনী অনুষ্ঠান হয়, সেসব এবারে বাদ দেওয়া হবে রানির বিদেহী আত্মার প্রতি সম্মান দেখিয়ে।
এদিকে রানির প্রতি শ্রদ্ধা জানাতে এরই মধ্যে বারবেরি তাদের ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় নির্ধারিত শো বাতিল করেছে। এর আগে তারা ইন্সটাগ্রামে শোক প্রকাশ করে।
উল্লেখ্য, রানি এলিজাবেথ নিজে লন্ডন ফ্যাশন উইকের ব্যাপারে সব সময় খুব আগ্রহী ছিলেন। এ নিয়ে তিনি উচ্ছ্বাসও প্রকাশ করতেন। তবে প্রথমবারের মতো সশরীর উপস্থিত ছিলেন ২০১৮ সালে। সেবার তিনি তাঁর দীর্ঘ জীবনে প্রথম কোনো ফ্যাশন শো উপভোগ করেন। তাঁকে সামনের সারিতে বসে ভোগ ম্যাগাজিনের প্রধান সম্পাদক অ্যানা উইন্টরের সঙ্গে শো উপভোগ করতে দেখা যায়।
সেবার অবশ্য তাঁর উপস্থিতির কারণ ছিল ব্রিটিশ ডিজাইনে তাঁর নামে প্রবর্তিত সম্মাননা প্রদান। প্রথমবার সেই সম্মাননা প্রদান করা হয় সেই সময়ের সেরা উদীয়মান ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার রিচার্ড কুইনকে। আর এই পুরস্কার প্রদানের জন্যই লন্ডন ফ্যাশন উইকে হঠাৎ উপস্থিত হয়ে সবাইকে চমকে দিয়েছিলেন রানি।
ছবি ও ভিডিও: রয়টার্স ও ইন্সটাগ্রাম