ইকোনমি শ্রেণির যাত্রীদের আরামে এমিরেটসের নতুন সংযোজন ‘ইউ-ড্রিম’ হেডরেস্ট
শেয়ার করুন
ফলো করুন

ইকোনমি শ্রেণির যাত্রীদের ভ্রমণকে আরও আরামদায়ক করতে বিশ্বের প্রথম ‘ইউ-ড্রিম’ হেডরেস্ট সংযোজন করেছে এমিরেটস। অত্যাধুনিক এই উদ্ভাবনী হেডরেস্ট ঘুম বা বিশ্রামের সময় যাত্রীদের মাথা ও ঘাড়কে কার্যকর সাপোর্ট দিয়ে দীর্ঘ ভ্রমণকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে। এ প্রকল্পে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে বিমান সংস্থাটি এবং ইতোমধ্যে তাদের উড়োজাহাজে নতুন হেডরেস্ট স্থাপনের কাজ শুরু হয়েছে।

ভ্রমণে বিশ্রাম নিতে বা ঘুমাতে সহায়ক এই হেডরেস্ট
ভ্রমণে বিশ্রাম নিতে বা ঘুমাতে সহায়ক এই হেডরেস্ট

ইউ-ড্রিম একটি বহুমুখী সমন্বয়যোগ্য (মাল্টি-ওয়ে অ্যাডজাস্টেবল) হেডরেস্ট, যা সাফরান সিটস-এর উদ্ভাবিত জেড ফোরহান্ড্রেড সিটের অংশ হিসেবে তৈরি হয়েছে। প্যাডযুক্ত চামড়ার এই হেডরেস্টে আছে ভাঁজযোগ্য সাইড উইংস, যা মাথা ও ঘাড়কে আলতোভাবে ধরে রাখে। ফলে বিশ্রাম বা ঘুমের সময় যাত্রীর মাথা সামনে কিংবা পাশে হেলে পড়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। পাশাপাশি এটি যাত্রীর উচ্চতা ও শারীরিক গঠনের সঙ্গে সামঞ্জস্য রেখে উপরে-নিচে সমন্বয় এবং প্রয়োজন অনুযায়ী কাত করা যায়।

বিজ্ঞাপন

এমিরেটস জানিয়েছে, ইউ-ড্রিম হেডরেস্ট ইউরোপিয়ান ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সির (এইএএসএ) কঠোর নিরাপত্তা মানদণ্ড অনুযায়ী স্বাধীনভাবে পরীক্ষিত ও অনুমোদিত। নতুন এই হেডরেস্ট ইতোমধ্যে যাত্রীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে। প্রয়োজন হলে কেবিন ক্রুরা এটি সঠিকভাবে ব্যবহারে যাত্রীদের সহায়তা করছেন। প্রতিটি ফ্লাইটের পর চামড়ার হেডরেস্ট সহজেই পরিষ্কার ও জীবাণুমুক্ত করা সম্ভব হচ্ছে।

এই হেডরেস্টে ভ্রমণ হবে আনন্দময়
এই হেডরেস্টে ভ্রমণ হবে আনন্দময়

বর্তমানে এমিরেটসের তিনটি এ৩৫০ উড়োজাহাজে ইউ-ড্রিম হেডরেস্ট ব্যবহার করা হচ্ছে। সাফরান সিটসের সহযোগিতায় চলতি বছরের মধ্যেই এমিরেটসের সব এ৩৫০ উড়োজাহাজে এটি স্থাপন করা হবে। এছাড়া অর্ডার করা ২৭০টি নতুন বোয়িং ৭৭৭এক্স উড়োজাহাজে কারখানাতেই ইউ-ড্রিম হেডরেস্ট সংযোজন করা হবে। ২০২৭ সাল থেকে রেট্রোফিট করা এয়ারবাস এ৩৮০ এবং বোয়িং ৭৭৭ উড়োজাহাজেও পর্যায়ক্রমে এই হেডরেস্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১০: ২৩
বিজ্ঞাপন