
দেশে দ্রুত বর্ধনশীল ও বিপুল সম্ভাবনাময় কসমেটিকস ও ব্যক্তিগত পরিচর্যা পণ্যের বাজার তুলে ধরতেই এই প্রদর্শনীর আয়োজন করছে স্কোয়াডমাইন্ড গ্লোবাল লিমিটেড। আয়োজকদের মতে, বাংলাদেশে এই খাত নিয়ে এটাই সবচেয়ে বড় ও প্রথম আন্তর্জাতিক পরিসরের আয়োজন।
প্রদর্শনীতে বাংলাদেশ ছাড়াও দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ডসহ একাধিক দেশের বিখ্যাত কসমেটিকস ব্র্যান্ড, প্রস্তুতকারক, সরবরাহকারী, খুচরা বিক্রেতা ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। থাকবে শতাধিক পণ্যের স্টল, লাইভ ডেমো, বিউটি কনসালটেশন, স্কিনকেয়ার বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় এবং উদ্যোক্তাদের জন্য নেটওয়ার্কিংয়ের সুযোগ।
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) গবেষণা বলছে, বর্তমানে দেশের প্রসাধনী ও হাইজিন পণ্যের বাজারের আকার ৩৪ হাজার কোটি টাকার বেশি। কালার কসমেটিকস থেকে শুরু করে সাধারণ ও মেডিকেটেড স্কিনকেয়ার পর্যন্ত নানা ধরনের পণ্যের চাহিদা বেড়েই চলেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, দেশে ২০ থেকে ৩৯ বছর বয়সী নারীর সংখ্যা প্রায় ২ কোটি ৭৩ লাখ, যাঁদের মধ্যে প্রায় ৭০ শতাংশ নিয়মিত প্রসাধনী ব্যবহার করেন।

প্রদর্শনীটির মূল উদ্দেশ্য শুধু বাজার সম্প্রসারণ নয়, মানসম্পন্ন পণ্যের ব্যবহার এবং নকল ও কালোবাজারি পণ্যের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করাও। আয়োজকেরা মনে করছে, এই আয়োজন দেশের প্রসাধনী ও পারসোনাল কেয়ার শিল্পে গুণগত পরিবর্তন, নতুন প্রযুক্তি, আন্তর্জাতিক অংশীদারত্ব ও বিদেশি বিনিয়োগ আকর্ষণের পথ খুলে দেবে।
স্কোয়াডমাইন্ড গ্লোবাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানজিন সুলতানা প্রিয়াংকা জানান, ‘দেশে প্রথমবারের মতো কসমেটিকস ও পারসোনাল হাইজিন পণ্য নিয়ে এমন একটি আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। এই প্ল্যাটফর্ম স্টেকহোল্ডারদের একত্র করবে এবং এই খাতে বিনিয়োগ, কর্মসংস্থান ও সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে।’
প্রদর্শনীর স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে রয়েছে প্রথম আলোর ফ্যাশন ও লাইফস্টাইল ওয়েব পোর্টাল ‘হাল ফ্যাশন’। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে ‘ক্যানভাস’ ম্যাগাজিন ও বাংলা টেলিগ্রাফ। পৃষ্ঠপোষকতা করছে দক্ষিণ কোরিয়া দূতাবাস, দক্ষিণ কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি (KOTRA) ও থাইল্যান্ডের ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড প্রোমোশন (DITP)। গোল্ড স্পনসর হিসেবে থাকছে ‘কিউট’ ও প্লাটিনাম স্পনসর ‘ইঞ্জিনিয়াস রিসোর্সেস’।
সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
ছবি: স্কোয়াডমাইন্ড