চট্টগ্রাম আবারও দেখল রঙের জাদু, নকশার মুগ্ধতা আর সৃজনশীলতা। নগরীর হোটেল র্যাডিসন ব্লু বে ভিউর মেজবান হলে সম্প্রতি বসেছিল ‘আদি মোহিনী মোহন কাঞ্জিলাল–প্রথম আলো ঈদ ফ্যাশন’-এর ২৫তম আসর। ঈদ সামনে রেখে আয়োজিত এই বিশেষ সন্ধ্যায় এক ছাদের নিচে মিলিত হন ডিজাইনার, মডেল, শিল্পী ও ফ্যাশনপ্রেমীরা। পোশাকের নতুন ধারা, ঐতিহ্যের পুনর্নির্মাণ, আধুনিক কাটছাঁট ও রঙের সাহসী ব্যবহার—সব মিলিয়ে মঞ্চজুড়ে তৈরি হয় এক বর্ণিল উপস্থাপনা, যা উপস্থিত দর্শকদের জন্য হয়ে ওঠে দৃষ্টিনন্দন এক অভিজ্ঞতা। ১৯৯৮ সালে যাত্রা শুরুর পর থেকে চট্টগ্রামে নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে এই ফ্যাশন আয়োজন। ২৫তম আয়োজন তাই শুধু একটি অনুষ্ঠান নয়, বরং এক উদ্যাপনও। সময়ের সঙ্গে বদলেছে ট্রেন্ড, বদলেছে উপস্থাপনার ভঙ্গি, তবু উৎসবের প্রাণস্পন্দন রয়ে গেছে অটুট। সেই ঐতিহ্য ও আধুনিকতার সেতুবন্ধ আবারও রাঙিয়ে দিল বন্দরনগরীকে। ছবির গল্পে রইল সেই বর্ণিল সন্ধ্যার ঝলক। ছবি তুলেছেন সৌরভ দাশ ।