১৩ জুন থেকে শুরু হচ্ছে আর্কা ফ্যাশন উইকের দ্বিতীয় আসর
শেয়ার করুন
ফলো করুন

রাজধানীর গুলশান-তেজগাঁও লিংক রোডে অবস্থিত আলোকি কনভেনশন সেন্টারে ১৩ জুন থেকে আসর বসছে আর্কা ফ্যাশন উইক সামার'২৪-এর। বহুমুখী এই আয়োজনটি প্রতিদিন সকাল ১১ টায় শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত।  চার দিনের এই ফ্যাশন উইক নিয়ে ১১ জুন এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্কা ফ্যাশন উইকের প্রতিষ্ঠাতা আসাদ সাত্তারসহ মূল আয়োজক কমেটির সদস্য শেখ সাইফুর রহমান, অমিয়া খন্দকার ও আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের পক্ষে দেওয়ান সাজিদ আফজাল। অনুষ্ঠানের শুরুতে বক্তারা ৪ দিনের বিভিন্ন কার্যক্রম ও সময়সূচীগুলো তুলে ধরেন।  

গতবারের মতো এবারও থাকছে মার্কেটপ্লেস, ডিজাইন ল্যাব, ফ্যাশন শো, সেমিনার ও কনসার্ট। আমাদের দেশীয় হেরিটেজ টেক্সটাইল টাঙ্গাইল শাড়িকে গুরুত্ব দিয়ে আয়োজন করা হচ্ছে একটি বিশেষ প্রদর্শনী। ফ্যাশন উইকের প্রথম দিন বিকেল ৫টায় শুরু হবে এই আয়োজন। সাতজন উদীয়মান শিল্পীকে তাঁত সম্প্রদায়ের সঙ্গে যুক্ত করে একটি সহযোগিতামূলক প্রদর্শনী হবে এটি। যা টাঙ্গাইল তাঁতের গভীর ইতিহাস, বর্তমান শৈল্পিক অনুশীলন এবং ভবিষ্যতের সম্ভাবনাগুলো প্রদর্শন করে। সংবাদ সম্মেলনে শেখ সাইফুর রহমান জানান, প্রদর্শনীতে থাকবে টাঙ্গাইল শাড়ির পাড় দিয়ে বোনা ৩০ ফুট লম্বা একটি কাপড়। থাকবে টাঙ্গাইল শাড়ির বিভিন্ন মোটিফ নিয়ে বোনা কাপড়। যাতে আগতরা বিশেষ করে নতুন প্রজন্ম এই হেরিটেজ ফেব্রিকগুলো নিয়ে সঠিক কিছু ধারণা পায়। দেশীয় কারুশিল্পী, কারিগর ও বয়নশিল্পীদের শ্রদ্ধা জানাতেই এই বিশেষ প্রদর্শনী।  

বিজ্ঞাপন

মার্কেটপ্লেসে ৮০টি ব্র্যান্ড উপস্থিত হবে তাঁদের সৃজনশীল সব পণ্য নিয়ে। তা ছাড়া ডিজাইন ল্যাবে থাকবে নিজে পোশাক ডিজাইন করার সুযোগ। সেখান থেকে পোশাক বা অনুষঙ্গ কিনে যে কেউ তাঁর ইচ্ছা মতো নকশায়, নিজ হাতে ডিজাইন করতে পারবে বলে জানান আসাদ সাত্তার। বলেন, ধারণাটি হলো, এখানে যে কেউ আসবে একটি ক্যানভাস কেনার মতো করে। আর এই ক্যানভাস হলো একটি প্লেইন টি-শার্ট, টুপি, টোট ব্যাগ বা স্কার্ফের মতো পণ্য। সেখানে থাকবে সাতটা স্টেশন। এর যে কোনোটা থেকে তারা ব্লক প্রিন্টিং, স্ক্রিন প্রিন্টিং, হ্যান্ড পেইন্ট, অ্যাপলিকে আর প্যাচওয়ার্কের মতো কোনো না কোনো মাধ্যমে ভ্যালু অ্যাড করে নিতে পারবে নিজের মতো করে। এখানে যেকোনো বয়সীরা অংশ দিতে পারবেন। উপভোগ করবেন নিজের সৃজনশীলতার সৌন্দর্য। এটি একটি ডিজাইন ল্যাব, কোন কর্মশালা নয়। ফলে যে কেউ যেকোনো সময়ে আসতে পারেন। এখান যে কেউ একটি পণ্য কিনে নিজের পছন্দমতো যে কোনো স্টেশনে গিয়ে নিজের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটাতে পারেন।

বিভিন্ন ডিজাইনারদের নিয়ে আয়োজিত রানওয়ে চলবে ৩ দিন ধরে। প্রতিদিন ৪ ভাগে ফ্যাশান শো অনুষ্ঠিত হবে। আফসানা ফেরদৌসির তত্ত্বাবধানে ডিজাইন স্কুলের শিক্ষার্থীদের দিয়ে তৈরি একটি সংগ্রহ ছাড়াও রানওয়ের র‍্যাম্পে ২৩ জন ডিজাইনার থাকবেন। যাদের মধ্যে আছে কিছু নতুন এবং আসন্ন ডিজাইনার এবং দেশীয় ফ্যাশন শিল্পের পথ প্রদর্শকেরাও।

১৪, ১৫ ও ১৬ জুন আয়োজন করা হবে কিছু গুরুত্বপূর্ণ সেমিনারও। যেখানে আলোচনা করা হবে ফ্যাশন শিল্পের নানা সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে। ‘টাঙ্গাইল তাঁত ভবিষ্যৎ বুনছে: সমসাময়িক ফ্যাশনে ঐতিহ্যের ভূমিকা’, ‘দা নিউ ভ্যানগার্ড: বাংলাদেশের আরএমজি সেক্টরে নেক্সট-জেন লিডারশিপের ক্ষমতায়ন’, ‘ফ্যাশন ফরোয়ার্ড: বাংলাদেশের ফ্যাশন শিক্ষার ভবিষ্যৎ গঠন’, ‘সমসাময়িক ভোক্তারা আসলে কী চান: খুচরা ক্ষেত্রে ফাঁকি’- এই বিষয়গুলো ওপর আয়োজিত হবে সেমিনারগুলো।

আর্কা ফ্যাশন উইকের বিশেষ আকর্ষণ ফেইস অব বাংলাদেশ অনুষ্ঠিত হবে ১৩ জুন বিকেল ৫টায়। ফেইস অব বাংলাদেশ-এর লক্ষ্য বাংলাদেশি মডেলদের বৈচিত্র্য ও প্রতিভা প্রদর্শন করা এবং তাদের মডেলিং ও বিনোদন শিল্পে এগিয়ে যাওয়ার জন্য একটি প্ল্যাটফর্ম সরবরাহ করা। আর এই প্রতিযোগিতাটি ফেইস অব এশিয়ার একটি অংশ। দুজন বিজয়ীকে অক্টোবর মাসে দক্ষিণ কোরিয়ায় পাঠানো হবে ফেইস অব এশিয়া ২০২৪, রোড টু গ্যাংওন ল্যান্ডের জন্য। এই বছর ফেইস অব বাংলাদেশ-এর জন্য ৭ জন মেয়ে এবং 8 জন ছেলে প্রতিযোগী অংশ নিচ্ছেন। এই প্রতিযোগিতার বিচারক হিসেবে থাকবেন সৌন্দর্য বিশেষজ্ঞ কানিজ আলমাস খান, ফ্যাশন ইন্ডাস্ট্রি ইনসাইডার ও হেরিটেজ টেক্সটাইল এক্সপার্ট শেখ সাইফুর রহমান, বাংলালিংকের ব্রান্ড ও কমিউনিকেশন ডিরেক্টর উরফি আহমেদ, এশিয়া মডেল ফেস্টিভ্যালের আন্তর্জাতিক সহযোগিতা পরিচালক রাউলেন লি, ডিজাইনার কুহু প্লামন্ডন, জুরহেমের ক্রিয়েটিভ ডিরেক্টর মেহরুজ মুনির, আর্কা স্টুডিও এবং আর্কা ফ্যাশন উইকের প্রতিষ্ঠাতা আসাদ সাত্তার, মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯ ও ফেইস অফ বাংলাদেশ মডেল স্টার শিরিন আক্তার।

বিজ্ঞাপন

প্রতিদিনের শেষ আয়োজন হিসেবে থাকবে কনসার্ট। আগতদের সুরের ছন্দে মাতাতে বিভিন্ন দিন থাকবে ফিরোজ জং, কার্নিভ্যাল, মুজা, ইন্দালো ও ইডিএম। প্রতিদিন রাত ৮টায় শুরু হবে সংগীতের এই আয়োজনগুলো।
আর্কা ফ্যাশন উইক'২৪-এর টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা। এই টিকিট দিয়ে ফ্যাশন শো ও কনসার্ট ছাড়া বাকি সবকিছুই উপভোগ করতে পারবেন। ফ্যাশন শো ও কনসার্টে টিকিট আলাদা কিনতে হবে এবং সেগুলোও রাখা হয়েছে খুব সাশ্রয়ী মূল্যে।

ফ্যাশন উইকে সহযোগী হিসেবে থাকবে পাওয়ার্ড বাই মিনিসো, অডি, আমিরা অ্যাপারেলস, বাংলাদেশ ড্রিপ ও সানসিল্ক।  ক্যানভাস ম্যাগাজিন, দা ডেইলি স্টার লাইফস্টাইল, দা ফ্রন্টপেইজ, ক্যাবলগ্রাম, চ্যানেল ২৪ থাকছে মিডিয়া পার্টনার হিসেবে। অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে থাকবে প্রথম আলো ডট কম। স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে থাকছে লাউডওয়ার্ক্স, ব্লিটজ, আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প, আলোকি, ই কিউব প্রোডাকশনস, ডাক পিয়ন ডিজিটাল, পারসোনা, আর্কা স্টুডিও, হালফ্যাশন ও আইস টু ডে।

ছবি: আর্কা

প্রকাশ: ১১ জুন ২০২৪, ১৪: ০৮
বিজ্ঞাপন