আপরাইজিং উদ্যোক্তাদের নিয়ে হাল ফ্যাশন-এনেক্সের নতুন উদ্যোগ
শেয়ার করুন
ফলো করুন

দেশের ফ্যাশন ও লাইফস্টাইল খাতের নতুন ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের নিয়ে কাজের পরিসর বাড়াতে যৌথভাবে এগিয়ে এসেছে হাল ফ্যাশন ও এনেক্স কমিউনিকেশনস লিমিটেড। এ উদ্যোগের ধারাবাহিকতায় ২৯ নভেম্বর রাজধানীর প্রগতি ইনস্যুরেন্স ভবনের দশম তলায় প্রথম আলোর সভাকক্ষে অনুষ্ঠিত হয় উদ্যোক্তা মিটআপ। এতে অংশ নেন ৩২ জন নতুন ও তুলনামূলকভাবে কম পরিচিত উদ্যোক্তা। নিজেদের উদ্যোগ, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনার পাশাপাশি তাঁরা তুলে ধরেন বিভিন্ন সম্ভাবনা ও চ্যালেঞ্জের কথা।

মিট–আপে উদ্যোক্তারা
মিট–আপে উদ্যোক্তারা

গত ২৫ অক্টোবর দেশের ফ্যাশন ও লাইফস্টাইল অঙ্গনে সৃজনশীল উদ্যোগের পরিসর বাড়াতে কৌশলগত অবস্থান ও অংশীদারত্বে যুক্ত হয় ফ্যাশন ও লাইফস্টাইল প্ল্যাটফর্ম হাল ফ্যাশন এবং বিজ্ঞাপনী সংস্থা এনেক্স কমিউনিকেশনস লিমিটেড। নতুন উদ্যোক্তাদের পরিচিতি ও ব্যবসার প্রসারে কাজ করাই এ যৌথ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

বিজ্ঞাপন

মিটআপের শুরুতে স্বাগত বক্তব্য দেন হাল ফ্যাশনের জ্যেষ্ঠ কনটেন্ট ক্রিয়েটর নাদিমা জাহান। তিনি বলেন, হাল ফ্যাশন শুরু থেকেই লাইফস্টাইল উদ্যোক্তাদের নিজেদের অংশীদার হিসেবে বিবেচনা করে কাজ করছে। তবে এবারের আয়োজন বিশেষভাবে নতুন ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের জন্য।

কথা বলছেন একজন উদ্যোক্তা
কথা বলছেন একজন উদ্যোক্তা

এনেক্স কমিউনিকেশনসের পরিচালক শরীফ সাব্বির বলেন, হাল ফ্যাশনের সঙ্গে উদ্যোক্তাদের নিয়ে এটি এনেক্সের প্রথম আয়োজন। দুটি প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করলে আপরাইজিং উদ্যোক্তাদের জন্য তা ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী। ভবিষ্যতে এ ধরনের আয়োজন আন্তর্জাতিক পরিসরেও সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

প্রথম আলোর হেড অব অনলাইন শওকত হোসেন বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা শুধু ফ্যাশন খাতেরই অংশ নন, তাঁরা দেশের সামগ্রিক অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এ কারণেই প্রতিবছর উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত বিভিন্ন উদ্যোগের সঙ্গে যুক্ত হতে তাঁরা আগ্রহী।

এনেক্স ও হাল ফ্যাশনের কর্মকর্তাদের সঙ্গে উদ্যোক্তারা
এনেক্স ও হাল ফ্যাশনের কর্মকর্তাদের সঙ্গে উদ্যোক্তারা

হাল ফ্যাশনের পরামর্শক শেখ সাইফুর রহমান বলেন, গত দুই বছর ঈদ উপলক্ষে হাল ফ্যাশন মেলার আয়োজন করেছে। তবে ভবিষ্যতে গতানুগতিক মেলার পরিবর্তে নির্দিষ্ট থিম ও পরিকল্পনার ভিত্তিতে কিউরেটেড মেলার আয়োজন করতে চায় প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে তিনি হাল ফ্যাশন ও এনেক্স কমিউনিকেশনসের যৌথ আয়োজনে আসন্ন ‘হাল ফ্যাশন উইন্টার ফিয়েস্তা’র ঘোষণা দেন। ১৭ থেকে ১৯ ডিসেম্বর রাজধানীর মাইডাস সেন্টারে অনুষ্ঠিত হবে এই আয়োজন। মেলা সম্পর্কে বিস্তারিত তথ্য হাল ফ্যাশনের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হবে।

উদ্যোক্তাদের সঙ্গে থাকার জন্য তাঁদের ধন্যবাদ জানান প্রথম আলোর পরামর্শক মুনির হাসান। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের উদ্যোগ নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পরে ‘হাল ফ্যাশন উইন্টার ফিয়েস্তা’ সম্পর্কে প্রাধমিক ধারণা দিতে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন এনেক্স কমিউনিকেশনসের বিজনেস কমিউনিকেশনস, মিডিয়া অ্যান্ড পিআর ব্যবস্থাপক নাজনীন সুলতানা।

অনুষ্ঠানে উপস্থিত উদ্যোক্তারা
অনুষ্ঠানে উপস্থিত উদ্যোক্তারা

মেলা আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন প্রতিষ্ঠানটির ব্র্যান্ড কমিউনিকেশনস, মিডিয়া অ্যান্ড পিআর ব্যবস্থাপক মোহাম্মদ মাজহারুল ইসলাম।

মিটআপে অংশ নেওয়া উদ্যোক্তারাও বিভিন্ন পর্যায়ে নিজেদের অভিজ্ঞতা, মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেন। তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আলোচনাটি হয়ে ওঠে প্রাণবন্ত। নতুন উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক পরিচয়, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যতে একসঙ্গে কাজের সম্ভাবনা তৈরির মধ্য দিয়ে শেষ হয় এই মিট–আপ।

ছবি: হাল ফ্যাশন

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১৬: ২৩
বিজ্ঞাপন