
রাজধানীর গুলশান তেজগাঁও লিংক রোডের আলোকিতে জমেছে আর্কা ফ্যাশন উইকের আসর। দেখতে দেখতে এ আসরের আয়োজন পৌঁছে গেল অন্তিম দিনে। আজ ১৬ ই জুন এ আসরের শেষদিন। ফ্যাশনপ্রেমী ও ফ্যাশনিস্তারা তাই শুরু থেকেই জমাচ্ছেন ভীড়। অপরদিকে ,ঈদের ছুটিও শুরু হয়ে গেছে। তাই কেনাকাটা চলছে পুরোদমে। বেলা এগারোটা থেকে আলোকিতে শুরু হয় আর্কা ফ্যাশন উইকের আয়োজন। বিগত তিনদিনের মতো আজও শুরু থেকেই লক্ষ্য করা যাচ্ছে মানুষের আগানোনা। আজও আশা করা যাচ্ছে, বিকেল গড়াতেই হাজারো মানুষের পদচারণায় মুখরিত হবে এই প্রাঙ্গন।


মার্কেট প্লেস ও ডিজাইন ল্যাবে বাড়ছে ভীড়। বিভিন্ন রংবেরঙের ফটোব্যুথে ছবি তুলতে বেশি আগ্রহবোধ করছেন মানুষ। সবচাইতে বেশি জনপ্রিয়তা পেয়েছে নর্দান লাইটস বা অরোরার আদলে তৈরি ডিজিটাল ফটোবুথটি। জেন-জি প্রজন্মের ইলোনা মেলায় এসেছেন আগেভাগেই। তাঁর থেকে জানা গেল গতবারের মধ্যে এবারও চারদিনের তিনদিনই আর্কায় এসেছেন তিনি। তবে তিনি সবচাইতে বেশি কৌতুহলী বোধ করছেন আজকের দিনটি নিয়ে। মেহেদির স্টলে মেহেদিও দিতে চান তিনি।
দোতলায় ওঠার সিঁড়ির নিচে বসেছে মেহেদির স্টল। আগামীকাল ঈদ। আজ মেহেদির স্টলে মানুষের ভীড় জমবে বলাই বাহুল্য।
দুপুর ২:৪৫ থেকে আছে সেমিনার। অমিয়া খন্দকারের মডারেশনে সমসাময়িক ভোক্তারা আসলে কী চান : খুচরা ক্ষেত্রে ফাঁকি শীর্ষক সেমিনারে বক্তব্য রাখবেন ফ্যাশন ব্রান্ড কে-ক্র্যাফটের প্রতিষ্ঠাতা খালিদ মাহমুদ খান , ফ্যাশন ইনফ্লুয়েন্সার সোবিয়া আমিন ও টেপার্ডের প্রতিষ্ঠাতা রায়ান চৌধুরী। আসরের পর্দা নামার আগেও আছে জমজমাট ফ্যাশন শো। চারটি কিউতে আজকে থাকছে গ্লি ,ছাপ , রেনোও , দানিয়া , টুইলস , রয়েল বেংগল কতুর , গুজেল, বাহার ও সবশেষে থাকছে আর্কা স্টুডিও প্রডাকশনের কাঁঠালের ফ্যাশন শো।


রাতে মঞ্চ মাতাতে আসছে চার-চারটি জনপ্রিয় ব্যান্ড । থাকছে জোনাকি ,নাই ,সাইতারা ও ইজহাকো। গানে গানে সকলের মন মাতিয়ে আজ পর্দা নামছে আর্কার আসরের। আর্কা ফ্যাশন উইকের স্ পার্টনার হিসেবে আছে দেশের অন্যতম প্রধান ফ্যাশন ও লাইফস্টাইল ওয়েবপোর্টাল হাল ফ্যাশন।