শুরু হলো সীবনীর কৃষ্ণচূড়া প্রদর্শনী
শেয়ার করুন
ফলো করুন

ফ্যাশন উদ্যোক্তা ও ডিজাইনার মিতুল অনেক দিন ধরেই কেবল কৃষ্ণচূড়া ফুল নিয়ে কাজ করছেন। তাঁর ব্র্যান্ডের নাম সীবনী। বাংলাদেশের প্রকৃতির নানা দিক নিয়ে কাজ করতে ভালোবাসেন তিনি।

দীর্ঘ সময় ধরে হ্যান্ডপেইন্টিং, এমব্রয়ডারিসহ নানা মাধ্যমে অলংকৃত করে আসছেন পোশাকের জমিন। এবারও সেই ধারা অব্যাহত রেখেছেন। তাই কৃষ্ণচূড়াকে উপজীব্য করে তৈরি পোশাক নিয়ে তিনি একটি প্রদর্শনীর আয়োজন করেছেন।

বিজ্ঞাপন

‘কৃষ্ণচূড়া তোমার রঙে’ শিরোনামে প্রদর্শনীটি আজ উদ্বোধন করেন ডিজাইন পরামর্শক ও গবেষক চন্দ্র শেখর সাহা।

ঘরোয়া এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প উদ্যোক্তা ও সংস্কৃতজন আজহারুল হক আজাদ, ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার এবং লেখক, সাংবাদিক ও গবেষক শেখ সাইফুর রহমান। এ সময় সবাই প্রদর্শনীটি ঘুরে দেখেন।

ছিমছাম পরিবেশে ডিজাইনার তাঁর নিজের নকশা করা পোশাকগুলো মেলে ধরেছেন পরম যত্নে। শাড়ি থেকে শুরু করে ফতুয়া, টি–শার্ট, গাউন সবই রয়েছে এই প্রদর্শনীতে। পছন্দ হলে পোশাকগুলো কেনাও যাবে।

সুতি, মসলিন, নিট ফেব্রিকে তৈরি এই পোশাকগুলোর জমিনে চোখে পড়বে কৃষ্ণচূড়া মোটিফের নানান আকর্ষণীয় নকশা। ৬–৮ জুন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত লালমাটিয়ার দ্বীপ গ্যালারিতে চলবে এই পোশাক প্রদর্শনীটি। চাইলে একবার ঢুঁ মেরে আসতে পারেন।

ছবি: হাল ফ্যাশন

বিজ্ঞাপন
প্রকাশ: ০৬ জুন ২০২৪, ১২: ২৩
বিজ্ঞাপন