
ঢাকার আলোকিতে দুই দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ‘সেলিব্রেটি আর্কাইভ ঈদ ফেস্টিভাল ২০২৬’। ১৯ ও ২০ মে অনুষ্ঠিত এই আয়োজনে এক ছাদের নিচে দেখা গেল দেশের জনপ্রিয় তারকা, ফ্যাশন উদ্যোক্তা, লাইফস্টাইল ব্র্যান্ড ও সচেতন ফ্যাশন-ভাবনার ফ্যাশনপ্রেমীদের এক ব্যতিক্রমী সমন্বয়। তারকাদের প্রিলাভড পোশাক, শাড়ি ও অনুষঙ্গকে কেন্দ্র করে আয়োজিত এই ফেস্টিভাল ঘিরে তরুণ প্রজন্মের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।

বিশ্বজুড়ে ডিক্লাটার ও সাস্টেইনেবল ফ্যাশন-এর ধারণা এখন বেশ জনপ্রিয়। বাংলাদেশেও ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে ব্যবহৃত কিন্তু যত্নে রাখা পোশাক ও এক্সেসরিজের পুনর্ব্যবহারের সংস্কৃতি। সেই ভাবনা থেকেই বড় পরিসরে এই আয়োজন নিয়ে আসে সেলিব্রেটি আর্কাইভ। আয়োজনটির নেপথ্যে ছিলেন নীল হুরেজাহান, মৌসুমি মৌ, অর্চি রহমান ও সোনিয়া রিফাত।
আলোকির নিচতলায় ছিল নিউ ট্রেন্ড জোন, হেরিটেজ জোন ও গ্লাস হাউজে বিভিন্ন খাবারের আয়োজন।


আর দোতলায় জমে ওঠে মূল আকর্ষণ ‘সেলিব্রেটি আর্কাইভ’ কর্নার। সেখানে বিদ্যা সিনহা মিম, সাফা কবির, নাজিফা তুষি, শবনম ফারিয়া, পিয়া জান্নাতুল, পারসা ইভানা, তৌসিফ মাহবুব, ইমরান মাহমুদুল, মাসুমা রহমান নাবিলা, জান্নাতুল ফেরদৌস ঐশী, মেহজাবীন চৌধুরী, রাবা খান, হৃদি শেখ, পূর্ণিমাসহ আরও অনেক তারকার ব্যবহৃত পোশাক ও এক্সেসরিজ দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল।
প্রথম দিনের শুরুটা কিছুটা ধীরগতির হলেও বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে দর্শনার্থীদের উপস্থিতি। অনেকেই মনে করেন কর্মদিবসে আয়োজন হওয়ায় দিনের শুরুতে ভিড় কম ছিল। তবে সন্ধ্যার পর থেকে জমে ওঠে পুরো আয়োজন। দ্বিতীয় দিনে সেই চিত্র বদলে যায় পুরোপুরি। বিকেল থেকেই আলোকির বহিরাঙ্গণে শুরু হয় লাইভ মিউজিক, বাড়তে থাকে দর্শনার্থীদের ভিড়। প্রিয় তারকাদের এক নজর দেখতে ও তাদের ব্যবহৃত পোশাক সংগ্রহ করতে অনেকেই ভিড় করেন মেলা প্রাঙ্গণে।

দুই দিন সন্ধায় 'ইনফ্লুয়েন্স উইদ ইন্টেনশন ফ্যাশন লাইফস্টাইল এন্ড রেস্পন্সিবিলিটি' শীর্ষক বিশেষ প্যানেল ডিসকাশন। এতে অংশ নেন ফ্যাশন ডিজাইনার তানহা শেখ, আফসানা ফেরদৌসি এবং অভিনেত্রী পারসা ইভানা ও নাজিফা তুষি। আলোচনায় উঠে আসে ফাস্ট ফ্যাশনের ক্ষতিকর প্রভাব, জিরো ওয়েস্ট ডিজাইন, রিইউজ ও সচেতন ফ্যাশনের গুরুত্ব।

আফসানা ফেরদৌসি বলেন, “ফাস্ট ফ্যাশনের এই সময়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় জিরো ওয়েস্ট ও রিইউজ ধারণাকে গুরুত্ব দেওয়া এখন সময়ের দাবি।”
দ্বিতীয় দিনের সকালে ‘স্লো মর্নিং’ শিরোনামে বিশেষ আয়োজনে অংশ নেন ব্র্যান্ড স্পন্সর, মিডিয়া পার্টনার, তারকা ও আমন্ত্রিত অতিথিরা। ইন্ডালজের সৌজন্যে ছিল ব্রেকফাস্ট এবং এভয়েড রাফার লাইভ পারফরম্যান্স। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা তৌসিফ মাহবুব, অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী ও আইশা খান।
আইশা খান বলেন, “শুটিংয়ের প্রয়োজনে অনেক পোশাক কিনতে হয়, যেগুলোর বেশিরভাগই আর ব্যবহার করা হয় না। সেই পোশাক অন্য কারও কাজে লাগতে পারে— এই ভাবনা থেকেই এই আয়োজনে যুক্ত হওয়া।”

জান্নাতুল ফেরদৌস ঐশী বলেন, “প্রতিটি পোশাকের সঙ্গে একটা গল্প থাকে। সেই গল্পটাই অন্য কেউ এগিয়ে নিয়ে যাবে, এই অনুভূতিটা খুব সুন্দর।”
তৌসিফ মাহবুব জানান, “এখানে থাকা কয়েকটি পোশাক আমার নিজের ডিজাইন করা। আমার কোনো ভক্ত যদি এগুলো সংগ্রহ করেন, সেটা আমার জন্য আনন্দের।”

আয়োজনের শেষের দিকে এসেছিলেন অভিনেত্রী নাজিফা তুষিও।
ফেস্টিভালের শেষ দিনে আয়োজকরা জানান, ছোট্ট একটি কোর টিম, গো গার্লস টিম ও পুরো এক্সিকিউশন টিম নিজেদের সর্বোচ্চ দিয়ে কাজ করেছে এই আয়োজন সফল করতে। তাঁরা স্ট্র্যাটেজিক পার্টনার হাল ফ্যাশনসহ সকল স্পন্সর, স্টল পার্টনার, মিডিয়া পার্টনার, অংশগ্রহণকারী তারকা ও দর্শনার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আয়োজকদের ভাষ্য, প্রথম দিন কিছুটা ধীরগতির হলেও দ্বিতীয় দিনের অভূতপূর্ব সাড়া তাদের নতুন করে অনুপ্রাণিত করেছে। সীমাবদ্ধতা থাকলেও ভবিষ্যতে আরও বড় ও পরিপূর্ণ আয়োজনের প্রত্যাশা তাদের।
সাস্টেইনেবল ফ্যাশন, রিইউজ ও সচেতন লাইফস্টাইলের বার্তা ছড়িয়ে দিয়ে ‘সেলিব্রেটি আর্কাইভ ঈদ ফ্যাস্টিভাল ২০২৬’ হয়ে উঠেছিল কেবল একটি শপিং ইভেন্ট নয়, বরং নতুন প্রজন্মের দায়িত্বশীল ফ্যাশনচর্চার এক প্রাণবন্ত উদযাপন।
ছবি: হাল ফ্যাশন