
শহরের চেনা ব্যস্ততা থেকে একটু বিরতি নিয়ে খোলা আকাশের নিচে নিজের জন্য সময় কাটানোর আয়োজন। কেউ যোগব্যায়াম করছেন, কেউ নাচে মেতেছেন, আবার কেউ ছবি আঁকছেন কিংবা নতুন মানুষের সঙ্গে পরিচিত হচ্ছেন। শরীরচর্চার পাশাপাশি গান, সৃজনশীল কর্মকাণ্ড, মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা ও দেশি উদ্যোক্তাদের পণ্য নিয়ে সাজানো হয়েছে পুরো আয়োজন। জলসিঁড়ির ফোর্টিস প্ল্যাটিনাম লাউঞ্জে চলছে তিন দিনের ‘উইন্টার ওয়েলনেস ফেস্ট’। আজ শুক্রবার উৎসবের দ্বিতীয় দিন, আগামীকাল শনিবার শেষ হবে এবারের আয়োজন।

‘ঢাকা, লেটস গো আউটসাইড’ স্লোগান নিয়ে ১২ নভেম্বর শুরু হয়েছে দ্য ফ্লো ফেস্টের পঞ্চম আসর। এবারের আয়োজনের মূল ভাবনায় রয়েছে সুস্থতার সামগ্রিক চর্চা।

আয়োজকদের মতে, সুস্থ থাকা মানে শুধু শরীরচর্চা কিংবা শারীরিকভাবে ফিট থাকা নয়; মানসিক প্রশান্তি, সৃজনশীলতার বিকাশ এবং মানুষের সঙ্গে অর্থপূর্ণ যোগাযোগও সুস্থ জীবনের গুরুত্বপূর্ণ অংশ। এই ভাবনাকে সামনে রেখেই বিভিন্ন বয়সী মানুষের জন্য সাজানো হয়েছে উৎসবের নানা কার্যক্রম।
মুভমেন্ট, মাইন্ডফুলনেস, ক্রিয়েটিভিটি ও কানেকশন—এই চারটি বিভাগে সাজানো হয়েছে উৎসবের কার্যক্রম।


মুভমেন্টে রয়েছে যোগব্যায়াম, জুম্বা, পিলাটেস, বিভিন্ন ধরনের নাচ ও শরীরচর্চা। ম্যাট পিলাটেস, সোল গ্রুভ, ওডিশি, লাতিন ও সমসাময়িক নাচ, সালসা, বক্সিং, ফেন্সিং এবং অ্যানিমেল ইয়োগার মতো আয়োজনও রয়েছে বিভিন্ন দিনের সূচিতে।


মাইন্ডফুলনেস বিভাগে মেডিটেশন, শ্বাস-প্রশ্বাসের অনুশীলন, সাউন্ড হিলিং ও মাইন্ডফুল আর্টের ব্যবস্থা রয়েছে। মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলার জন্য আছে ‘শেয়ারাপি’ নামের উন্মুক্ত আলোচনাচক্র। ইউনাইটেড ও এগিয়ে-এর সঙ্গে আয়োজিত এসব পর্বে নিজের অনুভূতি প্রকাশ, অভিজ্ঞতা ভাগ করে নেওয়া এবং প্রয়োজনে সাহায্য চাওয়ার গুরুত্ব তুলে ধরা হচ্ছে।



অন্যদিকে ক্রিয়েটিভিটি বিভাগে রয়েছে আর্ট থেরাপি, অরিগামি, ক্রাফট কর্মশালা, রিকশা আর্ট, কবিতা ও সৃজনশীল লেখালেখির আয়োজন।


কানেকশন বিভাগে স্পিড ফ্রেন্ডিং, সাহিত্য আলোচনা, এনার্জি হিলিং ও সম্মিলিত সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অংশগ্রহণকারীদের পরিচিত হওয়া ও ভাবনা বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে।
শুক্রবার সকাল থেকেই উৎসব প্রাঙ্গণে ছিল নানা ধরনের কার্যক্রম। দিনের শুরুতে একদিকে চলেছে যোগব্যায়াম ও মেডিটেশন, অন্যদিকে ছিল মাইন্ডফুল আর্ট এবং মানসিকতা নিয়ে আলোচনা।


বেলা বাড়ার সঙ্গে যুক্ত হয়েছে সোল গ্রুভ, সাউন্ড হিলিং, হুলা হুপ, আর্ম রেসলিং ও অরিগামির মতো আয়োজন। কিশোর-কিশোরীদের জন্য ছিল লেখার মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশের বিশেষ পর্ব ‘রাইট টু রিলিজ’। দুপুরের বিরতির পর বিকেলে আবার শুরু হয় বিভিন্ন কর্মশালা । ছিল ফিটনেস প্রশিক্ষণ, ‘শেয়ারাপি’, সৃজনশীল লেখালেখি, স্পিড ফ্রেন্ডিং ও নারীদের আত্মরক্ষার প্রশিক্ষণ। রিকশা আর্ট, হুলা হুপ এবং হাভানা সালসার পরিবেশনাও ছিল ।
বিকেল চারটায় লেখক শাজিয়া ওমরের সঙ্গে ছিল ‘লিটারারি জার্নিজ’ শীর্ষক আলোচনা। দিনের শেষ আকর্ষণ ব্যান্ড ক্যাসেটের সংগীত পরিবেশনা।



শরীরচর্চা ও কর্মশালার পাশাপাশি উৎসবে রয়েছে কেনাকাটার ব্যবস্থাও। ‘ফ্লো মার্কেট’-এ বিভিন্ন উদ্যোক্তা সাজিয়েছেন নিজেদের পণ্যের পসরা।




পোশাক, গয়না, ঘর সাজানোর সামগ্রী, থ্রিফট পণ্য ও খাবারের স্টল রয়েছে এখানে।


বিভিন্ন ওয়েলনেস ব্র্যান্ডের পাশাপাশি নতুন উদ্যোগ হিসেবে যুক্ত হয়েছে বেয়ার, ব্লসম ও ভর্তা ব্রোস।



দর্শনার্থীরা ঘুরে ঘুরে পণ্য দেখছেন, কিনছেন পছন্দের জিনিস। কেউ কেউ আবার খাবারের স্টলে সময় কাটাচ্ছেন।
উৎসবের আয়োজন শুধু নির্দিষ্ট কোনো বয়সের মানুষের জন্য নয়। শিশু-কিশোর থেকে শুরু করে তরুণ ও বয়স্ক—সবাই নিজের আগ্রহ অনুযায়ী অংশ নিতে পারছেন। কেউ যোগব্যায়াম করছেন, কেউ নাচে যোগ দিচ্ছেন। শিশুদের দেখা যাচ্ছে ছবি আঁকা ও হাতে তৈরি বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে। আবার অনেকে বন্ধু কিংবা পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরে দেখছেন পুরো প্রাঙ্গণ।

খোলা জায়গায় আয়োজন হওয়ায় শরীরচর্চা ও অন্যান্য কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি প্রকৃতির কাছাকাছি সময় কাটানোর সুযোগও মিলছে। উৎসবের এই পরিবেশে একসঙ্গে সময় কাটানো, নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া কিংবা নতুন কোনো কাজ শেখার অভিজ্ঞতা যোগ হচ্ছে।



আয়োজকদের ভাষায়, এটি কেবল বিনোদনের আয়োজন নয়; সুস্থ জীবনযাপন সম্পর্কে জানার ও চর্চার একটি উন্মুক্ত পরিসর। আধুনিক বিজ্ঞান, মানসিক স্বাস্থ্যসেবা এবং প্রাচীন জীবনদর্শনের বিভিন্ন দিককে এক জায়গায় তুলে ধরার চেষ্টা রয়েছে এখানে।

দ্য ফ্লো ফেস্টের প্রতিষ্ঠাতা শাজিয়া ওমরের প্রত্যাশা, কেউ হয়তো কনসার্ট কিংবা পিকনিকের আনন্দ নিতে উৎসবে আসবেন। কিন্তু ফেরার সময় যদি নতুন কোনো অনুশীলন, নতুন বন্ধুত্ব কিংবা প্রয়োজনের মুহূর্তে সাহায্য চাওয়ার সাহস নিয়ে বাড়ি ফেরেন, সেটিই হবে আয়োজনের সার্থকতা। তাঁর মতে, সুস্থতা কোনো বিলাসিতা নয়; বরং সবার নাগালের মধ্যে থাকা স্বাভাবিক জীবনযাপনের অংশ হওয়া উচিত।
আগামীকাল শনিবার উৎসবের শেষ দিন। সকাল ১০টায় এসওয়াইএম সোসাইটির ‘মর্নিং গ্রুভ’ দিয়ে শুরু হবে কার্যক্রম। এরপর রয়েছে লেখক শাজিয়া ওমরের সঙ্গে সাহিত্যবিষয়ক আলোচনা, আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও ফ্লো করপোরেট চ্যালেঞ্জ। নারীদের আত্মরক্ষার প্রশিক্ষণ এবং পার্পল পোয়েট্রির আয়োজনও থাকছে। সন্ধ্যা সাড়ে পাঁচটায় টিইউআইয়ের পরিবেশনার মধ্য দিয়ে শেষ হবে এবারের উইন্টার ওয়েলনেস ফেস্ট।
সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলছে উৎসব। স্থান জলসিঁড়ির ফোর্টিস প্ল্যাটিনাম লাউঞ্জ। এক দিনের প্রবেশমূল্য ৩৫০ টাকা। পাঁচ বছরের কম বয়সী শিশুদের প্রবেশ বিনা মূল্যে। দর্শনার্থীদের যাতায়াতের সুবিধায় নির্ধারিত স্থান থেকে বিনা মূল্যে শাটলসেবার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি নির্ধারিত রুটে পাঠাওয়ের ছাড়ও পাওয়া যাচ্ছে। বিস্তারিত তথ্য ও নিবন্ধনের জন্য রয়েছে theflowfest.com/winterflow ওয়েবসাইট।
শরীরচর্চা থেকে শুরু করে মানসিক স্বাস্থ্যের যত্ন, সৃজনশীলতা কিংবা সামাজিক যোগাযোগ—সুস্থ থাকার নানা দিককে একসঙ্গে তুলে ধরছে এই উৎসব। প্রতিদিনের ব্যস্ততার বাইরে নিজের জন্য কিছুটা সময় বের করে নেওয়ার কথাই মনে করিয়ে দিচ্ছে জলসিঁড়ির এই আয়োজন।
ছবি: হাল ফ্যাশন