তুরস্ক থেকে ঢাকায় ‘দ্য পিউরেস্ট সলিউশনস’: প্রিমিয়াম স্কিনকেয়ারে নতুন অধ্যায়ের সূচনা
শেয়ার করুন
ফলো করুন

বাংলাদেশের স্কিনকেয়ার বাজারে নতুন মাত্রা যোগ করল তুরস্কের আন্তর্জাতিক প্রিমিয়াম স্কিনকেয়ার ব্র্যান্ড ‘দ্য পিউরেস্ট সলিউশনস’। রাজধানীর লো মেরিডিয়ান ঢাকা-এর গ্র্যান্ড বলরুমে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ব্র্যান্ডটি। বাংলাদেশে এর একমাত্র পরিবেশক হিসেবে কাজ করছে টি. এন. ট্রেড ইন্টারন্যাশনাল।

‘দ্য পিউরেস্ট সলিউশনস ফর হেলদি স্কিন’ প্রতিপাদ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তুরস্ক থেকে উপস্থিত ছিলেন ব্র্যান্ডটির সহ-প্রতিষ্ঠাতা, প্রধান বিপণন কর্মকর্তা ও প্রধান ডিজিটাল কর্মকর্তা হাজাল এভলিয়াওগ্লু, রপ্তানি বিশেষজ্ঞ মুরাত ওরকুন হিরচিনসহ আন্তর্জাতিক প্রতিনিধিদল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা, ফ্যাশন ব্লগার ও ব্র্যান্ড প্রোমোটার বুশরা কবির এবং উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী মৌ।

অনুষ্ঠানে টি. এন. ট্রেড ইন্টারন্যাশনাল-এর ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ দিদারুল ইসলাম বলেন, আন্তর্জাতিক মানের একটি প্রিমিয়াম স্কিনকেয়ার ব্র্যান্ড বাংলাদেশের ভোক্তাদের কাছে পৌঁছে দিতে পেরে তারা আনন্দিত। তাঁর ভাষ্য, গুণগত মান, উদ্ভাবন এবং বৈশ্বিক মানদণ্ডের সমন্বয়ে ব্র্যান্ডটি দেশের প্রিমিয়াম স্কিনকেয়ার খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

বাংলাদেশকে সম্ভাবনাময় বাজার হিসেবে উল্লেখ করে হাজাল এভলিয়াওগ্লু বলেন, এটি শুধু নতুন পণ্যের উদ্বোধন নয়, বরং বাংলাদেশি ভোক্তাদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলার সূচনা। তিনি জানান, ২০২০ সালে তুরস্কে যাত্রা শুরুর পর অল্প সময়ের মধ্যেই দ্য পিউরেস্ট সলিউশনস দেশটির দ্রুত বিকাশমান স্কিনকেয়ার ব্র্যান্ডগুলোর একটিতে পরিণত হয়েছে।

বিজ্ঞাপন

ব্র্যান্ডটির বিশেষত্ব হলো গবেষণাভিত্তিক ফর্মুলা, নির্দিষ্ট ত্বকের সমস্যার জন্য কার্যকর সমাধান এবং প্রয়োজনের অতিরিক্ত পণ্য ব্যবহারের পরিবর্তে সহজ ও ফলপ্রসূ স্কিনকেয়ার রুটিনে উৎসাহ দেওয়া। পাশাপাশি গ্রাহকদের স্কিনকেয়ার সম্পর্কে সচেতন ও শিক্ষিত করে তোলাকেও সমান গুরুত্ব দেয় প্রতিষ্ঠানটি।

রপ্তানি বিশেষজ্ঞ মুরাত ওরকুন হিরচিন বলেন, বাংলাদেশের বাজারে প্রবেশ তাদের বৈশ্বিক সম্প্রসারণের গুরুত্বপূর্ণ একটি ধাপ। স্থানীয় অংশীদারের সঙ্গে দীর্ঘমেয়াদে কাজ করে আন্তর্জাতিক মানের গুণগত নিশ্চয়তা, বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত উপাদান এবং উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে ব্র্যান্ডটির করপোরেট দর্শনের বিষয়টিও তুলে ধরা হয়। বক্তারা জানান, ‘পিউরেস্ট’ শুধু বিশুদ্ধ উপাদানের প্রতীক নয়; এটি স্বচ্ছতা, নৈতিক ব্যবসা, পরিবেশের প্রতি দায়বদ্ধতা, মানবাধিকার এবং টেকসই উন্নয়নের প্রতিশ্রুতিও বহন করে। প্রতিষ্ঠানটির বিশ্বাস, দায়িত্বশীল ব্যবসা ও বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনের সমন্বয়েই ভবিষ্যতের স্কিনকেয়ার শিল্প এগিয়ে যাবে।

বাংলাদেশে দ্য পিউরেস্ট সলিউশনস-এর অফিশিয়াল স্ট্র্যাটেজিক ব্র্যান্ড ও লঞ্চ পার্টনার হিসেবে দায়িত্ব পালন করেছে পপ অব কালার লিমিটেড। ব্র্যান্ড লঞ্চ কৌশল, জনসংযোগ, ব্র্যান্ড কমিউনিকেশন, মিডিয়া সমন্বয়, সেলিব্রিটি ও অতিথি ব্যবস্থাপনাসহ পুরো আয়োজন বাস্তবায়নে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিজ্ঞাপন

পপ অব কালার লিমিটেড-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক টিংকার জান্নাত মীম বলেন, একটি আন্তর্জাতিক ব্র্যান্ডের বাংলাদেশে যাত্রা কেবল উদ্বোধনী আয়োজন নয়, বরং নতুন সম্ভাবনার সূচনা। তাঁদের লক্ষ্য ছিল এমন একটি আন্তর্জাতিক মানের ব্র্যান্ড অভিজ্ঞতা তৈরি করা, যা অতিথিদের কাছে দ্য পিউরেস্ট সলিউশনস-এর প্রিমিয়াম মান, ব্র্যান্ড ভ্যালু এবং দীর্ঘমেয়াদি ভিশনকে স্মরণীয় করে রাখবে।

ব্র্যান্ড উন্মোচনের পাশাপাশি অনুষ্ঠানে ছিল প্রোডাক্ট শোকেস, মিডিয়া ইন্টারঅ্যাকশন, র্যাম্প শো, সাংস্কৃতিক পরিবেশনা, ফটোসেশন, নেটওয়ার্কিং এবং গালা ডিনারের আয়োজন। দেশি-বিদেশি অতিথি, চিকিৎসক, ব্যবসায়ী, বিউটি ইন্ডাস্ট্রির প্রতিনিধি, কনটেন্ট ক্রিয়েটর এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে আয়োজনটি আন্তর্জাতিক মানের এক প্রিমিয়াম ব্র্যান্ড অভিজ্ঞতায় পরিণত হয়।

বিজ্ঞাননির্ভর উপাদান, কার্যকর স্কিনকেয়ার শিক্ষা এবং আন্তর্জাতিক মানের পণ্যের সমন্বয়ে দ্য পিউরেস্ট সলিউশনস বাংলাদেশের সৌন্দর্যচর্চার বাজারে নতুন দিগন্তের সূচনা করেছে। স্থানীয় অংশীদারদের সঙ্গে কাজ করে দেশের প্রিমিয়াম স্কিনকেয়ার খাতে একটি বিশ্বস্ত ও শক্তিশালী অবস্থান গড়ে তোলাই এখন ব্র্যান্ডটির লক্ষ্য।

ছবি: দ্য পিউরেস্ট সলিউশনস

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১২: ০৪
বিজ্ঞাপন