জন্টা ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ২৫–এর দ্বিবার্ষিক সম্মেলন সমাপ্ত
শেয়ার করুন
ফলো করুন

পেশাজীবী নারীদের আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন জন্টা ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ২৫–এর ১৮তম দ্বিবার্ষিক সম্মেলন শেষ হয়েছে আজ ২ নভেম্বর। ঢাকায় তিন দিনের এই আয়োজনের উদ্বোধন হয় ৩১ অক্টোবর। দ্য ওয়েস্টিন ঢাকা হোটেলে অনুষ্ঠিত এই সম্মেলনে সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।

বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল ও ভারতের বিভিন্ন জন্টা ক্লাবের দেড় শতাধিক প্রতিনিধি সম্মেলনে অংশ নেন। নারী নেতৃত্ব, লিঙ্গসমতা ও নারীর অগ্রগতি নিয়ে দক্ষিণ এশিয়ার নারীনেত্রী ও পেশাজীবীদের এটি এক গুরুত্বপূর্ণ সমাবেশ হিসেবে বিবেচিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। সম্মেলনের সচিব নাসিমা আখতারের নেতৃত্বে অংশগ্রহণকারী দেশগুলোর পতাকা প্রদর্শন করা হয়। পরে জনপ্রিয় শিল্পী মেহরিন মাহমুদ পরিবেশন করেন ‘দিজ ইজ জন্টা’ শিরোনামের গান। এর মূল বার্তা ছিল নারীর ক্ষমতায়ন ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ।

বিজ্ঞাপন

তিন দিনের আয়োজনে আরও ছিল মার্কেট প্লেস। জন্টার বিভিন্ন ক্লাবের সদস্যদের উদ্যোগে দেশীয় নারী উদ্যোক্তাদের সৃজনশীল পণ্যের প্রদর্শনী হয় এখানে।  কো-অর্ড সেট, থ্রি–পিসসহ বিভিন্ন ধরনের শাড়ি ছিল তাদের সম্ভারে। ছিল বিডস, মেটাল ও পাথরের গয়নাও।

উদ্বোধনী অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান, কসোভোর রাষ্ট্রদূত লুলজিম পল্লানা, ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, জন্টা ইন্টারন্যাশনাল বোর্ডের ডিরেক্টর ফিলিপা জ্যাকবস-লরি, ডিস্ট্রক্ট ২৫–এর গভর্নর ড. জারিন দিলওয়ারসহ অতিথিরা
উদ্বোধনী অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান, কসোভোর রাষ্ট্রদূত লুলজিম পল্লানা, ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, জন্টা ইন্টারন্যাশনাল বোর্ডের ডিরেক্টর ফিলিপা জ্যাকবস-লরি, ডিস্ট্রক্ট ২৫–এর গভর্নর ড. জারিন দিলওয়ারসহ অতিথিরা

প্রধান অতিথি ড. হোসেন জিল্লুর রহমান বলেন, ‘নারীর অগ্রগতি শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বে প্রয়োজন। নারীর ক্ষমতায়ন এখন এক কার্যকর আহ্বান। আমাদের এমন নারীর প্রয়োজন, যাঁরা নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে নেতৃত্ব দিতে পারবেন।’
বিশেষ অতিথি ছিলেন কসোভোর বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত লুলজিম পল্লানা। তিনি বলেন, ‘কসোভোর নারীরা রাজনীতি, ক্রীড়া, সংগীত, চলচ্চিত্র ও শিল্পকলায় অসাধারণ সাফল্য অর্জন করেছেন। তাঁরা এখন বিশ্বজুড়ে প্রেরণার প্রতীক। জন্টা ইন্টারন্যাশনালও সমতা, নেতৃত্ব ও যৌথ প্রচেষ্টার দর্শনে বিশ্বাসী। আমি আশা করি, বাংলাদেশে জন্টা নারীনেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

বিজ্ঞাপন

সম্মেলনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা গ্রহণকালে তিনি বলেন, ‘এই সম্মান আমি বাংলাদেশের তাঁতশিল্পীদের উৎসর্গ করছি। আমাদের ঐতিহ্যবাহী হ্যান্ডলুমশিল্প এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। একসময় এ শিল্প আমাদের গ্রামীণ অর্থনীতি ও সংস্কৃতির গর্ব ছিল, এখন তা টিকে থাকার লড়াই করছে।’

টুটলি রহমানের ফ্যাশন শো
টুটলি রহমানের ফ্যাশন শো

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ফ্যাশন ডিজাইনার টুটলি রহমানের ফ্যাশন শো, যেখানে উপস্থাপন করা হয় আধুনিক ও ঐতিহ্যবাহী বাংলাদেশি নারীর পোশাকের বৈচিত্র্য ও সৌন্দর্য।

তিন দিনব্যাপী এই সম্মেলনে ছিল প্লেনারি সেশন, নেতৃত্ব উন্নয়ন কর্মশালা এবং বিষয়ভিত্তিক আলোচনা—যার মূল আলোচ্য বিষয় ছিল নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ। পাশাপাশি অনুষ্ঠিত হয়েছিল নেটওয়ার্কিং ও সাংস্কৃতিক বিনিময় সেশন, যা অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সম্পর্ক ও সহযোগিতা আরও দৃঢ় করে তুলেছে।

সম্মেলনের স্বাগত ভাষণ দেন কনফারেন্স চেয়ার জন্টা সোনিয়া পন্নি। অন্যান্য বক্তা ছিলেন জন্টা ইন্টারন্যাশনাল বোর্ডের ডিরেক্টর ফিলিপা জ্যাকবস-লরি, ডিস্ট্রিক্ট ২৫-এর বাই–লজ ও রেজোলিউশন চেয়ার জন্টা দিলরুবা আহমেদ এবং ডিস্ট্রিক্ট ২৫–এর লেফটেন্যান্ট গভর্নর জন্টা রতন আবুল হোসেন।

ছবি: আয়োজক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১৩: ০৮
বিজ্ঞাপন