
বাংলা ১৪৩১ সনের পয়লা বৈশাখের বিকেলে বিচারপতি শাহাবুদ্দীন আহমদ পার্কের গাছের নিচ থেকে ভেসে আসছে ‘তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশা আমায় ছাড়ে না’ গানের সুর। একটু কাছে যেতেই দেখা গেল একদল ছেলে–মেয়ে বায়োস্কোপ দেখছে। আধুনিক ঢাকার ছেলে–মেয়েদের কাছে যা একদমই অপরিচিত একটি বিনোদন মাধ্যম। পার্কের মুক্তমঞ্চে করা হয় বর্ষবরণ অনুষ্ঠানের মূল মঞ্চ। সেখানে তখন গান পরিবেশন করছিলেন গানপোকা ব্যান্ডের শিল্পীরা।

বর্ষবরণের এই আয়োজন রোববার বেলা ১১টার দিকে ঢাকা উত্তরের গুলশান-২–এর বিচারপতি শাহাবুদ্দীন আহমদ পার্কে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে শুরু হয়। সকালের শুরুতেই পার্কের ভেতরে লেকপাড়ের ঘাট থেকে নাচ আর বাদ্য বাজিয়ে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রা শেষ হয় বটতলায়। সেখানে আমন্ত্রিত অতিথিরা বর্ষবরণের সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, বর্ষবরণের উৎসবগুলোকে পাড়ায় পাড়ায় ছড়িয়ে দিতে হবে। কারণ, এখন সবাই ঘরের মধ্যে মুঠোফোনে ব্যস্ত থাকেন, মুঠোফোন থেকে বেরিয়ে এ রকম আয়োজনে অংশ নিতে আহ্বান জানান তিনি।
র্যাচেল প্রিয়াংকা প্যারিসের নাচ দিয়ে শুরু হওয়া দিনব্যাপী এই আয়োজনে ছিল গান, নাচ, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কনসহ নানা আয়োজন। সকালের আয়োজনে গান পরিবেশন করেন সমগীতের শিল্পীরা। গান কিংবা কবিতা শোনার ফাঁকে চলে বন্ধুদের সঙ্গে জমজমাট গল্প-আড্ডা, যার নাম দেওয়া হয়েছে ভাবালাপ। প্রবীণ ও নবীন শিল্পীরা মিলে রংতুলিতে ক্যানভাস রাঙান আর্ট ক্যাম্পে, যাতে অংশ নেয় শিশুরাও। আর্ট ক্যাম্পে শিল্পীরা ক্যানভাসে ছবি আঁকার পাশাপাশি শিশুদের বিভিন্ন দিকনির্দেশনাও দেন।


বর্ষবরণের আয়োজনের জন্য পুরো পার্কটি নানান নকশার রঙিন কাগজ, ঘুড়ি, কাগজের ফুল দিয়ে সাজানো হয়। আয়োজনের এক পাশে মেলার মতো বিভিন্ন স্টল বসানো হয়। যাতে শিশুদের খেলনা, শিল্পীদের আঁকা ছবির প্রদর্শনী, পটচিত্রের স্টল, নারীদের গয়নার স্টল, ফুচকাসহ বিভিন্ন খাবারের স্টল ছিল। আয়োজনের অন্যতম সহযোগী এশিয়ান পেইন্টসের স্টলও ছিল, সেখান থেকে দর্শনার্থীদের কাগজের তৈরি নববর্ষের পাখা বিতরণ করা হয়।
বিকেলে মুক্তমঞ্চে গান পরিবেশন করেন গানপোকা, আনান সিদ্দিকা, ইমরান আহমেদ, এলকেজি কোয়াট্রেট, ইসলাম উদ্দিন পালাকার। বিশেষ আকর্ষণ হিসেবে শনিবার রিলিজ হওয়া কোক স্টুডিও বাংলা তৃতীয় মৌসুমের গান ‘তাঁতি’ ডিজিটাল স্ক্রিনে দেখানো হয় এবং এই গানের শিল্পী অর্ণব ও জয়া আহসান, গানটির ক্রিয়েটিভ প্রডিউসার গাউসুল আলম শাওন ও কোক স্টুডি বাংলার সব গানের সাবটাইটেল লেখক শ্রাবন্তী দত্ত মঞ্চে উপস্থিত হন। প্রত্যেকেই এই গান নিয়ে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেন।

অনুষ্ঠানের একপর্যায়ে আয়োজনের সঙ্গে যুক্ত সবাইকে মঞ্চে ডেকে নিয়ে দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন আয়োজনের সমন্বয়ক নূর সাফা জুলহাজ। আয়োজনের শেষ পর্যায়ে মঞ্চে আসেন বাপ্পা মজুমদার। বাপ্পা মজুমদার এই আয়োজনে শিল্পীর পাশাপাশি আয়োজনের উদ্যোক্তাদের একজন।

দিনব্যাপী অনুষ্ঠানে গুলশান-২ নম্বরে বিচারপতি সাহাবুদ্দীন আহমদ পার্কে বাংলা নতুন বছরকে বরণ করে নিতে অগণিত দর্শক উপস্থিত হয়। এ বারের নববর্ষ ও ঈদ পাশাপাশি হওয়ায় উৎসবের আমেজ যেন বাড়িয়ে দিয়েছে।
এর আগে ১৩ এপ্রিল রাতে গুলশান–২ গোলচত্বর থেকে বিচারপতি শাহাবুদ্দীন আহমদ পার্ক পর্যন্ত রাতভর চলে আলপনা আঁকার উৎসব। রাত ১০টায় আলপনা আঁকা শুরু হলে কিছু সময়ের মধ্যে গুলশান–২ গোলচত্বরে এসে উপস্থিত হন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জারা মাহবুব, চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, অভিনেত্রী জয়া আহসানসহ আয়োজনের সঙ্গে যুক্ত সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। মেয়র আতিকুল ইসলাম আলপনা আঁকার উদ্বোধন করেন এবং তিনিসহ অতিথিরা আলপনা আঁকায় অংশ নেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘এখনকার ছেলেমেয়েরা বাংলার বিভিন্ন ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানে না। তাদেরকে এই বিষয়গুলো জানাতে এ রকম বিভিন্ন আয়োজন করতে হবে, এ জন্য এবার আমরা ঢাকা উত্তরে বর্ষবরণের আয়োজন করছি, আগামী দিনে এই বর্ষবরণের আয়োজন প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ছড়িয়ে দিতে চাই।’
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, ‘গুলশানসহ এই এলাকায় প্রথমবারের মতো এই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে, আয়োজনের সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ জানাই।’

বর্ষবরণ উৎসব বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির অংশ, দেশের শহর-গ্রাম সর্বত্র এই উদ্যাপন করা হয়। সাধারণত ঢাকার দক্ষিণে রমনার বটমূলে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীদের মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বর্ষবরণের আয়োজন করা হয়। আধুনিক ঢাকা হিসেবে পরিচিত ঢাকার উত্তরে গুলশান-বনানী-বারিধারা ও উত্তরায় এই আয়োজন হয় না। সেই দুঃখ ঘোচাতে গুলশান-বনানী-বারিধারা ও উত্তরার বাসিন্দারা মিলে এই আয়োজন করে।

অলিগলি হালখাতার এ উদ্যোগে সহযোগিতা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন, এশিয়ান পেইন্টস, কোকাকোলা, নগদ, গুলশান সোসাইটি, বিচারপতি শাহাবুদ্দীন আহমদ পার্ক, সিকিওরেক্স, ডেলভিস্তা, ভাসাভি, নগদ, অলিগলি, সাতত্য, ইউনিভার্সেল হাসপাতাল ও ব্র্যান্ড কার্ট। বর্ষবরণের এই আয়োজনের মতো অন্যান্য আয়োজনও ঢাকা উত্তরে নিয়মিত অনুষ্ঠিত হবে বলেই প্রত্যাশা এই এলাকার নাগরিকাদের।
ছবি: আবুল হাছান ও সংগৃহীত