
ফরাসি ধ্রুপদি অপেরার সঙ্গে বাংলা অপেরা বা ঐতিহ্যবাহী যাত্রাপালার সুরের মেলবন্ধন। ভাবনাটিই ছিল ব্যতিক্রমী। ইউরোপীয় সংগীতের দীর্ঘ ঐতিহ্য আর বাংলার নিজস্ব গীতিনাট্যধারাকে একই মঞ্চে নিয়ে আসার এমন উদ্যোগ ঢাকার সাংস্কৃতিক অঙ্গনে তৈরি করেছিল ভিন্ন প্রত্যাশা।

কারণ অপেরা ও যাত্রা—দুই ধারারই কেন্দ্রে রয়েছে সংগীত, অভিনয়, নাটকীয়তা এবং মানুষের চিরচেনা আবেগ। কিন্তু দুই ভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের এই সংলাপ কতটা গভীরভাবে মঞ্চে ফুটে উঠল? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই শনিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হলো বিশেষ সংগীতানুষ্ঠান ‘ফ্রেঞ্চ অপেরা শো ব্লেন্ডেড উইথ বাংলা অপেরা’।
বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত এই আন্তর্জাতিক সংগীতানুষ্ঠানে ফ্রান্স দূতাবাসের আমন্ত্রণে ঢাকায় আসেন ফরাসি অপেরাশিল্পী ভেরোনিক পেইন ও পিয়ানিস্ট ফ্যাব্রিস মেইত্রে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ফরাসি লেখক ও দেশটির প্রথম সংস্কৃতিমন্ত্রী আঁদ্রে মালরোর ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণে ২১ থেকে ২৯ নভেম্বর আয়োজিত ‘ফরাসি সপ্তাহ’-এর উদ্বোধনী আকর্ষণ ছিল এই অনুষ্ঠান। পাশাপাশি দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেডের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক উৎসবের সমাপনী আয়োজন হিসেবেও এটি বিশেষ গুরুত্ব বহন করে।
চিত্রপ্রদর্শনী থেকে অপেরার মঞ্চ
মূল সংগীতানুষ্ঠানের আগে অতিথিরা ঘুরে দেখেন শিল্পী রাশিদ খানের চিত্রপ্রদর্শনী ‘নদীর গল্প’। সম্প্রতি তাঁর ‘রিভার স্ক্রিপ্ট’ প্রদর্শনী শেষ হওয়ার পর ‘ফ্লেভারফুল বাংলাদেশ’ উৎসবের অংশ হিসেবে গত কয়েক দিন ধরে চলছিল এই প্রদর্শনী।

অনুষ্ঠানে উপস্থিত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে শিল্পী রাশিদ খান, প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান এবং দুই ফরাসি শিল্পীকে সঙ্গে নিয়ে চিত্রকর্মগুলো ঘুরে দেখেন। পরে প্রদর্শনীর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করে তাঁরা যোগ দেন মূল অনুষ্ঠানে।
সংগীতের মধ্য দিয়ে দুই দেশের বন্ধুত্ব
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেডের সেক্রেটারি জেনারেল মারুফ কবির। এরপর ক্লাবের সভাপতি সংগীতশিল্পী সুজিত মোস্তফা সংগঠনটির কার্যক্রম তুলে ধরেন। প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান সাংস্কৃতিক উৎসবের প্রেক্ষাপট এবং ফরাসি ও বাংলা অপেরার এই বিশেষ সংমিশ্রণের তাৎপর্য ব্যাখ্যা করেন। শুভেচ্ছা বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি আয়োজনটির জন্য আয়োজক ও শিল্পীদের অভিনন্দন জানান এবং বাংলাদেশ ও ফ্রান্সের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে তাঁর বক্তব্যে দুই দেশের সাংস্কৃতিক বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন।
অপেরার কণ্ঠে প্রেম, বিরহ ও জীবনের গল্প
বক্তব্য পর্ব শেষে মঞ্চে আসেন দুই ফরাসি শিল্পী। পিয়ানোয় ফ্যাব্রিস মেইত্রের সংগত আর ভেরোনিক পেইনের অপেরাধর্মী কণ্ঠ মিলিয়ে তৈরি হয় সন্ধ্যার সংগীত আবহ। বাংলাদেশে প্রথমবারের মতো এমন একটি বিশেষ আয়োজনের অংশ হতে পেরে দুজনই তাঁদের আনন্দ ও গর্ব প্রকাশ করেন।

পরিবেশনা সাজানো হয়েছিল ফরাসি, আমেরিকান ও ইতালীয় সংগীতের নির্বাচিত অংশ দিয়ে। ফরাসি পর্বে ছিল ‘কারমেন’ ও ‘লা বেল হেলেন’-এর মতো বিখ্যাত অপেরা।
আমেরিকান পর্বে শোনা যায় ‘পর্গি অ্যান্ড বেস’, ‘ক্যান্ডিড’ ও ‘মাই ফেয়ার লেডি’র অংশবিশেষ। ইতালীয় পর্বে পরিবেশিত হয় ‘টোস্কা’ ও ‘লা ত্রাভিয়াতা’র নির্বাচিত অংশ।
ফরাসি ভাষায় পরিবেশিত গানগুলোর আগে শিল্পীরা ইংরেজিতে সংশ্লিষ্ট অপেরার কাহিনি, চরিত্র ও প্রেক্ষাপট সংক্ষেপে তুলে ধরেন। ফলে ভাষা না জানলেও দর্শকেরা প্রতিটি গানের আবেগ ও নাটকীয়তা অনুসরণ করতে পেরেছেন। প্রেম, ঈর্ষা, বিরহ, দ্বন্দ্ব, মৃত্যু কিংবা সামাজিক বাস্তবতা—অপেরার গল্পে উঠে আসা এসব অনুভূতি যে ভাষা ও সংস্কৃতির সীমানা অতিক্রম করতে পারে, শিল্পীদের পরিবেশনায় সেই বিষয়টিই গুরুত্ব পেয়েছে।


অধিকাংশ গানে কণ্ঠ দিয়েছেন ভেরোনিক পেইন। অন্যদিকে পিয়ানোয় একক পরিবেশনার পাশাপাশি কয়েকটি গানে কণ্ঠ দিয়েছেন ফ্যাব্রিস মেইত্রেও। কখনো তাঁর পিয়ানোর সুর গায়িকার কণ্ঠকে এগিয়ে নিয়েছে, কখনো আবার পিয়ানোই হয়ে উঠেছে পরিবেশনার প্রধান আকর্ষণ।
ফরাসি অপেরা ও বাংলা যাত্রা: মেলবন্ধনের সম্ভাবনা কতটা?
আয়োজনটির সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল ফরাসি অপেরার সঙ্গে বাংলা অপেরা বা ঐতিহ্যবাহী যাত্রাপালার সুর ও আবেগকে যুক্ত করার প্রয়াস। ইউরোপীয় অপেরা ও বাংলার যাত্রাপালার মধ্যে কিছু মৌলিক সাদৃশ্য রয়েছে। দুটিই সংগীতনির্ভর নাট্যধারা। প্রেম, বিরহ, দ্বন্দ্ব, পৌরাণিক আখ্যান, সামাজিক বাস্তবতা ও মানবিক আবেগ—বিভিন্ন বিষয় এখানে উঠে আসে গান, অভিনয় ও নাটকীয়তার মধ্য দিয়ে। কণ্ঠের প্রকাশভঙ্গি, মঞ্চায়ন এবং সংগীতের সমন্বয়ও দুই ধারার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।

সেই জায়গা থেকে দুই ভিন্ন সংস্কৃতির সংগীতকে একই মঞ্চে আনার ভাবনাটি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। তবে এমন একটি সাংস্কৃতিক সংমিশ্রণ কেবল পাশাপাশি দুটি ধারার গান পরিবেশন করলেই পূর্ণতা পায় না। প্রয়োজন দুই সংগীতধারার স্বকীয়তা, সুরের বিন্যাস, কণ্ঠের প্রকাশভঙ্গি এবং নাটকীয়তার মধ্যে আরও নিবিড় সমন্বয়। সন্ধ্যার পরিবেশনায় সেই সংযোগের সম্ভাবনা অনুভূত হলেও পুরোপুরি পরিণত একটি যৌথ সংগীতভাষা তৈরি হওয়ার জায়গায় আরও অনুশীলন ও প্রস্তুতির অবকাশ ছিল।
বিশেষ করে ফরাসি অপেরার মতো ধ্রুপদি ও সুপ্রতিষ্ঠিত সংগীতধারার সঙ্গে বাংলা যাত্রার মেলবন্ধন ঘটাতে হলে যাত্রার নিজস্ব সংগীত ও মঞ্চভাষাকে আরও পরিকল্পিতভাবে তুলে ধরা প্রয়োজন।
যাত্রার অভিনয়, সংলাপ, কণ্ঠের নাটকীয়তা এবং দেশজ সুরের যে স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে, সেগুলোকে যথাযথভাবে যুক্ত করা গেলে দুই ধারার পার্থক্যই হয়ে উঠতে পারত সৃজনশীল সংলাপের শক্তি। এ ক্ষেত্রে বাংলা যাত্রার পাশাপাশি বা বিকল্প হিসেবে বাংলার শাস্ত্রীয় সংগীত, ধ্রুপদি রাগভিত্তিক গান কিংবা উচ্চাঙ্গসংগীতের পরিবেশনা যুক্ত করা গেলেও ফরাসি অপেরার সঙ্গে সুরের সংলাপটি আরও গভীর ও নান্দনিক হতে পারত। রাগের বিস্তার, তাল, সুরের কারুকাজ এবং কণ্ঠের শৈল্পিক প্রকাশের সঙ্গে ইউরোপীয় অপেরার কণ্ঠপ্রক্ষেপণ ও সংগীতায়োজনের একটি সমৃদ্ধ আদান-প্রদানের সুযোগ রয়েছে। তবে যাত্রাকে বাদ দেওয়াই সমাধান নয়; বরং যে ধারাকেই বেছে নেওয়া হোক, তার স্বকীয়তাকে যথাযথ গুরুত্ব দিয়ে পরিবেশনার কাঠামো তৈরি করাই জরুরি।
এখানেই আয়োজনটির সম্ভাবনা ও সীমাবদ্ধতা দুটোই স্পষ্ট হয়। ভাবনাটি যতটা অভিনব, তার বাস্তবায়নে ততটাই প্রয়োজন ছিল যৌথ প্রস্তুতি, দীর্ঘ মহড়া এবং দুই ধারার শিল্পীদের মধ্যে নিবিড় বোঝাপড়া। একটি পূর্ণাঙ্গ যৌথ মঞ্চপ্রযোজনা তৈরি করা গেলে ফরাসি অপেরা ও বাংলা সংগীতের এই সংযোগ আরও অর্থবহ হয়ে উঠতে পারে।
জাতীয় সংগীতে আবেগঘন সমাপ্তি
অনুষ্ঠানের শেষ পর্বে দুই ফরাসি শিল্পী পরিবেশন করেন বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’। তাঁদের সঙ্গে কণ্ঠ মেলাতে দাঁড়িয়ে যান উপস্থিত দর্শক-শ্রোতারাও। দুই দেশের সংগীত ঐতিহ্যের সন্ধ্যায় বাংলাদেশের জাতীয় সংগীতের এই পরিবেশনা হয়ে ওঠে আবেগঘন সমাপ্তি। পরে সংস্কৃতিমন্ত্রী ও সংস্কৃতি প্রতিমন্ত্রী শিল্পী রাশিদ খান এবং সুজিত মোস্তফাকে সঙ্গে নিয়ে চিত্রপ্রদর্শনীটি মতো ঘুরে দেখেন। সবশেষে আমন্ত্রিত অতিথিদের জন্য আয়োজন করা হয় নৈশভোজ।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং ঢাকাস্থ ফরাসি দূতাবাসের সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করে দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেড ও ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল ফাউন্ডেশন। ভেন্যু পার্টনার ও হোস্ট হিসেবে ছিল হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা।
সব মিলিয়ে ‘ফ্রেঞ্চ অপেরা শো ব্লেন্ডেড উইথ বাংলা অপেরা’ ছিল সাহসী এক সাংস্কৃতিক ভাবনার বাস্তব প্রয়াস। পরিবেশনার কিছু জায়গায় আরও সমন্বয়, অনুশীলন ও পরিশীলনের প্রয়োজন থাকলেও এমন উদ্যোগের গুরুত্ব কমে যায় না। বরং এই আয়োজন মনে করিয়ে দেয়, সংস্কৃতির বিনিময় শুধু ভিন্ন দেশের শিল্পীদের একই মঞ্চে দাঁড় করানো নয়; তাঁদের শিল্পভাষার মধ্যে সত্যিকারের সংলাপ তৈরি করাও জরুরি। ফরাসি অপেরার ধ্রুপদি সুর আর বাংলার নিজস্ব গীতিনাট্যধারার মধ্যে সেই সংলাপের সম্ভাবনা তৈরি হয়েছে। এখন প্রয়োজন তাকে আরও সময়, সৃজনশীল পরিকল্পনা ও নিবিড় চর্চার মধ্য দিয়ে পূর্ণাঙ্গ শিল্পরূপ দেওয়া।