
ফ্যাশনের সবচেয়ে বড় এবং সবচেয়ে রহস্যময় আয়োজন মেট গালা। প্রতি বছরই যেমন লাল গালিচার ঝলকানিতে আলোচিত হয়, তেমনি ভেতরের কঠোর নিয়মের কারণেও থাকে নানা সমালোচনা। ২০২৬ সালে এই জমকালো আয়োজন বসছে নিউইয়র্কের মেট্রপলিটন মিউজিয়াম অব আর্ট -এ, ৪ মে। এবারের থিম “কস্টিউম আর্ট”, আর ড্রেস কোড “ফ্যাশন ইজ আর্ট”—যেখানে ফ্যাশনই হয়ে ্ জীবন্ত শিল্প।

এই আয়োজনে অংশ নেওয়া মানেই বিশেষ এক স্বীকৃতি। এখানে কোনো টিকিট কিনে ঢোকার সুযোগ নেই। প্রতিটি অতিথিকে বেছে নেওয়া হয় খুব যত্ন করে, আর সেই তালিকার চূড়ান্ত অনুমোদন দেন অ্যানা উইন্টোর। তাই এখানে উপস্থিত হওয়া মানেই আপনি সেই বছরের নির্বাচিত কিছু মানুষের একজন।

মেট গালার সবচেয়ে কঠোর নিয়মগুলোর একটি হলো ‘নো ফোন পলিসি’। ভেতরে কোনো ছবি তোলা বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা যায় না। এর ফলে অতিথিদের পুরোটা সময় কাটাতে হয় উপস্থিত অতিথীদের সঙ্গে কথা বলেন, আর পরিবেশটা উপভোগ করে।

এই ইভেন্টে শুধু ফ্যাশন নয়, মানুষের মধ্যে সংযোগ তৈরির দিকেও গুরুত্ব দেওয়া হয়। বসার জায়গা আগে থেকেই ঠিক করা থাকে, অনেক সময় দম্পতিদের আলাদা করে বসানো হয় যাতে সবাই নতুন নতুন মানুষদের সঙ্গে মিশতে পারেন। আর অবশ্যই প্রবেশের সময় অ্যানা উইন্টর-এর সঙ্গে অল্প সময়ের একটি শুভেচ্ছা বিনিময়। এটিও এক বিশেষ অভিজ্ঞতা।

মিউজিয়ামের ভেতরে কোনো শিল্পকর্ম স্পর্শ করা যাবে না। ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি ছোটখাটো নিয়ম ভাঙলেও ভবিষ্যতে আমন্ত্রণ না পাওয়ার ঝুঁকি থাকে। তাই প্রতিটি অতিথিকেই থাকতে হয় বেশ সচেতন।

মজার ব্যাপার হলো, খাবারের তালিকাতেও রয়েছে নির্দিষ্ট নিয়ম। রসুন বা পেঁয়াজ ব্যবহার করা হয় না, যাতে কোনো অস্বস্তিকর গন্ধ না থাকে। এমন খাবারই রাখা হয়, যা সহজে খাওয়া যায় এবং দেখতে পরিপাটি। কারণ এখানে প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ।

এই সব নিয়মের উদ্দেশ্য একটাই, মেট গালাকে একটি বিশেষ ও একান্ত আয়োজন হিসেবে ধরে রাখা। এখানে কেউ শুধু ছবি তুলতে বা নিজেকে দেখাতে আসে না, বরং অংশ নেয় একটি অভিজ্ঞতায়। যেখানে ফ্যাশন, শিল্প আর মানুষের সংযোগ একসঙ্গে মিশে যায়।
আজকের সোশ্যাল মিডিয়ার যুগে, যেখানে সবকিছুই শেয়ার করার তাড়না, সেখানে মেট গালা যেন উল্টো এক বার্তা দেয়। আর তা হচ্ছে, সব মুহূর্ত ক্যামেরায় বন্দি করার জন্য নয়। কিছু মুহূর্ত শুধু অনুভব করার।
এই কারণেই, লাল গালিচার ঝলমলে সময়ের বাইরে মেট গালার ভেতরের জগতটি আরও বেশি আকর্ষণীয়, আরও বেশি বিশেষ।