পাওয়ার অব শির ‘উদ্যোক্তা হান্ট’–এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত
শেয়ার করুন
ফলো করুন

‘পাওয়ার অব শি’ আয়োজিত ‘উদ্যোক্তা হান্ট’ প্রতিযোগিতার চূড়ান্ত বাছাইপর্ব ১৮ এপ্রিল শনিবার মিরপুরে ঋদ্ধি গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে।

বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা সম্ভাবনাময় নারী ও তরুণ উদ্যোক্তারা অংশ নেন। এখানে স্টার্টআপ ক্যাটাগরি থেকে বিজয়ী হয়েছেন যথাক্রমে ১. জারিন রায়হান ২. রোকসানা ইসলাম ও ৩. মনিরা আলম। অন্যদিকে শিক্ষার্থীদের মধ্যে থেকে বিজয়ী হয়েছেন ইনস্টিটিউট অব সায়েন্স ট্রেড অ্যান্ড টেকনোলজির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের রিজওয়ানা সুলতানা ও স্টামফোর্ড ইউনিভার্সিটির, মাস্টার্স ইন জার্নালিজম অ্যান্ড মিডিয়ার জান্নাতি ইভা।

অনুষ্ঠানে প্রতিযোগীরা তাঁদের ব্যবসায়িক ধারণা, পণ্য, সেবা, উদ্ভাবনী উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন। বিচারকেরা সৃজনশীলতা, পণ্যের মান, বাজার সম্ভাবনা, উপস্থাপনা দক্ষতা, ব্যবসায়িক পরিকল্পনা এবং সামাজিক প্রভাবের ভিত্তিতে অংশগ্রহণকারীদের মূল্যায়ন করেন।

বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার, সিটি ব্যাংকের ডিএমডি এবং হেড অব এসএম কামরুল মেহেদী, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চিফ কমিউনিকেশন অফিসার জিসান কিংশুক হকসহ স্বনামখ্যাত উদ্যোক্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে এমন উদ্যোগ সময়োপযোগী। তরুণ প্রজন্মের মধ্যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ বাড়াতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

চূড়ান্ত পর্ব থেকে নির্বাচিত উদ্যোক্তারা আগামী ৯ ও ১০ মে অনুষ্ঠেয় ‘উইমেন সামিট অ্যান্ড এক্সিবিশন ২০২৬’-এ অংশগ্রহণের সুযোগ পাবেন। তাঁদের জন্য থাকবে বিনা মূল্যে স্টল–সুবিধা, পণ্য প্রদর্শন ও বিক্রয়ের সুযোগ, নেটওয়ার্কিং সুবিধা এবং সেরা উদ্যোক্তাদের জন্য সম্মাননা ও পুঁজিসহায়তা।

দুই দিনব্যাপী ‘উইমেন সামিট অ্যান্ড এক্সিবিশন ২০২৬’-এ নারী উদ্যোক্তা, তরুণ প্রজন্ম, ব্যবসায়িক নেতৃত্ব, বিনিয়োগকারী ও আগ্রহী অংশগ্রহণকারীদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসা হবে। এতে উদ্যোক্তাদের পণ্যের প্রদর্শনী, অভিজ্ঞতা বিনিময়, সম্মাননা প্রদান, স্বাস্থ্যবিষয়ক সেমিনার এবং নতুন উদ্যোক্তা তৈরির জন্য মাস্টার ক্লাস ও সেশন থাকবে।

এ ছাড়া থাকবে ৩৩টি স্টল, যেখানে নারী উদ্যোক্তাদের পাশাপাশি নতুন উদ্যোক্তাদের জন্য ফ্রি স্টলসুবিধা, অ্যাসিড সারভাইভারদের তৈরি পণ্য, প্রতিবন্ধী উদ্যোক্তাদের তৈরি পণ্য, হস্তশিল্প, ফ্যাশন ও উদ্ভাবনী পণ্যের প্রদর্শনী।

নারী উদ্যোক্তাদের বিকাশ ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী সমাজ গঠন সম্ভব বলে মনের করেন পাওয়ার অব শির চেয়ারম্যান সাবিনা স্যাবি। তিনি বলেন, ‘নারীদের জন্য টেকসই প্ল্যাটফর্ম তৈরি করাই আমাদের মূল লক্ষ্য, যেখানে তাঁরা তাঁদের দক্ষতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাকে বাস্তব ব্যবসায় রূপান্তর করতে পারবেন।’

উদ্যোক্তা হান্টের মতো উদ্যোগ নতুন ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের সামনে এগিয়ে আসার সুযোগ তৈরি করছে। এ ধরনের আয়োজন শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং এটি শেখা, নেটওয়ার্কিং এবং আত্মবিশ্বাস গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, বলে জানান তিনি।

পাওয়ার অব শি একটি অলাভজনক সংগঠন, যা ২০১৭ সাল থেকে নারীর ক্ষমতায়ন, উদ্যোক্তা উন্নয়ন, মানসিক ও শারীরিক স্বাস্থ্যসচেতনতা এবং ডিজিটাল নিরাপত্তা নিয়ে কাজ করছে। প্রতিষ্ঠানটি নারীদের জন্য প্রশিক্ষণ, ব্যবসায়িক পরামর্শ, নেটওয়ার্কিং সুযোগ সৃষ্টি এবং তরুণীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নিয়মিত বিভিন্ন কর্মসূচি, সেমিনার, প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করে আসছে।

ছবি: পাওয়ার অব শি

বিজ্ঞাপন
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১২: ৫৫
বিজ্ঞাপন