বিশ্বরঙ নিবেদিত উদ্যোক্তা ভূমির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১৩ জুন ‘নীল উৎসব ২০২৬’
শেয়ার করুন
ফলো করুন

দেশীয় ফ্যাশন ব্র্যান্ড বিশ্বরঙ দুই বছর আগে প্রতিভাবান উদ্যোক্তাদের নিয়ে ‘উদ্যোক্তা ভূমি’ নামে একটি প্ল্যাটফর্মের যাত্রা শুরু করে। উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, সৃজনশীল পণ্যের মানোন্নয়ন এবং ব্যবসায়িক বিকাশে সহায়তা করাই এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য। প্রতিষ্ঠার পর থেকে উদ্যোক্তা ভূমির সদস্যরা বিভিন্ন মেলা ও প্রদর্শনীতে অংশ নিয়ে প্রশংসা অর্জন করেছেন এবং নিজেদের উদ্যোগকে আরও বিস্তৃত করার সুযোগ পেয়েছেন।

বিশ্বরঙ উদ্যোক্তা ভূমির সভাপতি ও ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা বলেন, “উদ্যোক্তা ভূমির প্ল্যাটফর্মটি সৃষ্টি করা হয়েছে মূলত উদ্যোক্তাদের সংঘবদ্ধভাবে কাজ করার জন্য। অনেক উদ্যোক্তা তাঁদের ব্যবসার ধরন ও সঠিক পথ সম্পর্কে অবগত নন। আমাদের লক্ষ্য তাঁদের জন্য একটি আলোকিত পথ তৈরি করা, যাতে ভবিষ্যতে তাঁরাও অন্যদের পথ দেখাতে পারেন।”

তিনি আরও বলেন, “দেখতে দেখতে উদ্যোক্তা ভূমির দুই বছর পূর্ণ হয়ে গেছে। এই সময়ে আমাদের উদ্যোক্তারা নানা চ্যালেঞ্জ অতিক্রম করে নিজেদের অবস্থান তৈরি করেছেন। তাঁদের এই অর্জন ও সাফল্য উদযাপন করতেই আমরা নীল উৎসবের আয়োজন করছি।”

বিজ্ঞাপন

আয়োজকদের মতে, বর্ষার নান্দনিকতা এবং বাংলার শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে নীল রঙের যে বিশেষ আবেদন রয়েছে, সেটিকেই উৎসবের মূল প্রতিপাদ্য হিসেবে তুলে ধরা হবে। দিনব্যাপী আয়োজনে থাকবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ফ্যাশন শো এবং নানা সাংস্কৃতিক পরিবেশনা ও মনোজ্ঞ অনুষ্ঠান। প্রচার সহযোগী হিসেবে থাকছে হাল ফ্যাশন।

আগামী ১৩ জুন সকাল ১১টায় শুরু হওয়া এ উৎসবে অংশগ্রহণকারীদের জন্য বিশেষ ড্রেস কোড নির্ধারণ করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে পুরুষদের নীল পাঞ্জাবি এবং নারীদের নীল শাড়ি পরে অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
নীল উৎসব ২০২৬-এ অংশগ্রহণের জন্য আগ্রহীরা ০১৭৩০০৬৮০৪৩ অথবা ০১৭৩০০৬৮০১২ নম্বরে যোগাযোগ করে নিবন্ধন করতে পারবেন।

বিজ্ঞাপন
প্রকাশ: ১০ জুন ২০২৬, ১৩: ৫২
বিজ্ঞাপন