
ব্যবসার কাজ ও পরিকল্পনার ব্যস্ততায় কাটে উদ্যোক্তাদের সময়। কর্মব্যস্ত জীবনে একটু বিরতি নিয়ে নিজেদের মতো করে সময় কাটানোর আয়োজন করেছে উদ্যোক্তা কমিউনিটি ‘আড্ডা চলে’। আগামী ২৮ নভেম্বর ঢাকার এয়ার ফোর্স বেসক্যাম্পে অনুষ্ঠিত হবে দিনব্যাপী আয়োজন ‘আড্ডা এস্কেপ’।

অন্যতম আয়োজক মৌরি নাজনীন জানান, উদ্যোক্তাদের কাজের সময় অনেকটা ২৪ ঘণ্টার মতো। অন্য কোথাও, অন্য কোনো কাজে ব্যস্ত থাকলেও মাথার এক কোণে ব্যবসার চিন্তা চলতেই থাকে। সেই ব্যস্ততা থেকে একটু বিরতি দিতেই এবারের আয়োজন।
দিনটিতে থাকবে আড্ডা, খাওয়াদাওয়া, ঘোরাঘুরি ও ছবি তোলার সুযোগ। তবে কাজের কথাও একেবারে বাদ যাবে না। ভবিষ্যৎ পরিকল্পনা, কাজের অভিজ্ঞতা ও পারস্পরিক মতামত বিনিময়ের জন্যও থাকবে কিছুটা সময়। আয়োজকদের মতে, বিভিন্ন অনুষ্ঠানের বাইরে নিজেদের নিয়ে বসা কিংবা একে অপরের কথা শোনার সুযোগ খুব একটা হয়ে ওঠে না।

আয়োজনের ভেন্যু আগারগাঁওয়ে অবস্থিত এয়ার ফোর্স বেসক্যাম্প। জনপ্রতি ১ হাজার ২০০ টাকা প্যাকেজের মধ্যে থাকছে ভেন্যুর প্রবেশমূল্য, দুপুরের খাবার, নাশতা ও পেশাদার আলোকচিত্রীর মাধ্যমে ছবি তোলার সুযোগ। চাইলে অংশগ্রহণকারীরা সন্তান, পরিবারের সদস্য কিংবা পছন্দের কাউকেও সঙ্গে নিতে পারবেন।
আয়োজনের অন্যতম আকর্ষণ র্যাফল ড্র। এতে প্রথম পুরস্কার হিসেবে পরবর্তী ‘আড্ডা চলে’ আয়োজনে স্টল ভাড়ায় ৫০ শতাংশ, দ্বিতীয় পুরস্কারে ৩০ শতাংশ এবং তৃতীয় পুরস্কারে ১৫ শতাংশ ছাড় দেওয়া হবে। কুপনগুলো পরবর্তী যেকোনো ‘আড্ডা চলে’ আয়োজনে ব্যবহার করা যাবে।

আগে ‘আড্ডা চলে’র সঙ্গে যুক্ত উদ্যোক্তাদের পাশাপাশি নতুন উদ্যোক্তারাও এতে অংশ নিতে পারবেন। অংশগ্রহণ নিশ্চিত করতে ২২ নভেম্বরের মধ্যে নির্ধারিত গুগল ফর্ম পূরণের অনুরোধ জানিয়েছেন আয়োজকেরা।
আয়োজকদের প্রত্যাশা, কাজের ব্যস্ততার বাইরে এই আয়োজন উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও নতুন সম্পর্ক তৈরির সুযোগ করে দেবে।
ছবি: আড্ডা চলে