
চারদিকে উৎসব উৎসব আমেজ । শরৎ চলছে, সামনে পূজা। এরপরই হেমন্ত, তারপর শীতের ধুম। বছরের এই সময়টায় তাই নানা ধরনের মেলা বসে শহরের বিভিন্ন প্রান্তে। কোথায় যাবেন, কোথায় যাবেন না—এমন একটা অবস্থা। আগামীকাল সময় থাকলে একবার ফার্মগেট এলাকার ইন্দিরা রোডে ঢুঁ মেরে আসতে পারেন। সেখানে বসছে ‘আবারও’ মেলার পঞ্চম আসর।


ইলোরা কালেক্টিভের আয়োজনে ২৬ সেপ্টেম্বর ইন্দিরা রোডের নিরিবিলি অ্যাপার্টমেন্টে বসবে এই মেলা। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে আয়োজনটি।
পরিবেশবান্ধব জীবনযাত্রার নানা উপকরণ, সৃজনশীল কাজ ও শিল্পচর্চাকে একই আয়োজনে নিয়ে আসাই এবারের মেলার বিশেষ দিক।

ইলোরা কালেক্টিভের ফাউন্ডার সারা ইসলাম জানান, এটি ইলোরা কালেক্টিভের পঞ্চম মেলা। শুরুতে পুরোনো বা থ্রিফটের শাড়ি বিক্রির মাধ্যমে মেলার যাত্রা শুরু হলেও এবার আয়োজনটি করা হচ্ছে কিছুটা ভিন্নভাবে। তাঁর ভাষায়, পরিবেশ রক্ষা করা আমাদের দায়িত্ব। সেই দায়িত্ব পালনের পাশাপাশি কিছু আয় করা এবং নিজেদের শখ পূরণের সুযোগ তৈরি করাও এবারের মেলার অন্যতম উদ্দেশ্য।
মেলায় পরিবেশবান্ধব জীবনযাপনের নানা পণ্যের প্রদর্শনী ও বিক্রির পাশাপাশি থাকছে দুটি বিশেষ আর্ট ওয়ার্কশপ। জলরঙের কর্মশালাটি পরিচালনা করবেন শিল্পী তানজিম ইনিয়াত ইসলাম। দুটি সেশনে অনুষ্ঠিত হবে এই কর্মশালা—সকাল ১১টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে বিকেল ৪টা। রেজিস্ট্রেশন ফি ২ হাজার টাকা। স্পট রেজিস্ট্রেশনের সুযোগও থাকছে। সব বয়সের নতুন শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবেন।


অন্যদিকে শিল্পী সারা ইসলামের পরিচালনায় থাকছে সায়ানোটাইপ প্রিন্টমেকিং কর্মশালা। সায়ানোটাইপ একটি প্রাচীন আলোকচিত্র মুদ্রণ পদ্ধতি। এর মাধ্যমে নেগেটিভ ইমেজ বা কোনো বস্তুর প্রতিচ্ছবি গাঢ় নীল বা সায়ান রঙের কাগজ কিংবা কাপড়ে ফুটিয়ে তোলা যায়। কর্মশালায় এই পদ্ধতিই হাতে-কলমে শেখানো হবে। এতে অংশ নিতে প্রিন্টমেকিংয়ের পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই, সব বয়সের আগ্রহীরা অংশ নিতে পারবেন। দুটি কর্মশালার প্রয়োজনীয় সব উপকরণই সরবরাহ করবেন আয়োজকেরা। কর্মশালা দুটি ২৬ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত চলবে।
অন্যদিকে মেলায় অংশ নিচ্ছে বিভিন্ন সৃজনশীল উদ্যোগ। স্টলে থাকছে থ্রিফটের শাড়ি, নতুন শাড়ি ও কাপড়, পেইন্টিং, আর্টওয়ার্ক, হ্যান্ডমেড আচার, ব্যাগ, হ্যান্ডমেড জুয়েলারি, রিসাইকেল কাঠের ফার্নিচার এবং ঘরের সৌন্দর্য বাড়ানোর নানা জিনিসপত্র। লাইফস্টাইলের নানা পণ্য নিয়ে থাকছে ক্লেস্থান, স্বধিতি লাইফস্টাইল, লাভ, মা অফিসিয়াল, স্টুডিও পিগ্রো, এনা কাব্য, জিনিয়াস ফার্ম, সুলতানাস ডায়েরি, শিল্পী সাইমিম মুনতাহা, শিল্পী তানজিম ইনিয়াত ইসলাম, টঙ্গাসহ আরও অনেকে।

পরিবেশবান্ধব পণ্য ও জীবনযাপনের ধারণার সঙ্গে শিল্পচর্চাকে মিলিয়ে দেওয়াই এই আয়োজনের বিশেষত্ব। তাই এখানে শুধু কেনাকাটার সুযোগই নয়, শিল্প ও সৃজনশীলতার সঙ্গে সরাসরি যুক্ত হওয়ারও সুযোগ থাকছে। ইলোরা কালেক্টিভের আয়োজনে ‘আবারও’ মেলার পঞ্চম পর্বে সবাইকে সপরিবারে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকেরা।
ঠিকানাঃ ইলোরা কালেক্টিভ, ফ্ল্যাট এ টু, নিরিবিলি অ্যাপার্টমেন্ট, বাড়ি নম্বর ৩৫/৩, ইন্দিরা রোড, ঢাকা-১২১৫।