এক ছাদের নিচে দেশের সেরা সব ফার্নিচার ব্র্যান্ড
শেয়ার করুন
ফলো করুন

মেলাটি অনুষ্ঠিত হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির গুলনকশা, পুষ্পগ্রহ ও রাজদর্শন-এই তিনটি হলে। বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির আয়োজনে এবং ডিজাইন অ্যান্ড টেকনোলজি সেন্টার-এর সহযোগিতায় মেলা চলবে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত।

এবারের আয়োজনে রয়েছে ২৭৮টি স্টল ও ৪৮টি দেশীয় ব্র্যান্ড। অংশ নিচ্ছে দেশের নামকরা প্রতিষ্ঠানগুলো-আখতার ফার্নিচার, অটবি, নাভানা, রিগেল, এপেক্স, পারটেক্স সহ আরও অনেকে। প্রতিটি ব্র্যান্ডই হাজির হয়েছে তাদের সেরা ও নতুন সব কালেকশন নিয়ে।

আয়োজক কমিটির প্রতিনিধি ফরহাদ হোসেন বলেন, “এবার অংশগ্রহণকারীরা শুধু বিক্রির জন্য নয়, বরং নিজেদের ব্র্যান্ডকে আরও বড় পরিসরে তুলে ধরার লক্ষ্যেই অংশ নিচ্ছেন। অনেকেই এক্সক্লুসিভ কালেকশন নিয়ে এসেছেন।”

ফার্নিচারের পাশাপাশি কিচেন ইন্টেরিয়র সামগ্রী নিয়েও এসেছে বিওন ফার্নিচার।
মেলায় আসা দর্শনার্থীরা সরাসরি ফার্নিচার স্পর্শ করে তার ব্যবহারযোগ্যতা বুঝে নিতে পারছেন। এক ক্রেতার ভাষায়- “এক ছাদের নিচে এত ব্র্যান্ডের নতুন কালেকশন দেখা সত্যিই সুবিধাজনক। ঘুরে ঘুরে তুলনা করা যায়, পছন্দও করা যায় সহজে।”

বিজ্ঞাপন

অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলোও জানায়, এ মেলার মাধ্যমে তারা মূলত নিজেদের পণ্য ও ব্র্যান্ড পরিচিতি বাড়াতে চাচ্ছেন। পারটেক্স গ্রুপের স্টল ম্যানেজার জানান, “নতুন প্রোডাক্টের প্রমোশনের জন্যই আমরা অংশ নিয়েছি এই আয়োজনে। সপ্তাহান্তে দর্শনার্থীর ভিড় আরও বাড়বে বলে আশা করছি।”

মেলায় শুধু ফার্নিচারই নয়, প্রতিটি স্টলের ইন্টেরিয়র ডিজাইনও দারুণ নজর কাড়ছে। ঘরোয়া পরিবেশে সাজানো স্টলগুলোতে ঢুকলেই মনে হয় এ যেন আপনার নিজের বাড়ি। ফলে দর্শনার্থীরা সহজেই বুঝে নিতে পারছেন, কোন ফার্নিচার তাদের ঘরের সঙ্গে কেমন মানাবে।

যাঁরা নতুনভাবে ঘর সাজাতে চান বা আধুনিক ফার্নিচারের আইডিয়া খুঁজছেন, তাঁদের জন্য এই মেলাটি একদম পারফেক্ট জায়গা। মেলা উপলক্ষে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের আকর্ষণীয় ছাড়- লেগাসি ফার্নিচার: সব পণ্যে ১৫% ছাড়, নাভানা ফার্নিচার: ১৫% ছাড়, চ্যাম্পিয়ন ফোম ও ম্যাট্রেস: ১৫% ছাড়, হাতিল ফার্নিচার: ৫% ছাড়, ব্রাদার্স ফার্নিচার: ১৫% ছাড়, নাদিয়া ফার্নিচার: ১২% ছাড়।

স্থানীয় শিল্পের বিকাশে এবারও অংশ নিয়েছে শুধু দেশীয় উদ্যোক্তারা। দেশীয় নকশা ও কারিগরি দক্ষতার এমন উৎসবই প্রমাণ করে-বাংলাদেশের ফার্নিচার শিল্প এখন বিশ্বমানের পথে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১৪: ২৫
বিজ্ঞাপন