
টেকসই ফ্যাশন, ঐতিহ্য আর ঈদ উদযাপনের সমন্বয়ে রাজধানীর গুলশান লিংক রোডের আলোকি কনভেনশন সেন্টারে কাল থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘সেলিব্রেটি আর্কাইভ ঈদ ফেস্টিভাল ২০২৬’। আগামী ১৯ ও ২০ মে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে এই আয়োজন।
টেকসই ফ্যাশন, পুনর্ব্যবহার ও রিওয়্যার ধারণাকে সামনে রেখে সাজানো এই ফেস্টিভ্যালকে আয়োজকরা দেখছেন কেবল কেনাকাটার আয়োজন হিসেবে নয়, বরং সচেতন জীবনধারা ও ফ্যাশন সংস্কৃতির নতুন এক উদ্যোগ হিসেবে। আয়োজনটির স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে থাকছে হাল ফ্যাশন।


এই আয়োজনের নেপথ্যে রয়েছেন টিভি উপস্থাপক নীল হুরেজাহান, সোনিয়া রিফাত, অর্চি রহমান ও মৌসুমী মৌ। আয়োজকদের ভাষ্য, ফ্যাশন ও মিডিয়া অঙ্গনে কাজ করতে গিয়ে নিয়মিত নতুন পোশাক ও অ্যাক্সেসরিজ ব্যবহার করতে হয়। কিন্তু অনেক সময় একটি অনুষ্ঠানের জন্য কেনা পোশাক একবার ব্যবহার করেই আলমারিতে পড়ে থাকে বছরের পর বছর। অথচ সঠিক সংরক্ষণ, পুনর্ব্যবহার ও রিওয়্যারের মাধ্যমে সেই পোশাকই অন্য কারও জীবনের অংশ হতে পারে।
তাঁদের মতে, বিশ্বের বিভিন্ন দেশে প্রি-লাভড, থ্রিফটিং ও ডিক্লাটার সংস্কৃতি এখন জনপ্রিয় হয়ে উঠছে। বাংলাদেশেও বহু পুরোনো ঐতিহ্য রয়েছে—মায়ের বা দাদীর শাড়ি পরের প্রজন্মের মানুষ ব্যবহার করে। ফাস্ট ফ্যাশনের ফলে প্রতি বছর বিপুল পরিমাণ পোশাক বর্জ্যে পরিণত হচ্ছে বলেই এখন সচেতন মহল টেকসই ফ্যাশনের ওপর গুরুত্ব দিচ্ছে।
এই ভাবনা থেকেই গত ফাল্গুনে ছোট পরিসরে শুরু হয়েছিল ‘সেলিব্রেটি আর্কাইভ’। এবার সেই আয়োজন আরও বড় পরিসরে হাজির হচ্ছে নানা নতুন মাত্রা নিয়ে।
ফেস্টিভ্যালে অংশ নিচ্ছেন দেশের জনপ্রিয় তারকারা। তাঁদের মধ্যে আছেন বিদ্যা সিনহা মিম, সাফা কবির, নাজিফা তুষি, শবনম ফারিয়া, পিয়া জান্নাতুল, পারসা ইভানা, তৌসিফ মাহবুব, ইমরান মাহমুদুল, রাফা, মাশা ইসলাম, মাসুমা রহমান নাবিলা, মাহা, জান্নাতুল ফেরদৌস ঐশী, স্বর্ণলতা দেবনাথ, মেহজাবীন চৌধুরী, রাবা খান, হৃদি শেখ, পূর্ণিমাসহ আরও অনেকে। নিজেদের ব্যবহৃত পোশাক ও এক্সেসরিজের মাধ্যমে তারা যুক্ত হয়েছেন সচেতন ফ্যাশন ও ডিক্লাটারিংয়ের এই উদ্যোগে।
তারকাদের ভক্তদের জন্যও এটি হতে যাচ্ছে বিশেষ অভিজ্ঞতা। আয়োজনে বিভিন্ন সময়ে উপস্থিত থাকবেন অংশগ্রহণকারী তারকারা।
এই আয়োজন নিয়ে অভিনেত্রী ও উপস্থাপিকা মাসুমা রহমান নাবিলা বলেন, “প্রি-লাভড কনসেপ্ট এখন সারা বিশ্বে জনপ্রিয়। সবাই এখন সাস্টেইনেবল ফ্যাশন নিয়ে কাজ করছে। সেই ভাবনা থেকেই আমি এই আয়োজনে অংশ নিচ্ছি। আমার কিছু প্রিয় পোশাক এখানে থাকবে, যেগুলোর সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে।”
অন্যদিকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী তার ফ্যানপেজে লিখেছেন, “কিছু জিনিস শুধু পোশাক বা ব্যাগ না, এগুলোর সঙ্গে জড়িয়ে থাকে স্মৃতি, অনুভূতি আর জীবনের ছোট ছোট গল্প। আমার স্টলে এমন কিছু জিনিস থাকবে, যেগুলো আমার খুব কাছের। এখন চাই এগুলো নতুন একটা ঘর পাক, নতুন স্মৃতির অংশ হোক।”


তবে এই আয়োজন শুধু তারকাদের প্রি-লাভড কালেকশনেই সীমাবদ্ধ নয়। কোরবানির ঈদের ঠিক এক সপ্তাহ আগে অনুষ্ঠিত হতে যাওয়া এই ফেস্টিভ্যালে অংশ নিচ্ছেন প্রায় ৮০ জন উদ্যোক্তা। তারা নিয়ে আসছেন নতুন ঈদ কালেকশন। পাশাপাশি দেশের বিভিন্ন পরিচিত ব্র্যান্ডও অংশ নিচ্ছে তাদের এক্সক্লুসিভ সংগ্রহ নিয়ে। আয়োজন শুরু হওয়ার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ঘুরে বেড়াচ্ছে নানা মজার মিম ও আলোচনা।
ফেস্টিভালের অন্যতম আকর্ষণ থাকছে ‘হেরিটেজ কর্নার’। এখানে স্থানীয় দুইজন বয়নশিল্পী সরাসরি তাঁত বুননের প্রদর্শনী করবেন। দর্শনার্থীরা কাছ থেকে দেখতে পারবেন বাংলাদেশের ঐতিহ্যবাহী বয়নশিল্পের সৌন্দর্য ও এর শিকড়ের গল্প।
এ ছাড়া থাকছে ফুড জোন, বিভিন্ন এক্সপেরিয়েন্স জোন এবং ঈদ উপলক্ষে বিশেষ মেহেদি কর্নার। আয়োজকদের প্রত্যাশা, ফ্যাশন, সংস্কৃতি, ঐতিহ্য ও সচেতনতার সমন্বয়ে এই দুই দিনের আয়োজন দর্শনার্থীদের জন্য তৈরি করবে এক ভিন্নধর্মী ঈদ উৎসবের অভিজ্ঞতা। একই সঙ্গে দেশীয় পণ্যের প্রতি মানুষের আগ্রহ আরও বাড়বে বলেও তারা আশা করছেন।

অনুষ্ঠানটির সহযোগিতায় রয়েছে এমটিবি, জেসিএক্স, হুন্ডাই, ইন্ডালজ, উবার, ছুটি রিসোর্ট, কিরেই, ইগলু, আরএইচ কনজিউমার গুডস, রিভাইভ, মুমতাজ হার্বাল প্রোডাক্টস ও কেক স্টোরি।
ছবি: সেলিব্রেটি আর্কাইভ