উদ্যোক্তা ভূমির আয়োজনে তিনদিনের শরৎ হাওয়া, চলবে আজ রাত ৯টা পর্যন্ত
শেয়ার করুন
ফলো করুন

বিশ্বরঙের প্ল্যাটফর্ম 'উদ্যোক্তা ভূমি'-র আয়োজনে ২২জন সৃজনশীল উদ্যোক্তার অংশগ্রহণে বিশ্বসাহিত্য কেন্দ্রে ৪ সেপ্টেম্বর শুরু হয়েছে 'শরৎ হাওয়া ২০২৫' শিরোনামে তিনদিনের পণ্য প্রদর্শনী। শরৎ হাওয়ার এটি দ্বিতীয় আসর। আয়োজনটি চলবে আজ ৬ সেপ্টেম্বর পর্যন্ত।  প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত এই মেলা।

মেলায় বিশেষ করে নজর কাড়ছে উদ্যোক্তাদের পূজা কালেকশন
মেলায় বিশেষ করে নজর কাড়ছে উদ্যোক্তাদের পূজা কালেকশন

মেলায় বিশেষ করে নজর কাড়ছে উদ্যোক্তাদের পূজা কালেকশন। ন্যাচারাল ডাই, ব্লক, স্ক্রিনপ্রিন্ট, ডিজিটাল প্রিন্ট, হ্যান্ডপেইন্টসহ বিভিন্ন নকশার থিমভিত্তিক শাড়ি, থ্রিপিস, কো-অর্ড, টপস আছে এখানে। পাওয়া যাচ্ছে ম্যাচিং শাড়ি, ব্লাউজ ও পাঞ্জাবিও। । সঙ্গে ঐতিহ্যবাহী জামদানি,  মনিপুরী ও অন্যান্য তাঁতের শাড়িও আছে। গয়না, ব্যাগ ও ঘর সাজানোর পণ্য আছে কয়েকজন উদ্যোক্তার। বাদ যায়নি হাতে বানানো উপহার সামগ্রী। প্রসাধনী আর সুগন্ধি নিয়ে এসেছেন দুজন উদ্যোক্তা।

বিজ্ঞাপন

৪ সেপ্টেম্বর বিকেল পাঁচটায় এক উৎসবমুখর পরিবেশে প্রদর্শনীর উদ্বোধন হয়েছে। উপস্থিত ছিলেন নাট্য ও অভিনয়শিল্পী দিলারা জামান, দীপা খন্দকার ও সংগীত শিল্পী সোমনূর মনির কোনাল। এছাড়া এই আয়োজন যাঁর উদ্যোগে, বিশ্বরঙের কর্ণধার ও ডিজাইনার বিপ্লব সাহার উপস্থিত ছিলেন পুরো আয়োজনের মধ্যমণি হয়ে।

এক উৎসবমুখর পরিবেশে প্রদর্শনীর উদ্বোধন হয়েছে
এক উৎসবমুখর পরিবেশে প্রদর্শনীর উদ্বোধন হয়েছে

তিনদিনের এই আয়োজনে দৃষ্টিনন্দন পণ্য নিয়ে অংশগ্রহণ করেছে মিতার গল্প, আজুরা বাই শান্তা কবির, আট কুঠুরি নয় দরজা, আমি আমরা, লেইস ফিতা, যাদুর হাট, কারুনগরী, চোরাং, সমান্তরাল, ক্রিস্তাং, অদ্বিতীয়া, স্বপ্নীল হাউজ, বিসমিল্লাহ বুটিক ফ্যাশন, সেরেনে বাংলাদেশ, রাজকন্যার বসন, সিন্দুক,  মুয়াজস কালেকশন, পদ্ম, রুসেলি কালেকশন, হ্যান্ডমেড বিডি, পান্না —এই ২২টি অনলাইনভিত্তিক লাইফস্টাইল ও ফ্যাশন উদ্যোগ।

বিজ্ঞাপন

'৩০ বছর ধরেই বিশ্বরঙ কাজ করে যাচ্ছে সঙ্গে। বিভিন্ন উদ্যোক্তারা সবসময় আমাদের সহযোগিতা করে থাকে। বড় ব্র্যান্ডগুলো আসলে ছোট উদ্যোক্তাদের সাহায্য ছাড়া বেশিদূর এগুতে পারেন না', বলেন বিপ্লব সাহা। তিনি আরো বলেন, 'এখন উদ্যোক্তারা আরও অনেক ভালো কাজ করছে। তাদের কাজগুলো প্রদর্শনীর ব্যবস্থা করা হলে একে অপরের কাজ দেখে যেমন অনুপ্রাণিত হতে পারে তেমনি ক্রেতাদেরও সামনাসামনি দেখে কেনাকাটা করার একটা সুযোগ হয়। যেহেতু শরৎকাল শুরু হয়েছে এবং সামনেই পূজা তাই নবীন প্রবীণ উদ্যোক্তা ও ক্রেতাদের একসঙ্গে করার লক্ষ্যে শরৎ হাওয়ার দ্বিতীয় সিজন আয়োজন করা। আর শরৎ হাওয়ার প্রথম আসরের সাফল্যের কথা তো সবাই জানেন।'

উদ্যোক্তাদের জন্য এই আয়োজন এক বড় সুযোগ
উদ্যোক্তাদের জন্য এই আয়োজন এক বড় সুযোগ

মেলা ঘুরে উদ্যোক্তাদের নান্দনিক সব কাজ দেখে মুগ্ধতা প্রকাশ করেন অভিনয়শিল্পী দীপা খন্দকার। তিনি বলেন, 'উদ্যোক্তারা সুন্দর ভাবনা ও মোটিভ নিয়ে কাজ করছে দেখে আমার অবাক লেগেছে। তাদের কাজগুলো সবার সামনে উপস্থাপন করার জন্য বিপ্লব সাহাকে অবশ্যই প্রশংসা করতে হবে'।

আয়োজক বিপ্লব সাহাকে উদ্যোক্তাদের শিরোমণি বলে আখ্যা দিয়ে প্রশংসা করেন  দিলারা জামান। তিনি বলেন, 'কোনো সৃষ্টিশীল কাজ দেখলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। এখানে নতুন উদ্যোগগুলোর এত আকর্ষণীয় ও মান সম্পন্ন কাজ দেখে খুব ভালো লেগেছে। চারদিকে এত বাধা স্বত্ত্বেও তারা এগিয়ে যাচ্ছে আর বিপ্লব সাহা ওদের এভাবে সঙ্গে থাকলে ওরা আরও প্রচার, প্রসার ও সমৃদ্ধি পাবে আশা করি।'

সোমনূর মনির কোনাল বলেন, 'বিপ্লব সাহা উদ্যোক্তা, ক্রেতা ও অন্যান্য শিল্পীদের একসঙ্গে করার কাজটা ভালো পারেন। আর এখানে এসে উদ্যোক্তাদের মাঝে এত নারী উদ্যোক্তা দেখে আমার আসলে খুব ভালো লাগছে।

উদ্যোক্তারাও বেশ উচ্ছ্বসিত শরৎ হাওয়ায় অংশ নিয়ে।  পোশাকের উদ্যোগ মিতার গল্পের স্বত্বাধিকারী মাসুমা আক্তার মিথিলা বলেন, 'শরৎ হাওয়ার সিজন ১-এও আমরা অংশ নিয়েছিলাম। এখন আমি উদ্যোক্তাভূমির আয়োজক কমিটিরও সদস্য।  প্রতিটি মেলাতেই আমরা থাকি মিতার গল্পের থিমেটিক পোশাক নিয়ে। ক্রেতা ও দর্শনার্থীদের সাড়া আমাদের বরাবরই আপ্লুত করে।'

উদ্যোক্তারাও বেশ উচ্ছ্বসিত শরৎ হাওয়ায় অংশ নিয়ে
উদ্যোক্তারাও বেশ উচ্ছ্বসিত শরৎ হাওয়ায় অংশ নিয়ে

ন্যাচারাল ডাইয়ের ফ্যাশনেবল সব পোশাক নিয়ে মেলায় আছেন শান্তা কবির তার উদ্যোগ আজুরা বাই শান্তা কবির নিয়ে। তিনি বলেন 'এমন প্রদর্শনী আসলে ক্রেতাদের কাছে আসার দারুণ একটা সুযোগ করে দেয়।'

শরৎ হাওয়ায় প্রথমবারের মতো অংশগ্রহণ করেছে গয়নার উদ্যোগ আট কুঠুরি নয় দরজা। উদ্যোগটির স্বত্বাধিকারী হাফসা মোসলেম বলেন, এবারই প্রথম উদ্যোক্তা ভূমির কোনো আয়োজনে অংশ নেওয়া। আশা করছি তিনদিনের এই প্রদর্শনীতে আমরা ভালো সাড়া পাবো।

ছবি: লেখক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪: ৫৪
বিজ্ঞাপন