
দেশীয় ফ্যাশনের স্বকীয়তা, সৃজনশীলতা ও ঐতিহ্যকে একসঙ্গে উদ্যাপন করতে আজ থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশেষ আয়োজন। ফ্যাশন এন্টারপ্রেনিউরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এফইএবি) উদ্যোগে রাজধানীর মাইডাস সেন্টারের ১২ তলায় বসছে প্রদর্শনী ও মেলা। যার নাম- ‘সুতোর গল্প: নিজস্বতায় বোনা উৎসব’। দেশীয় নকশা, কারুকাজ ও সমসাময়িক ভাবনার মেলবন্ধনে সাজানো এই আয়োজন হয়ে উঠেছে ফ্যাশনপ্রেমীদের জন্য এক অনন্য মিলনমেলা। আয়োজনকে ঘিরে একত্র হয়েছেন দেশের প্রথিতযশা ও উদীয়মান ফ্যাশন উদ্যোক্তা ও ব্র্যান্ডগুলো। দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও সমসাময়িক নকশার মেলবন্ধনে তৈরি পোশাক থেকে শুরু করে নানা অনুষঙ্গ—সবকিছুই মিলছে এখানে। আসন্ন ঈদকে সামনে রেখে অংশগ্রহণকারী প্রতিটি প্রতিষ্ঠান হাজির হয়েছে তাদের নতুন ও এক্সক্লুসিভ কালেকশন নিয়ে। মেলায় অংশ নিয়েছে ৩৯টি প্রতিষ্ঠান ও উদ্যোগ । তাদের ঈদ কালেকশন একসঙ্গে প্রদর্শিত হওয়ায় ক্রেতাদের জন্য এটি হয়ে উঠেছে পূর্ণাঙ্গ ঈদ শপিংয়ের এক বিশেষ সুযোগ। একই ছাদের নিচে পছন্দের পোশাক ও অনুষঙ্গ বেছে নেওয়ার সুযোগ আছে এখানে । দেশীয় ফ্যাশন উদ্যোগকে উৎসাহিত করা এবং উদ্যোক্তাদের সৃজনশীল কাজ সরাসরি ক্রেতাদের সামনে তুলে ধরাই এই উৎসবের মূল লক্ষ্য। তাই ‘সুতোর গল্প: নিজস্বতায় বোনা উৎসব’ কেবল একটি প্রদর্শনী বা মেলা নয়, বরং এটি দেশীয় ফ্যাশনের শক্তিশালী এক প্ল্যাটফর্ম। ২১ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলাটি সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রাণবন্ত আয়োজন, রঙিন স্টল আর উৎসবমুখর পরিবেশে জমে উঠেছে প্রদর্শনীর প্রথম দিন। ছবির গল্পে ধরা রইল সেই উচ্ছ্বাসমাখা আমেজ...





























